বাগবোর ক্ষমতায় থাকার কৌশল
শেষ রক্ষা হলো না আইভরি কোস্টের ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লরা বাগবোর। ফরাসি বাহিনী অভিযান চালিয়ে তাঁকে আটক করে। বাগবোকে নির্বাচনে জয়ী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারার অনুগত বাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে। ওয়াতারা তাঁর বিচার করার ঘোষণা দিয়েছেন।জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ও ফ্রান্সের সহায়তা নিয়েও ওয়াতারা বাহিনী এত দিন বাগবোর পতন ঘটাতে পারছিল না। তাই অনিবার্যভাবে প্রশ্ন ওঠে, কোন শক্তি বা কৌশলে টিকে ছিলেন বাগবো? আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে বাগবোর বাসভবনটি ছিল সুরক্ষিত দুর্গের মতো। কয়েক দফা সেখানে হামলা চালায় প্রতিপক্ষ ওয়াতারা বাহিনী। ফ্রান্সও বিমান হামলা চালায়। বাড়িটি অবরোধ করেও রাখা হয় কিছুদিন। কিন্তু বাগবো তাঁর সুরক্ষিত ওই বাসভবনে এমন সব ব্যবস্থা রেখেছিলেন, যাতে চার মাস পর্যন্ত অবরুদ্ধ থাকলেও তাঁর কোনো সমস্যা না হয়। বাগবো চাচ্ছিলেন, ওয়াতারা বাহিনী জাতিসংঘ ও সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সমর্থন নিয়ে তাঁকে সেখানে অবরুদ্ধ করেই রাখুক। এর ফলে দেশের জনগণের মধ্যে জাতীয়তাবাদী ভাবাবেগ তৈরি হবে, যা ফ্রান্সের সহায়তা নেওয়া ওয়াতারার বিপক্ষে যাবে। বাগবোর ক্ষমতা আঁকড়ে থাকার একটি দিক ছিল সাংবিধানিক। পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথও নিয়েছিলেন। আইভরি কোস্টের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করলে বা মারা গেলে পার্লামেন্টের স্পিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তাই বাগবো মারা গেলে বা পদত্যাগ করলেও ওয়াতারা ক্ষমতা নিতে পারতেন না। আর বাগবোর স্বাক্ষর ছাড়া ওয়াতারা প্রেসিডেন্ট হিসেবে বৈধতাও পাবেন না। এ কারণে বাগবো নিশ্চিত ছিলেন তাঁকে মেরে ফেলার মতো কোনো হামলা চালাবে না ওয়াতারা বাহিনী। আইভরি কোস্টে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশটির স্থপতি প্রেসিডেন্ট ফেলিক্স হাউফাউয়েট বোইগনির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করেন বাগবো। সেই আন্দোলনের কারণে তাঁকে কারাবরণ করতে হয়। সেই সময় ওয়াতারা প্রেসিডেন্ট ফেলিক্সের প্রধানমন্ত্রী ছিলেন। তাই বাগবো দেশটির গণতন্ত্রকামীদের সমর্থন পাবেন বলেও আশা করেছিলেন। আরেকটি বিষয় হয়তো ধরে নিয়েছিলেন লরা বাগবো। ওয়াতারার বাহিনী সাবেক বিদ্রোহী ও জাতিগত মিলিশিয়াদের সমন্বয়ে গঠিত। আর ফ্রান্স ও জাতিসংঘ বাহিনীও খুব বেশি দিন আইভরি কোস্টে থাকতে পারবে না। বিপরীতে বাগবোর সেনারা তাঁর প্রতি নিবেদিতপ্রাণ। একটা সময় বহির্বিশ্বেরও অন্তত কিছু সমর্থন নিজের পক্ষে আসবে বলে সম্ভবত ধারণা করেছিলেন বাগবো। এর কারণ, আইভরি কোস্টে জাতিসংঘ বাহিনীর বিমান হামলার সমালোচনা করেছিল নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও অস্থায়ী সদস্য দক্ষিণ আফ্রিকা। দেশটিতে সামরিক অভিযান চালানোর জন্য জাতিসংঘের প্রস্তাবে সমর্থন দেয়নি তারা। মাহফুজার রহমান