বাগান থেকে মহাকাশ
(পূর্ব প্রকাশের পর)

মহাকাশের গ্রহ-নক্ষত্র নিয়ে মানুষের কৌতূহল আজকের নয়, পুরাকাল থেকেই। বর্তমান যুগে আমরা যেমন অমাবস্যার রাতে আকাশের দিকে তাকিয়ে অবাক বিস্ময়ে সপ্তর্ষিমণ্ডল আর নক্ষত্ররাজির মিটিমিটি আলোর রহস্য ভেদ করার চেষ্টা করি, আদিযুগের মানুষেরাও ঠিক একইভাবে তারাদের গতিবিধি বোঝার চেষ্টা করতেন। এ যুগে আমাদের হাতে হাজারটা যন্ত্র আছে দূর দূর নক্ষত্র, যা খালি চোখে দেখা কারও পক্ষেই সম্ভব নয়, সেটা দুরবিন দিয়ে অনায়াসে দেখতে পারা। সে যুগের মানুষ তাই খালি চোখে যা দেখতেন, তারই ওপর ভরসা করে প্রকৃতির ধারা-প্রকৃতি সম্বন্ধে একটা সিদ্ধান্তে পৌঁছে যেতেন। তাঁরা দেখতেন চন্দ্রগ্রহ কীভাবে প্রতি মাসে নিয়মিত উদয় হচ্ছে আকাশে ছোট্ট কাস্তের আকারে, তারপর দুই সপ্তাহের মধ্যে বৃদ্ধি পেতে পেতে পূর্ণ গোলাকার মূর্তিতে আকাশ-পাতাল উজাড় করে দিচ্ছে আলোয় আলোয়। সেই যে সুনির্দিষ্ট সময়ান্তর প্রতি মাসে একইভাবে উদয় হওয়া, পূর্ণ হওয়া আবার বুজে যাওয়া, সেই পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় চান্দ্র বত্সর। প্রাচীন যুগে প্রায় সব দেশেই চান্দ্র বত্সরের ব্যবহার ছিল। এখন কোথাও তা ব্যবহার করা হয় না, যদিও ধর্মীয় অনুষ্ঠানাদিতে প্রায় প্রতিটি মুসলিমপ্রধান ও ইহুদি রাষ্ট্র ইসরায়েলে চান্দ্রিক বত্সর অবধারিতভাবে প্রচলিত আজও পর্যন্ত। ইহুদিদের ইহুদি পঞ্জিকা আর মুসলমানদের হিজরি পঞ্জিকা পুরোপুরিই চন্দ্রানুসারী।
আধুনিক যুগে যেমন পাশ্চাত্য সভ্যতা জ্ঞান-বিজ্ঞানের সর্বক্ষেত্রেই অগ্রসর প্রাচ্যের অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর তুলনায়, মধ্য যুগের আগ পর্যন্ত পরিস্থিতি ছিল ঠিক তার বিপরীত—পশ্চিমই বরং ছিল অনেক পশ্চাতে। বিশেষ করে ভারত, চীন এবং সর্বোপরি মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রসমূহের তুলনায়। সে সময় ইসলামিক সভ্যতার স্বর্ণযুগ—জ্ঞান-বিজ্ঞানের সর্ববিষয়ে তাঁরাই ছিলেন নেতৃস্থানীয়। ওদিকে ভারতের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ আর্যভট্ট ৪৯৯ খ্রিষ্টাব্দে বিশ্বকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের পরিবর্তে একটি সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ডের মডেল তুলে ধরলেন সর্বসমক্ষে। শুধু তা-ই নয়, তিনি এও বললেন যে পৃথিবী কেবল সূর্যের চারদিকে প্রদক্ষিণই করে না, প্রতিদিন নিজেরই একটা কক্ষপথে একবার করে ঘুরপাক খায়। তারপর ১০০০ সালে আরব জগতের বিখ্যাত গবেষক আবু রায়হান বিরুনি প্রায় একই প্রস্তাব দাঁড় করালেন সুধীসমাজে, সম্ভবত আর্যভট্টের ঘোষণা সম্বন্ধে সম্পূর্ণ অনবহিত থেকেই। (সেকালে ইন্টারনেটের গুগুল সার্চ মেশিন দূরে থাক, কাগজের ব্যবহারই শুরু হয়নি)। দুঃখের বিষয় যে পরবর্তী সময়ে বিরুনি তাঁর অগ্রমুখী মতামত থেকে দূরে সরে গিয়ে গতানুগতিক বিশ্বাস, অর্থাত্ বিশ্বকেন্দ্রিকতা এবং চান্দ্র বত্সরে ফিরে গেলেন। তারপর ১৩০০ সালের দিকে নাজম আল-দিন আল-কাতিবি নামে এক গবেষক নানা রকম ছবিটবি এঁকে প্রমাণ করতে চাইলেন যে পৃথিবী আসলেই সূর্যের চারদিকে ঘোরে, উল্টোটা নয়। কিন্তু তিনিই বা কী কারণে বিরুনির মতো গতানুগতিক ধারায় ফিরে গেলেন, সেও এক রহস্য বটে।
এসব পরীক্ষা-নিরীক্ষা কি সব বিফল ছিল তাহলে? একবার এটা, একবার ওটাতে বিশ্বাস করে তাঁরা কি মানুষকে বিভ্রান্ত করছিলেন? মোটেও না। গবেষণা কখনোই ব্যর্থ হয় না, যদিও তার ফলাফল সব সময় সত্য নাও হতে পারে। দেখা গেল যে আল-কাতিবির সেই বর্জিত আঁকাজোকাগুলো বিস্তারিতভাবে ব্যবহার করেছিলেন পোল্যান্ডের নিকোলাস কপারনিকাস (১৪৭৩-১৫৪৩) নামে এক বিজ্ঞানমনস্ক জ্যোতির্বিদ, যদিও কথাটি স্পষ্ট করে উল্লেখ করা হয়নি কোথাও (তাঁর নিজের আঁকা ছবির সঙ্গে কাতিবির ছবিগুলো অবিকল মিলে যাওয়াতেই বিজ্ঞানের ঐতিহাসিকেরা এমন একটা সিদ্ধান্তে পৌঁছে গেছেন)। কপারনিকাসের প্রণীত গ্রন্থ On the Revolution of Celestial Spheres (১৫৪৩) বলতে গেলে পশ্চিমা বিশ্বে এক অভূতপূর্ব বৈজ্ঞানিক বিপ্লবের সূচনা করে। খ্রিষ্টান চার্চের তত্কালীন টলেমি ও অ্যারিস্টোটলভিত্তিক ভূকেন্দ্রিক তত্ত্বের অনড় বিশ্বাসের ভিত্তি নড়িয়ে তিনিই প্রথম স্থির বিশ্বাসের ওপর বুদ্ধি ও যুক্তির প্রাধান্য স্থাপন করে দিলেন। বইটি প্রকাশ লাভের অব্যবহিত পরই তিনি মারা যান। সম্ভবত মৃত্যু তাঁকে বাঁচিয়ে দিয়েছিল চার্চের অপরিসীম লাঞ্ছনা, এমনকি দৈহিক অত্যাচারের কবল থেকে। তাঁর মতামত সমর্থন করার কারণেই সমসাময়িক বেশ কজন খ্যাতনামা ব্যক্তির ভাগ্যে অসীম দুর্ভোগ নেমে এসেছিল, মহামান্য গ্যালিলিও তা থেকে রেহাই পাননি। কিন্তু চার্চ রুদ্ধ করতে পারেননি প্রগতির পথ। বুদ্ধিকে যদি তার নিজস্ব নির্বাধ পথে অগ্রসর হতে না দেওয়া হয়, তাহলে সে জাতি আত্মদহনে কালে কালে নির্বাপিত হয়ে যেতে বাধ্য। ইউরোপীয় সভ্যতা তার জাজ্বল্যমান দৃষ্টান্ত। কেবল ইউরোপিয়ানই বা বলব কেন, প্রাক-মধ্যযুগের ইসলামিক সভ্যতারও তো প্রায় একই ইতিহাস। ইসলামের যে বর্তমান বাধার দেয়াল দাঁড় করানো জ্ঞান-সাধনার প্রতিটি ক্ষেত্রে সেই বাধা-নিষেধগুলো সে সময় ছিল না। এবং ছিল না বলেই আজকে আমরা ‘ইসলামিক সভ্যতা’ বলে একটা যুগের কথা গর্বের সঙ্গে স্মরণ করতে পারি।
এবার আসুন আমরা সেই পুরোনো প্রশ্নে ফিরে যাই—কার আগে কে কী করেছিলেন। মাধ্যাকর্ষণ শক্তি এবং বিশেষ করে বিপরীত বর্গনীতি, উভয় আবিষ্কারের জন্যই আদি জনক হলেন রবার্ট হুক। অথচ নিউটন যখন তাঁর মাধ্যাকর্ষণতত্ত্ব এবং অন্য বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সুবিন্যস্তভাবে প্রকাশ করেন ১৬৮৭ সালের ৫ জুলাই, তাতে তিনি হুক সাহেবের নাম উল্লেখ করেছিলেন বটে, কিন্তু ‘জনক’-এর গৌরব তাঁর সঙ্গে ভাগাভাগি করতে প্রস্তুত ছিলেন না। বেচারা হুক। বিপরীত বর্গনীতি, আসলে কি নিউটন সাহেব নিজে থেকেই টের পেয়েছিলেন বাগানের গাছ থেকে আপেল পড়ার পর, না, তাঁর পেছনে একটা কাহিনি ছিল, যা তাঁকে সাহায্য করেছিল সেটাকে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত করতে। দেখা যায় যে রবার্ট হুক নামের এক সহব্রিটন (আমরা যারা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে ‘হুকস ল’ নামে একটা সূত্র অধ্যয়ন করেছি, তাদের কাছে নামটি মোটেও অপরিচিত নয়) মাধ্যাকর্ষণ শক্তি সম্বন্ধে কেবল অবহিতই ছিলেন না, এ শক্তি যে বিপরীত বর্গনীতি পালন করে সেই মর্মে পেপারও লিখেছিলেন এবং সে পেপারটি ব্রিটেনের সম্মানিত প্রতিষ্ঠান ‘রয়েল সোসাইটি’তে পাঠ করেছিলেন ১৬৭০ সালের ২১ মার্চ তারিখে। তদুপরি পেপারটি তিনি স্বয়ং আইজ্যাক নিউটনের কাছে ডাকযোগে প্রেরণ করেছিলেন ১৭৬৯ খ্রিষ্টাব্দে। এতে কি প্রমাণ হয় যে মাধ্যাকর্ষণ শক্তির সত্যিকার জনক ছিলেন রবার্ট হুক, নিউটন নন? নিউটনের বৈজ্ঞানিক নিবন্ধসমূহ (মাধ্যাকর্ষণ শক্তিসহ) মুদ্রিত আকারে প্রকাশলাভ করে ১৬৮৭ খ্রিষ্টাব্দে, সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ Philosophiae Naturalis Principia Mathematica-তে। তাতে মাধ্যাকর্ষণ শক্তি ও বিপরীত বর্গনীতির আইডিয়াটির আদ্যোপান্ত ইতিহাস সবিস্তারে বর্ণনা করেছিলেন এবং হুক সাহেবের যেটুকু কৃতিত্ব প্রাপ্য বলে মনে হয়েছিল, সেটুকু স্বীকৃতি দেওয়ায় মোটেও কার্পণ্য করেননি। রবার্ট হুকের রয়েল সোসাইটিতে পড়া পেপার এবং তাঁর ব্যক্তিগত পত্র সবই তিনি উল্লেখ করেছেন, যা আত্মসম্মানবোধসম্পন্ন যেকোনো গবেষকের জন্য অত্যন্ত স্বাভাবিক এবং পেশাগতভাবে শোভন ও অভীষ্ট। কিন্তু তা সত্ত্বেও মাধ্যাকর্ষণ শক্তি, বিপরীত বর্গতত্ত্ব এবং এ-সংক্রান্ত যাবতীয় তথ্যের মূল আবিষ্কারক হিসেবে তাঁর নিজস্ব দাবি প্রত্যাহার করতে রাজি ছিলেন না। তাঁর যুক্তিটা ছিল এ রকম: ঠিক আছে, মানছি যে রবার্ট হুক এবং তাঁর আগে আরও দু-একজন গবেষক এই শক্তির অস্তিত্ব অনুভব করেছিলেন, এমনকি এই শক্তি যে দূরত্বের সঙ্গে বিপরীত বর্গের নিয়মে হ্রাসপ্রাপ্ত হয়, সেটাও তাঁদের কাজের মধ্যে প্রকাশ পেয়েছে। কিন্তু এই তথ্যগুলো যে সত্যি সত্যি প্রকৃতির সব পদার্থের বেলায় প্রযোজ্য, তার কোনো প্রমাণ তাঁরা দেননি। কোনো গাণিতিক গণনাকার্য দ্বারা তাঁদের সিদ্ধান্তগুলোকে সুদৃঢ় যুক্তির ওপর প্রতিষ্ঠিত করে যেতে পারেননি। তিনি বললেন যে তত্ত্বগুলোর নির্ভুল প্রমাণের জন্যে বিজ্ঞানসম্মত পরীক্ষা-নিরীক্ষা দরকার। যেহেতু মাধ্যাকর্ষণ শক্তির কারণেই গ্রহ-নক্ষত্রের নিত্য এবং নিয়মিত প্রদক্ষিণ, বিশেষ করে আমাদের সৌরমণ্ডলের সূর্যের চারদিকে পৃথিবীসহ অন্যান্য গ্রহের বার্ষিক আবর্তন, সেসব চাক্ষুষ তথ্যাবলির সঙ্গে হুবহু না হলেও অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ না হওয়া পর্যন্ত কোনো তত্ত্বই গ্রহণযোগ্যতা অর্জন করে না। তিনি যেসব তত্ত্ব দাঁড় করিয়েছেন তা সেই কাজটি অত্যন্ত সফলভাবে করে, কিন্তু হুক বা তাঁর পূর্ববর্তী অন্য গবেষকেরা সে ধরনের পাকাপাকি কোনো যুক্তি দাঁড় করাতে পারেননি। উপরন্তু নিউটন যুক্তিসংগতভাবেই দাবি করলেন যে তিনি বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ইউহান কেপলারের (১৫৭১-১৬৩০) প্রামাণিক তথ্যসমূহ ব্যবহার করে দেখিয়েছেন যে তাঁর গাণিতিক ফলাফলের সঙ্গে সেগুলো সুন্দরভাবে মিলে যায়। সর্বোপরি তিনি গণিতের যে অংশটি আবশ্যিকভাবেই ব্যবহার করেছিলেন, সেটা তাঁর আগে কেউ ব্যবহার করতে পারেননি। কারণ, তাঁর প্রণেতা নিউটন স্বয়ং ক্যালকুলাস বা কলনশাস্ত্র।
কিন্তু কেপলারের পরীক্ষিত তথ্যগুলো কী, সেটা তো বলা হলো না এখনো। কেপলার সম্পূর্ণ নিজের কল্পনাতেই সৌরমণ্ডলের গ্রহ-উপগ্রহগুলোর গতিবিধি নির্ধারণ করতে পেরেছিলেন তা নয়। সে কালের বড় মাপের জ্যোতির্বিজ্ঞানী এবং কেপলারের পূর্বসূরি ছিলেন টাইকো ব্রাহি (১৫৪৬-১৬০১) নামের এক অসাধারণ প্রতিভাধর বিজ্ঞানী। তাঁর জন্ম ডেনমার্কে, যদিও তাঁর জন্মস্থানটি বর্তমানে সুইডেনের অংশ। তিনি ছিলেন দুরবিনের পোকা—সারাক্ষণ দুরবিন নিয়ে মজে থাকতেন আকাশের তারাদের গতিপথ আবিষ্কারের আশায়। একটু রগচটা প্রকৃতির মানুষ ছিলেন ভদ্রলোক—কারও সঙ্গেই খুব একটা সুসম্পর্ক রাখতে পারতেন না। এমনকি ডেনমার্কের রাজার সঙ্গেও রাগারাগি করে দেশ ছেড়ে চলে গেলেন চেকোশ্লাভাকিয়ার প্রাগ শহরে। সেখানে তাঁকে অবাধ স্বাধীনতা দেওয়া হয় মনের খুশিতে গ্রহ-নক্ষত্রের দিকে দুরবিন উঁচিয়ে তাকিয়ে থাকার। বেশ বড় রকমের একটা প্রেক্ষাগৃহও তৈরি করে দিয়েছিলেন প্রাগের তত্কালীন শাসনকর্তা। একা একা সব কাজ কুলিয়ে উঠতে পারছিলেন না বলে ইউহান কেপলার নামের এক মেধাবী জার্মান তরুণকে নিযুক্ত করলেন সহকারী হিসেবে। সেটা ছিল ১৬০০ খ্রিষ্টাব্দ। শুরুতেই দুই প্রতিভার ঠোকাঠুকি লেগে গেল, প্রধানত কেপলারের পারিতোষিক নিয়ে। যা-ই হোক, সেটা মীমাংসা হয়ে যাওয়ার পর দুই বিজ্ঞানী উঠে-পড়ে লেগে গেলেন সৌরমণ্ডলের সঠিক প্রকৃতি নির্ধারণ করার কাজে। ভাগ্যের এমনই লিখন যে তার ঠিক এক বছর পরই মান্যবর ব্রাহি অন্তর্ধান করেন। তাঁর অবর্তমানে প্রাগের বিচক্ষণ শাসনকর্তা কেপলারকেই নিযুক্ত করে ফেললেন ব্রাহির স্থলে। কেপলার ব্রাহির দুরবিনলব্ধ বেশ কিছু তথ্য সৌরমণ্ডলের নিয়মকানুন হিসেবে গ্রহণ করে দুটি সূত্রের ওপর আস্থা স্থাপন করেন। সেগুলো এ রকম:
১. সৌরমণ্ডলের সব গ্রহ (পৃথিবীসহ) অধিবৃত্ত পথে প্রদক্ষিণ করে সূর্যের চারপাশে (কপারনিকাসের ধারণা ছিল, গ্রহপথগুলো বৃত্তাকার। বৃত্তের প্রতি পুরাকাল থেকেই মনীষীদের একটা দারুণ পক্ষপাতিত্ব ছিল। তাঁরা ভাবতেন যে বৃত্ত, গোলক—এগুলো হলো ‘নিখুঁত’, এবং যেহেতু সৃষ্টিকর্তার পরিকল্পনায় খুঁত থাকা সম্ভব নয় সেহেতু বিশ্বব্রহ্মাণ্ডে যাবতীয় জ্যামিতিক আকৃতিকেও নিখুঁত হতে হবে। কপারনিকাস নিজেও সেই আদর্শ বিশ্বাস করতেন)।
২. এই প্রদক্ষিণের বেগটা এমন যে গ্রহ থেকে সূর্য বরাবর একটি সরলরেখা আঁকতে পারলে দেখা যাবে যে রেখাটি সমান সমান সময়ে সমান সমান এলাকা অতিক্রম করে যাচ্ছে।
তিনি দাবি করেন যে সূত্রগুলো দুরবিনের সূক্ষ্ম পর্যবেক্ষণ দ্বারা দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর নির্ধারণ করা হয়েছে। এই ঘোষণাটির সময়কাল ছিল ১৬০৯ সাল। কেপলারের তৃতীয় একটি সূত্র আছে:
৩. সূর্যের চারপাশে পুরো একবার ঘূর্ণনের জন্য যে সময় ক্ষেপণ হয় তার বর্গ হলো তার অধিবৃত্তটির পরাক্ষের অর্ধাংশ নিয়ে তার তৃতীয় মাত্রার সমানুপাতিক সম্পর্কে সংযুক্ত। এতে করে প্রতিটি গ্রহের সৌরবত্সরের সঙ্গে তাঁর জ্যামিতিক অধিবৃত্তের সরাসরি সম্পর্ক স্থাপিত হয়ে যায়। অর্থাত্ সূর্য থেকে দূরত্ব যত হবে, ততই লম্বা হবে তার বত্সর। সেটা হয়তো সাধারণ বুদ্ধিতেই বুঝে নেওয়া যায়, কিন্তু ঠিক কী নিয়মে তা ঘটে, সেটা কেপলারের দুরবিন তাঁকে সে সিদ্ধান্তে পৌঁছে দিতে সাহায্য করে। উল্লেখ্য যে এই সূত্রটি পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত করতে তাঁকে পুরো ১০ বছর ধরে চিন্তাভাবনা করতে হয়েছিল। এর প্রকাশকাল ছিল ১৬১৯ খ্রিষ্টাব্দ।
এখন কথা হলো রবার্ট হুক কেপলারের সূত্রগুলো সম্বন্ধে জানতেন কি না কিছু। যদি বা জেনে থাকেন, তার ব্যবহার প্রকাশ পায়নি তাঁর সপ্তদশ শতকের সপ্তম দশকের প্রকাশিত গবেষণার মধ্যে। খুব সম্ভব উপায়ও ছিল না তাঁর এবং সে কারণেই হয়তো তাঁর বৈজ্ঞানিক ঘোষণাগুলো কোনো পরীক্ষাগারিক তথ্য দ্বারা সমর্থন করতে সক্ষম হননি। নিউটন তা পেরেছিলেন। কারণ, তাঁর হাতে তখন এক মোক্ষম হাতিয়ার তৈরি হয়েছিল, যার নাম ক্যালকুলাস, যেটা তাঁর নিজেরই আবিষ্কার। উপরন্তু তাঁর কাছে দ্বিতীয় আরেকটি মোক্ষম অস্ত্র ছিল—বস্তুর গতিসূত্রত্রয় (Three laws of Motion), যা নিউটনের নিজেরই উদ্ভাবন। ক্যালকুলাসের সঙ্গে গতির ত্রিসূত্র ব্যবহার করে তিনি অনায়াসে দেখিয়ে দিলেন যে গাণিতিক গণনার সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত বর্গসূত্র জুড়ে দিলে কেপলারের সৌরমণ্ডলের গতিবিষয়ক তিনটি সূত্রই অনায়াসে বের হয়ে আসে, যা বর্তমান যুগের স্নাতক শ্রেণীর ছাত্রছাত্রীরা ঘরে বসেই কষে ফেলতে পারে। ইউনিভার্সিটির ফলিত গণিতের ক্লাসে আমি নিজেও করেছি সেটা। অবশ্য নিউটন গোড়াতে যে পদ্ধতি ব্যবহার করেছিলেন কেপলারের সূত্র প্রমাণ করতে তাতে ক্যালকুলাস প্রয়োগ করা হয়নি, প্রয়োগ করেছিলেন সে কালের জনপ্রিয় জ্যামিতিক পদ্ধতি। সেটা আজকের ছেলেমেয়েদের জন্য চট করে বুঝে ফেলা সহজ হবে না। বলা যায়, তাঁর জ্যামিতিক যুক্তিগুলো বেশ জটিলই মনে হবে এ যুগের ছেলেমেয়েদের কাছে।
এখন প্রশ্ন দাঁড়ায়, গ্রামের বাড়ির আপেলবাগানে যখন গাছ থেকে আপেল পড়ে গেল তাঁর মস্তক বরাবর, তখন কি তিনি আগেকার গবেষকদের মাধ্যাকর্ষণবিষয়ক চিন্তাভাবনার কথা জানতেন? সে সময় তাঁর বয়স ২৪, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা ও গণিতের সেরা ছাত্র। ফ্রান্সের ইসমায়েল আর আরব বিজ্ঞানীদের কাজের কথা শুনেও থাকতে পারেন। কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি যে বিপরীত বর্গের আইন পালন করে, সেটা কেউ হলপ করে বলতে পারেননি। কারণ, তাঁদের কাছে কোনো প্রমাণ ছিল না। পূর্ববর্তী বিজ্ঞানীরা কেউ কেউ অনুমান করে বলেছেন বিপরীত বর্গের কথা, এমনকি কেপলার এমন মতামত রেখে গেছেন যে আইনটি সম্ভবত বিপরীত বর্গ নয়, শুধু বিপরীত মাত্রাই। অর্থাত্ দূরত্ব যত বাড়বে আকর্ষণের তীব্রতা ততই কমবে।
আমার দৃঢ় বিশ্বাস যে আপেলপতনের দৃশ্য থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রকৃতি সম্বন্ধে নিউটনের মনে যে প্রেরণা উদয় হয়, সেটা ছিল পুরোপুরি মৌলিক, কারও কাছ থেকে ধার করা নয় এবং তাতে তাঁর তীক্ষ্ন ধীশক্তির পরিচয়ই শুধু প্রকাশ পায় না, তাঁর অসাধারণ পর্যবেক্ষণশক্তি ও অবরোহী ক্ষমতার স্বাক্ষর বহন করে। এই মানুষটি আপাদমস্তক একজন বিশুদ্ধ সৃষ্টিশীল প্রতিভাধর ছিলেন, যাঁর সমকক্ষ বিজ্ঞানী হাজার বছরে একজন হয় না।
আমার নিজের অত্যন্ত ক্ষুদ্র পরিসরে, ছাত্রাবস্থায়, কল্পনা করেছি এমন কোন শক্তির অস্তিত্ব প্রকৃতির মধ্যে, যেখানে আকর্ষণ বা বিকর্ষণের শক্তি বর্গের নিয়মে ঘটে না, সম্পূর্ণ ভিন্ন নিয়মে চলে। অর্বাচীন মন, যৌবনের আকাশকুসুম কল্পনা। এখন বুঝি যে প্রকৃতির নিয়মগুলো এমনই যে তার থেকে একটু উনিশ-বিশ হলেই আমাদের কোনো অস্তিত্বই থাকত না। নিউটন তাঁর সদ্য আবিষ্কৃত গাণিতিক পদ্ধতির মাধ্যমে প্রমাণ করতে পেরেছিলেন যে কেপলারের সৌরমণ্ডলসংক্রান্ত সিদ্ধান্তগুলো সত্য হলে মাধ্যাকর্ষণ শক্তি বিপরীত বর্গ পালন করতে বাধ্য। তার উল্টোদিক থেকে ভাবতে গেলে বিপরীত বর্গের একমাত্র ফলাফলই হলো কেপলারের সূত্র নির্ভুল।
মজার ব্যাপার হলো যে এই বিপরীত
বর্গের প্রতি প্রকৃতির যেন একটা বিশেষ পক্ষপাতিত্ব আছে। পদার্থের পারস্পরিক আকর্ষণের ক্ষেত্রেই কেবল নয়, চুম্বক, স্থিত তড়িত্ (Static Electricity), আলো বিকীরণ—এসবের মধ্যেও সেই একই নিয়মের প্রভাব দেখা যায়। দুটি বিদ্যুত্কণা যেমন একে অন্যকে টানে বিপরীত বর্গের নিয়মে, দুটি চুম্বককণাও ঠিক সেভাবেই টানে বা ঠেলে দেয় (বিপরীত মেরু বা সমমেরু অনুসারে)। অনুরূপভাবে, একটা অন্ধকার ঘরের মধ্যে টর্চলাইট জ্বেলে যদি সে আলোর বিকীরণ লক্ষ করা হয় গোলাকার (যার কেন্দ্র হচ্ছে সেই আলোর উত্সটি) কোনো পাতের ওপর তাহলে দেখা যাবে পাতটি যতই দূরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই আলোর বিন্দু থেকে ততই তার জ্যোতি কমে যাচ্ছে ঠিক সেই অনুপাতেই, অর্থাত্ বর্গের নিয়মে। এর একটা সহজবোধ্য কারণও আছে—কেন্দ্র থেকে পাতটির মাঝখান পর্যন্ত যে দূরত্ব, সেটি হলো গোলকের ব্যাসার্ধ এবং ওই গোলকাংশটুকুর আয়তন সেই ব্যাসার্ধের বর্গেরই অনুপাতে, অতএব এটা সহজেই অনুমানসাপেক্ষ যে ওই টর্চের আলো থেকে বিচ্ছুরিত রশ্মির তীব্রতা হ্রাস পাবে বিপরীত বর্গেরই অনুসারে, যতই তার দূরত্ব বৃদ্ধি পাবে আলোর উত্স থেকে। অর্থাত্ এখানেও সেই একই বিপরীত বর্গনীতির প্রযোজ্যতা প্রকাশ পেল।
নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি আর বিপরীত বর্গনীতির সঙ্গে পূর্ববর্তী গবেষকদের একটা জায়গায় বড় পার্থক্য—অন্যেরা এই তত্ত্বের প্রয়োগশীলতা যে কেবল স্থানীয় পরিবেশে অবস্থিত দুটি বস্তুর মধ্যে সীমাবদ্ধ নয়, ঊর্ধ্বাকাশের গ্রহ-নক্ষত্রসহ সমগ্র বিশ্বচরাচরেই সমানভাবে প্রযোজ্য, সেটা তাঁরা স্পষ্ট করে উল্লেখ করেননি, সম্ভবত তাঁদের কাছে কোনো পরীক্ষিত প্রমাণ ছিল না বলেই। কিন্তু নিউটনের তা ছিল এবং সে কারণেই তাঁর তত্ত্বে ছিল বিশেষভাবে আকর্ষণীয় একটি উপাদান—সর্বজনীনতা, যা তাঁদের তত্ত্বে ছিল না।
কথা হলো নিউটনের তত্ত্ব কি একেবারেই নিখুঁত, নির্ভুল? বহুলাংশে তা-ই। সাধারণ ব্যবহারের জন্য তাঁর প্রদত্ত তথ্যসমূহ এখনো পূর্ণমাত্রায় প্রয়োগ করা হয়, এমনকি বর্তমান যুগের মহাশূন্যযানের প্রকৌশলশাস্ত্রেও। তবে সংসারের অন্যান্য বিষয়ের মতো বিজ্ঞানেরও বিবর্তন বলে একটা কথা আছে—সময়ের সঙ্গে তার অভ্যন্তরীণ চিন্তাভাবনাগুলো নতুন যুগের আলোকে পুনঃপরীক্ষার বিষয় হয়ে ওঠে। উঠে আসে উন্নততর যন্ত্রপাতি, তৈরি হয় আধুনিকতর গবেষণাগার। ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে বিজ্ঞানীদের উপলব্ধির নাগালে এসে গেল যে নিউটনের ক্রিয়া-প্রতিক্রিয়া তত্ত্বে একটা জিনিস স্বতঃসিদ্ধ বলে ধরে নেওয়া হয়েছে, প্রচ্ছন্নভাবে হলেও যে আলোর গতি অসীম। সেটা আসলে সত্য নয়—আলবার্ট আইনস্টাইনের গবেষণা থেকে সেটা অত্যন্ত নাটকীয়ভাবে ফুটে উঠেছে। তদুপরি তাঁর গবেষণা প্রকাশলাভের বেশ আগেই আমেরিকান পদার্থবিদ মাইকেলসন আর মর্লির পর্যবেক্ষণে সেই একই তথ্য পরিষ্কারভাবে বের হয়ে এসেছে। তবে কথাটা হলো: এই নবার্জিত জ্ঞান কি নিউটনের বলবিজ্ঞান আর বিপরীত বর্গনীতিসহ মাধ্যাকর্ষণবিষয়ক যাবতীয় তত্ত্বকে একেবার নাকচ করে দেয়? মোটেও না। সাধারণ ব্যবহারের জন্য নিউটন এখনো রাজার আসনে বসে আছেন এবং সম্ভবত থাকবেনও আজীবন। পরিবর্তন যা হয়েছে সেটা কতগুলো ছোটখাটো বিষয়ে, যেমন বুধগ্রহটির গতিপরিক্রমায় একটা সূক্ষ্ম ব্যাপার ছিল, যা নিউটনের তত্ত্বের সঙ্গে ঠিক খাপ খাচ্ছিল না, কিন্তু আইনস্টাইনের অভিনব তত্ত্ব প্রদত্ত গণনায় সেগুলো প্রায় নিখুঁতভাবে মিলে যায়। তদুপরি নিউটনের তত্ত্ব অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ডের কোনো সীমা নেই, আইনস্টাইন বলছেন, না, তা অক্ষরে অক্ষরে সত্য নয়। সীমা আছে বৈকি, মহাবিশ্বের সীমানা সেখানে যত দূর আলোকরশ্মি ভ্রমণ করতে পারে অপ্রতিহত অবস্থায়। তাঁর যুগান্তকারী যুক্তিসমূহের মধ্যে একটি হলো যে আলো ভরশূন্য হলেও বড় নক্ষত্র দ্বারা প্রভাবিত, আলো তার কাছে এসে বেঁকে যায়, কারণ সেই নক্ষত্রটি তাকে টেনে নিচ্ছে, যেমন নেয় ভরযুক্ত বস্তুকে। স্বভাবতই এসব সূক্ষ্ম বিষয় আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই প্রযোজ্য নয়, আমরা নিউটনকে পেয়েই খুশি। (ক্রমশ)
মীজান রহমান, গণিতবিদ
অটোয়া, কানাডা