বাকিতে বাসের টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ২০১৩ সাল। ঈদ আর মাত্র পাঁচ দিন বাকি। তখনো ভার্সিটি বন্ধ হয়নি, তাই বাড়ি যাওয়াও হয়নি। ঈদের চার দিন বাকি থাকতেই ভার্সিটি বন্ধ হয়ে গেল। আমিও খুব খুশিমনে ব্যাগ গুছিয়ে রাখলাম, অপেক্ষা শুধু রাত পোহানোর। সিদ্ধান্ত নিলাম সকাল হলেই যাত্রা শুরু করব। খুশিমনেই সাহরি খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর আগে মোবাইলে সকাল সাতটার অ্যালার্ম দিয়ে রাখলাম।

মোবাইলে অ্যালার্ম বাজার কথা অথচ বাজছে না, ব্যাপার কী? মোবাইল রাখার জায়গায় হাত দিয়ে দেখি মোবাইল নেই! রুম ভেতর থেকে শক্ত করে লক করা, অন্য কারও রুমে প্রবেশ করাও সম্ভব নয়। আর রুমে আমি একা, তাহলে ফোন কোথায় গেল? জানালার দিকে তাকিয়ে বুঝতে পারলাম, আমার মোবাইল চুরি হয়ে গেছে।

বাড়ি যাওয়ার সময় হয়ে এল কিন্তু মানিব্যাগ খুলে দেখলাম মাত্র ৫৫ টাকা আছে, কেননা আগের দিন কেনাকাটা করে সব টাকা শেষ হয়ে গেছে। আমার বাড়ি যাওয়ার ভাড়া জমা আছে মোবাইল ব্যাংকে। মোবাইল চুরি হওয়ায় টাকা তোলাও সম্ভব না আর কারও কাছ থেকে ধার নেওয়ার প্রশ্নই আসে না। কেননা তত দিনে মেসের সব বন্ধু বাড়ি চলে গেছে। তখন বাসা ছিল মিরপুর। ২০ টাকা ভাড়া দিয়ে মহাখালী বাসস্ট্যান্ডে আসি। বাসের কন্ডাক্টর পরিচিত ছিল, তাই তাদের সমস্যার কথা বলে বাকিতে টাঙ্গাইল যাওয়ার টিকিট কাটি। অবশেষে যখন বাড়ি পৌঁছাই, তখন মনে হয় বিশ্ব জয় করে বাড়ি ফিরলাম।