বাক্স্বাধীনতা ও বাঁকস্বাধীনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাক্ ও বাঁক—এই দুটি বিষয়ই আমাদের জীবনে মহা গুরুত্বপূর্ণ। বাক্‌স্বাধীনতা বিষয়টি বাঁকাভাবে দেখলে মোটেও ভালো কিছু নয়। আবার অনেক ক্ষেত্রে সোজাসাপ্টা বাক্স্বাধীনতাও অনেকে বাঁকাভাবে নেয়! তাই আজ বাক্স্বাধীনতা ও বাঁকস্বাধীনতা নিয়ে আলোচনা করছেন মোস্তফা মনোয়ার
.
.

লোকাল বাসে বাক্ ও বাঁকস্বাধীনতা

এখানে বসে আপনি যা খুশি তা-ই বলতে পারেন না। অথচ লোকাল বাস চাইলেই বাঁক নিতে পারে।

.
.

বোলার বোলিং করার সময় বাক্ ও বাঁকস্বাধীনতা
ক্রিকেটার বল করার সময় ব্যাটসম্যানকে উদ্দেশ করে যা খুশি তা বলতে পারেন না। সেই বাক্স্বাধীনতা তাঁর নেই। কিন্তু বল করার সময় বাঁক নিতে পারে বোলারের যেকোনো ডেলিভারি। তবে বোলারের কনুই যদি একটা নির্দিষ্ট কোণের চেয়ে বেশি বেঁকে যায়, তাহলে আবার ঝামেলা!

.
.

গাছের ক্ষেত্রে বাক্ ও বাঁকস্বাধীনতা
‘বন উজাড় করে স্থাপিত হচ্ছে বিদ্যুৎকেন্দ্র’—এমন খবর শুনে কিছু বলতে পারবেন না আপনি। আপনার সেই বাক্স্বাধীনতা নেই। কিন্তু গাছের ডাল দেখুন কী সুন্দর বাঁকস্বাধীনতা কাজে লাগিয়ে বেঁকে যায় যেদিক খুশি সেদিকেই।

.
.

প্রশ্নের ক্ষেত্রে বাক্ ও বাঁকস্বাধীনতা
‘পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে’—এমন কোনো কথা বলা একেবারেই নিষেধ! কারণ, এ ধরনের গুজব ছড়ালে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে যথাযথ কর্তৃপক্ষ। এ ক্ষেত্রেও আপনার বাক্স্বাধীনতা নেই। কিন্তু পরীক্ষার প্রশ্নে স্যাররা কী বাঁকা বাঁকা প্রশ্নই না করেন, যেগুলোর উত্তর দিতে গিয়ে নাভিশ্বাস উঠে যায় শিক্ষার্থীদের।

.
.

ঘি তোলার ক্ষেত্রে বাক্ ও বাঁকস্বাধীনতা
বাঁকস্বাধীনতাও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। যেমন ধরুন আপনি ঘি তুলবেন, সোজা আঙুলে ঘি তুলতে পেরেছে কেউ ইতিহাসে? ঘি তোলার জন্য দরকার বাঁকা আঙুল, এ ক্ষেত্রে বাঁকস্বাধীনতা আছে আপনার জন্য। কিন্তু আঙুল তো আর অর্ডার করে ঘি তুলতে পারে না। আঙুলের বাক্শক্তি নেই, বাক্স্বাধীনতা তো পরের ব্যাপার।