বাকলিয়ার বস্তিতে বাল্য ও বহুবিবাহের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে মক্তব কলোনির আয়েশা আকতার ১৮ বছর বয়সী মো. জসিমকে বিয়ে করেন। তখন আয়েশার বয়স ছিল ১৭। তাঁরা দুজনই প্রকৃত বয়স গোপন করে বিয়ে করেন। এক বছর পরই তাঁদের কোলে আসে এক প্রতিবন্ধী শিশু। তিন বছর বয়সী ওই শিশু এখনো বসতে পারে না। ফলে তাঁদের দুজনের ভোগান্তিরও শেষ নেই। আয়েশা আকতার বলেন, ‘আমাদের বিয়ে ও সন্তানধারণ অপ্রাপ্ত বয়সে হওয়ার কারণেই হয়তো আমাদের প্রতিবন্ধী সন্তান জন্ম নিয়েছে। বিয়ের পর থেকে আমরা নানা অসুস্থতায়ও ভুগেছি।’ একই কলোনির রুবি আকতার গত বছর ১৬ বছর বয়সে বিয়ে করেন কুড়ি বছরের মো. জসিম উদ্দিন। ভালোবেসেই তাঁদের বিয়ে। কিন্তু এটি যে জসিম উদ্দিনের দ্বিতীয় বিয়ে তা জানতেন না রুবি। বিয়ের আট মাস পর বিষয়টি জানাজানি হলে পালিয়ে যান জসিম উদ্দিন। মাস দেড়েক আগে এক কন্যাসন্তানের জন্ম দেন রুবি আকতার। স্বামীর বহুবিবাহের ফলে আজ অনাহারে-অর্ধাহারে বাপের সংসারে দিন কাটাচ্ছেন বলে জানান তিনি। রুবির অভিযোগ, বিয়ের সব কাগজপত্র লুকিয়ে ফেলেছেন জসিম। এ প্রতিবেদক মুঠোফোনে মো. জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিয়ের কথা অস্বীকার করে বলেন, ‘আমি রুবি আকতার নামের কাউকে চিনি না। আমি কোনো বিয়েও করিনি। আমার ছবি পেয়ে থাকলে যা খুশি তাই করেন।’এভাবে বাল্য ও বহুবিবাহের ছড়াছড়ি ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের বস্তিগুলোতে। এখানে ৭০ ভাগ মেয়ের ১৪-১৭ বছরের মধ্যে এবং ৫০ ভাগ ছেলের বিয়ে হয়ে যায় ২০ বছর বয়সের আগে। স্বল্প আয়ের লোকদের এসব বস্তিতে দারিদ্র্য, অশিক্ষা, অসচেতনতা ও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবের কারণে এভাবে বিয়ে হচ্ছে। আবার বস্তিগুলোতে বহুবিবাহের হারও অন্তত ৩০ ভাগ। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই হচ্ছে বহুবিবাহ। বহুবিবাহের ক্ষেত্রে একবার বিয়ের পর পুরুষদের পালিয়ে যাওয়ার হারই বেশি। ফলে নবজাতক নিয়ে কম বয়সী মেয়েদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বস্তির অস্বাস্থ্যকর পরিবেশে। বস্তির জনগণের জীবনযাত্রা নিয়ে কাজ করছে এমন বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর জরিপ থেকে বাল্যবিবাহ ও বহুবিবাহের এই চিত্র পাওয়া যায়। বেসরকারি সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম পরিচালিত চিলড্রেন অ্যাকশন ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্টের (কস) ওয়ার্ল্ডভিত্তিক সাম্প্রতিক জরিপেও এ চিত্র বেরিয়ে আসে। ব্রাইট বাংলাদেশ ফোরামের সমন্বয়ক বশির আহমদ জানান, ‘এখানকার মেয়েদের বাল্যবিবাহের হার শতকরা ৭০ ভাগ। আর ৫০ ভাগ ছেলে ২০ বছরের আগে বিয়ে করে। বহুবিবাহের হার ৩০ ভাগ। আমাদের প্রচারণার ফলে এ সমস্যা কিছুটা কমেছে। তবে লুকোচুরির মাধ্যমে বাল্য ও বহুবিবাহের প্রবণতা দিন দিন বাড়ছে।’গত সপ্তাহে ওয়ার্ডের বউবাজার এলাকার বজল কলোনি, মৌলভি কলোনি, মাহবুব, ফজু, আবুল হোসেন, আক্কাছ, আমির, রাজামিয়া, আবুল হাসান, আবু তাহের, আবুল খায়ের, জাহাঙ্গীর, কবির সওদাগর ও দুবাই কলোনি বস্তি সরেজমিনে ঘুরে বাল্য ও বহুবিবাহের বহু ঘটনা সম্পর্কে জানা যায়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, ছেলে-মেয়েরা জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র বা বিয়ের নিবন্ধনের সময় বয়স বেশি দেখিয়ে বিয়ের নিবন্ধন করান। অনেক ক্ষেত্রে নিবন্ধন ছাড়াই লুকোচুরির মাধ্যমে বিয়ে হয় বলে জানান বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা। মৌলভি কলোনির রূপসী বেগমের ১৬ ও এয়ার হোসেনের ১৭ বছর বয়সে বিয়ে হয় এক বছর আগে। রূপসী বেগম বলেন, ‘আমার বাবা-মায়ের ইচ্ছাতেই আমার বিয়ে হয়। আমি জেনেছি বড় হয়েছি তাই বিয়ের পিঁড়িতে বসতে হবে। লাভ-ক্ষতি এত কিছু বুঝতাম না। রূপসী বেগমের বাবা কুমিল্লার শহীদ মিয়া অল্প বয়সে কেন মেয়ের বিয়ে দিলেন—এমন প্রশ্নের জবাবে বলেন, ‘এত কিছু জানতাম না, সংসারে অভাব ছিল। তাই ভালো ছেলে পেয়ে সুযোগ হাতছাড়া করিনি। ফরজ কাজ আদায় করে ফেলেছি।প্রথম স্ত্রী থাকার বিষয়টি জানার পরও কেন চাচাত ভাই আবদুল হাকিমকে বিয়ে করলেন—এমন প্রশ্নের জবাবে বজল সওদাগর কলোনির ১৬ বছরের কুলসুম বেগম বলেন, ‘আমার স্বামী ও বাবা-মা রাজি ছিল, তাই করেছি। বিয়েতে বয়সের ক্ষেত্রে তো একটু মিথ্যা বলতেই হয়।’ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া কীভাবে বিয়ে করলেন—এমন প্রশ্নের উত্তরে হাকিম বলেন, ‘কাজীকে তো প্রথম স্ত্রীর কথা বলিনি। অশান্তির কারণে বড় বউকে কুমিল্লায় গ্রামের বাড়িতে আর ছোট বউকে এখানে রেখেছি। কলোনির মালিক আবুল হাসান বলেন, ‘এদের বিয়ের জন্য বয়সের বালাই নেই। কাজীকে রাজি করিয়ে কীভাবে যেন সব করে ফেলে। দরিদ্র, অশিক্ষাই এর বড় কারণ।’ বাল্য বিয়ের কারণে নানা প্রজনন সমস্যায় ভোগেন মেয়েরা। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশনের ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা জেন্ডার সহায়ক কর্মকর্তা আয়েশা আকতার বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক মায়েদের প্রজনন ও প্রসব ঝুঁকি মারাত্মক থাকার ধারণা করে। অপুষ্ট শিশুর জন্ম দেয়। এসব কুফলসহ আমরা বাল্য বিয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করি। পাঁচ বছর আগে এখানে বাল্য ও বহু বিয়ে গণহারে হতো। এখন অনেকটা কমেছে।’ স্থানীয় বিয়ে নিবন্ধনকারী মোস্তফা কাজী আলী নেওয়াজ বলেন, গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি ১৫টি অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ে বিয়ে নিবন্ধন না করিয়ে ফেরত দিয়েছি। নিবন্ধন করেছি ৩০টি বিয়ে। জন্ম সনদ না দেখে বিয়ে নিবন্ধন করছি না। ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ইয়াছিন চৌধুরী বলেন, ‘এখানে বাল্য বিয়ে খুব বেশি। এখন এসব দমনে কঠোর হচ্ছি।’ বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা মনজুর মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমি গত এক মাস আগে যোগদানের পর থেকে কোনো অভিযোগ পাইনি। বাল্য ও বহু বিয়ের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।’