বাকলিয়ায় মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান
উন্নয়ন জনবান্ধব করতে হলে সবার মতামতের ভিত্তিতেই এগোতে হবে
নগর উন্নয়নের মহাপরিকল্পনা পর্যালোচনাবিষয়ক কার্যক্রমের ধারাবাহিকতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে বাকলিয়া ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা গত শুক্রবার চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, মহাপরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ দলিল। এ সম্পর্কে নগরের মানুষের সচেতন হওয়া প্রয়োজন। জনগণের অংশ গ্রহণ থাকলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হয়ে ওঠে। উন্নয়ন জনবান্ধব করতে হলে সবার মতামতের ভিত্তিতেই এগোতে হবে।
তিনি আরও বলেন, ‘আগামী প্রজন্মের জন্য স্বাচ্ছন্দ্যময় নগর রেখে যাওয়া আমাদের কর্তব্য। স্বপ্নের চট্টগ্রাম নগর গড়তে সবাইকেই সচেতন হতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ ঈসা আনসারী, ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী, মহিলা কাউন্সিলর ফারজানা পারভীন, সমাজসেবী কে বি এম শাহজাহান, ছিদ্দিক আলম, নুরুল আজিম, আজিজুর রহমান, মহিউদ্দিন মহিন, গোলাম রব্বানী, মো. জসিম, আবদুল মন্নান প্রমুখ। বিজ্ঞপ্তি