বাকলিয়ার বস্তাবন্দী লাশটি শিশু চম্পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস আগে নগরের বাকলিয়া থানা এলাকার একটি খাল থেকে উদ্ধার করা হয়েছিল এক শিশুর বস্তাবন্দী লাশ। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় বেওয়ারিশ লাশ উদ্ধার দেখিয়ে পুলিশ একটি মামলা করে। পরে আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় থানার পুলিশ। মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সেই প্রতিবেদন গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন। সিআইডির পরিদর্শক নুরুল আনোয়ার তদন্তকালে শনাক্ত করেন, শিশুটিকে পরিকল্পিতভাবে খুন করে লাশ বস্তাবন্দী করে খালে ফেলে দেওয়া হয়েছিল। পুলিশি তদন্তে আরও বেরিয়ে আসে, ওই শিশুটি ফিরোজ আহমদ ওরফে সোলায়মান নামের এক ব্যক্তির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করত। তিন সপ্তাহ আগে সিআইডি এসব বিষয়ে নিশ্চিত হয়। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত রোববার দুই মহিলাসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, হাসিনা বেগম, নুর নাহার, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ হাসান ও মো. মোশাররফ হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই পাঁচজন চান্দগাঁও থানার অন্য একটি মামলার আসামি। দুই মহিলা ছাড়া অপর তিনজন এখন কারাগারে আছেন। সিআইডির তদন্ত প্রতিবেদনে বলা হয়, জনৈক সোলায়মান ও তাঁর স্ত্রী গুলনাহার চান্দগাঁও এলাকায় থাকেন। তাঁদের বাসায় চম্পাকে হত্যাকাণ্ডের এক-দেড় মাস আগে গৃহপরিচারিকা হিসেবে নেন। সোলায়মানের আসল নাম ফিরোজ আহমদ। তিনি আসল নাম গোপন করে চান্দগাঁও এলাকায় বাসা ভাড়া নেন। তাঁর গ্রামের বাড়ি রাউজানের নোয়াপাড়া এলাকায়। এলাকায় তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। আর এই হত্যাকাণ্ডের পিছনে উপরোক্ত পাঁচ আসামি জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পুলিশ সূত্র জানায়, শিশু চম্পা খুন হওয়ার এক-দেড় মাস আগে জনৈক সোলায়মান ওরফে ফিরোজ আহমদের বাসায় গৃহপরিচারিকা হিসেবে যোগ দেয়। গত বছরের ১৮ নভেম্বর তার বস্তাবন্দী লাশ পাওয়া যায়। নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘চম্পার পরিচয় পাওয়ার আগে স্থানীয় প্রভাবশালীরা তার লাশ নিয়ে রাজনীতির অপচেষ্টা করে। বিশেষ করে প্রতিপক্ষকে এই লাশের সঙ্গে জড়িয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল। তাই বাকলিয়া থানা পুলিশ তড়িঘড়ি করে চূড়ান্ত প্রতিবেদন দিতে বাধ্য হয়।’