বাকলিয়ায় প্রাণের মেলা
বাকলিয়ার চর-চাক্তাই বিদ্যালয় মাঠে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষবরণ অনুষ্ঠান। ১৬ এপ্রিল এ উপলক্ষে বৈশাখী মেলা, বলীখেলা, মেহেদি উৎসব, পিঠা উৎসব, লাটিম খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নূর মোহাম্মদ। বলীখেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে কিশোরীরা মেহেদির রঙে হাত রাঙাতে ভিড় জমায়। আকাশে বর্ণিল ঘুড়ি উড়তে থাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক তৈয়বুর রহমান। মেলা কমিটির সদস্যসচিব শাহরিয়ার খালেদের সঞ্চালনে অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য মো. শামসুদ্দিন, সাবেক সংসদ সদস্য এম কফিলউদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, অধ্যাপক শায়েস্তা খান, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক ও রাজনীতিক বখতেয়ার নূর সিদ্দিকী বক্তব্য দেন। বলীখেলায় যুগ্মভাবে বিজয়ী হন মহেশখালীর মাহবুবুল করিম ও উখিয়ার কলিমউল্লাহ। মেলা উপলক্ষে চর-চাক্তাই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ইদ্রিস আলমকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন মাটি ও মানুষের শিল্পী কাঙালিনী সুফিয়া, আবদুর রহিম ও শিমুল শীল। এ ছাড়াও হলিলালের পুঁথিপাঠ, কবিয়াল ইউসুফ ও তাঁর দলের কবিগান, শুভ্রা সেনগুপ্তা ও তাঁর দলের নৃত্য আর রাশেদ হাসানের আবৃত্তি সবার মন ভরিয়েছে। লোকগানে অংশ নেন ইকবাল হায়দার, শঙ্কর দে, আলাউদ্দিন তাহের, সুতপা চৌধুরী, জাহেদ হোসেন, প্রেমসুন্দর বৈষ্ণব, শুস্মিতা, লিটন সেন প্রমুখ।