বাকলিয়ার দুঃখ মিয়াখান সড়ক
চট্টগ্রাম নগরের জনবহুল এলাকা বাকলিয়ার ব্যস্ততম মিয়াখান সড়ক সংস্কারের অভাবে চলচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পাশাপাশি দেখা দিচ্ছে দীর্ঘ যানজট।
খানাখন্দে ভরা সড়কের কারণে ভোগান্তির শেষ নেই বাকলিয়া এলাকার বাসিন্দাদের। দীর্ঘদিন এই সড়ক সংস্কার না হওয়ায় সিটি করপোরেশনের ওপর ক্ষুব্ধ বাকলিয়া এলাকার বাসিন্দারা। তবে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিগগিরই এই সড়ক সংস্কারের কাজ শুরু হবে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, চার বছর আগে করপোরেশনের তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আমলে এই সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ হয়েছিল। তখন উন্নয়নকাজে ব্যয় হয় প্রায় ৭৫ লাখ টাকা।
সড়ক মেরামতের পর পার হয়েছে মাত্র চার বছর। এরই মধ্যে গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। কোথাও কোথাও ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের সবচেয়ে বেশি দুরবস্থা ইছাকেরপুলের নিচের অংশে। এই অংশে কার্পেটিংয়ের লেশমাত্র নেই। একটু পর পর সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। এ কারণে যান চলাচল প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। এ ছাড়া সড়কের বেদায়ার টেক এবং মিয়াখান বাড়ির সামনের অংশেও কার্পেটিং উঠে গেছে।
সড়কের এই দুরবস্থায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় রিকশাচালক মোহাম্মদ ইউসুফ। তিনি প্রথম আলোকে বলেন, রাস্তাজুড়ে খানাখন্দের কারণে প্রতিদিন ঝাঁকুনি সহ্য করে গাড়ি চালাতে হয়। স্থানীয় বাসিন্দা আবু আহমেদ বলেন, রাস্তায় গর্তের কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো সম্ভব হয় না। সতর্ক থাকলেও অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় না।
সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী বশির আহমেদ প্রথম আলোকে জানান, বর্তমানে নগরের বাকলিয়া এলাকার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কয়েকটি সড়ক সংস্কার ও মেরামতের প্রকল্প নেওয়া হয়েছে। মিয়াখান সড়কটিও এই প্রকল্পের আওতায় সংস্কার করা হবে। অন্য সড়কগুলো হচ্ছে বউবাজার সড়ক, ডিসি সড়ক, অছিহমিয়া সড়ক ও ইসমাইল ফয়েজ সড়ক ও মিয়াখান সড়ক। এক দশমিক ৫৫৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কগুলোর উন্নয়নে ব্যয় ধরা হয়েছে তিন কোটি দুই লাখ টাকা।
করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন বেহাল সড়কের কারণে জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সড়কে খানাখন্দ ও কার্পেটিং ওঠে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের কষ্ট হচ্ছে। খুব শিগগির এই দুর্ভোগ নিরসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরেই এই সড়ক উন্নয়নের জন্য কার্যাদেশ দিয়ে সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।
আনোয়ার হোছাইন আরও জানান, সড়কটি তুলনামূলকভাবে নিচু এলাকায় অবস্থিত। তাই বর্ষাকালে বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই এবার সংস্কারের সময় সড়ক উঁচু করা হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. ইয়াছিন চৌধুরী বলেন, রাস্তা সংস্কারের পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসন করা জরুরি হয়ে পড়েছে। তাই রাস্তার আশপাশের খালগুলো খনন করা প্রয়োজন। তা না হলে রাস্তা সংস্কার করেও লাভ হবে না।