বাগান থেকে মহাকাশ-পাঁচ

(পূর্ব প্রকাশের পর)
প্রাচীনকালে দর্শনশাস্ত্রের সঙ্গে গণিত আর বিজ্ঞানের বড় একটা বৈষম্য ছিল না—একই বিষয়ের এপিঠ-ওপিঠ। প্লেটো, অ্যারিস্টোটল (বিশেষ করে অ্যারিস্টোটল) দুজনে শুধু বড় দার্শনিকই ছিলেন না, বড় গাণিতিক বিজ্ঞানীও ছিলেন বটে। অ্যারিস্টোটল যে প্রাণিবিজ্ঞানের আদি জনক, সেটা আমাদের অনেকেরই জানা নেই। শুধু প্রাচীন যুগের কথাই বলি কেমন করে, মধ্যযুগের বেলায়ও অনেকটা প্রযোজ্য কথাটি। ওমর খৈয়ামের রুবায়েতে যে গভীর জীবনদর্শন প্রকাশ পায়, তা অদ্যাবধি মানুষকে দোলা দেয়। ওদিকে তিনি ছিলেন একজন বড় মাপের গাণিতিক এবং জ্যোতির্বিজ্ঞানী।
লেওনার্দো দ্য ভিঞ্চির কথা বলতে শুরু করলে তো এক বেলায় শেষ হবে না। তাঁর মতো শতমুখী প্রতিভা পৃথিবীতে বোধ হয় হাজার বছরে একটি জন্মায়। সাধারণ মানুষ কেবল তাঁর মোনালিসার দিকেই চেয়ে রইল এতটা কাল, তাঁর অন্যান্য কাজের দিকে ফিরেও তাকাল না। তিনি একাধারে মানবদেহতত্ত্বের অবিসংবাদিত জনক, উড়োজাহাজের প্রথম মডেল তাঁরই হাতে গড়া, তিনি ভাস্কর, তিনি স্থপতি, তিনি গণিতের একনিষ্ঠ সাধক। উপরন্তু তিনি মানবচরিত্র সম্বন্ধে যেসব ভবিষ্যদ্বাণী রেখে গিয়েছিলেন, তা বর্তমান যুগের দিকে তাকালে অবিশ্বাস্য মনে হবে, এতটাই মিল।
পাঠক হয়তো ভাবতে শুরু করেছেন, এসবের সঙ্গে মাধ্যাকর্ষণ শক্তির কী সম্পর্ক? আছে। আছে বলেই এটুকু ভূমিকার অবতারণা। নিউটনের সময়কালে এটা ধরেই নেওয়া হতো যে প্রকৃতি কোনো ‘ভুল’ করতে পারে না। এখানে মনুষ্যসুলভ বিভ্রান্তিকর বালখিল্যের প্রশ্রয় নেই, কারণ মহান সৃষ্টিকর্তার সুপরিকল্পিত মানচিত্রে এসবের স্থান নেই। সংসারে কোনো ঘটনাই ঘটা সম্ভব নয় একটা নির্দিষ্ট কারণ ছাড়া। ধর্মগ্রন্থে পরিষ্কার লেখা আছে, ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের তুচ্ছ পাতাও নড়ে না। এই সহজবোধ্য ধ্যান-ধারণার সঙ্গে নিউটনীয় কার্যকারণসম্বন্ধীয় চিন্তাধারা পুরোপুরি মিলে যায়। নিউটনের তত্ত্ব অনুযায়ী একটা বস্তু যত ক্ষুদ্র বা বৃহৎই হোক, এক মুহূর্ত থেকে পরের মুহূর্তে বা আরও অনেক পরের মুহূর্তে কোথায় যাবে তা নির্ভর করে বস্তুটি যাত্রাকালে কোথায় ছিল, কতটা বেগ ছিল তার তখন এবং কিসের তাড়নায় তার চলন, এগুলো জানা থাকলে এর ভবিষ্যৎ গতিবিধির নিখুঁত মানচিত্র এঁকে দেওয়া সম্ভব। সৌভাগ্যবশত আমাদের দৈনন্দিন জীবনের তাগিদে যা কিছু জানা দরকার, সেগুলো এভাবেই জেনে নেওয়া হয়। লন্ডন থেকে একটি ঢাকাগামী প্লেন বেলা তিনটায় রওনা হলে ঠিক কটার সময় ঢাকার বিমানবন্দরে গিয়ে পৌঁছাবে, সেটা আগে থেকে জানা থাকে। কারণ, প্লেন মোটামুটিভাবে নিউটন এবং আধুনিক বিমানবিজ্ঞানীদের গণনা অনুসারে অত্যন্ত আজ্ঞানুবর্তিতার সঙ্গে সব নিয়মকানুন পালন করে চলে।
কিন্তু প্রকৃতি সব সময় এমন সুশীল আজ্ঞাবহতার ধার ধারে না। আগের অধ্যায়ে এর একটা ছোট্ট আভাস দিয়েছি-ত্রিদেহী সমস্যা নিয়ে পয়েনক্লেয়ার সাহেবের যে মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছিল তার উৎসটাই তো সেখানে। দুটির বদলে তিনটি মিলে একে অন্যকে টানাটানি শুরু করলে কে কোনদিকে যাবে, সেটা স্বয়ং নিউটন সাহেবও হয়তো হলপ করে বলতে পারতেন না। আসলে এটা কোনো পারিবারিক ঝগড়াঝাঁটির মতো নয়, এটাই প্রকৃতির মৌলিক চরিত্র। এই যে ছোট ছোট বিশৃঙ্খলা থেকে একসময় লাগামছাড়া বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, যেটা একসময় পূর্ণমাত্রা কেয়সের আকার ধারণ করে, তা প্রকৃতির বিকার নয়, স্বরূপ।
কার্যকারণ সম্পর্কহীনতা যে কেবল বহুদেহী ক্ষেত্রেই প্রযোজ্য, তা নয়। অনেক সময় একটি বস্তুর গতিতেও এ রকম আপাত বিকারগ্রস্ততা পরিলক্ষিত হয়, নির্ভর করে বস্তুটি কী রকম আধারে ধারণ করা হয়েছে, কেমন তার পরিবেশ ইত্যাদি। বাচ্চাদের খেলার মাঠে একটা দোলনায় চড়া শিশু প্রায় কখনোই বেসামাল গতিতে চলতে শুরু করবে না, এটা কার্যকারণের আওতার ভেতরই পড়ে। একটি গোলাকার পাত্রের কথা ভাবুন। এবং ধরা যাক, পাত্রটির ভেতরকার দেয়ালটি খুবই মজবুত, একেবারে মসৃণ মেঝের মতো চকচকে। এবার কল্পনায় তার ভেতরে একটা ছোট্ট বল ছুড়ে দিলেন একটা কৌণিক লক্ষ বরাবর এবং ঠিক কতটা কোণে সেটা ছুড়লেন সেটা সঠিক জেনে রাখুন। বস্তুটি সেই কোণের মাত্রা অনুযায়ী আরেকটা দিকে প্রতিক্ষিপ্ত হয়ে যাবে। সেখান থেকে ওটা সেই গোলাকার পাত্রেরই একটা বিশেষ বিন্দুতে গিয়ে ঘা খেয়ে তৎক্ষণাৎ নিক্ষিপ্ত হবে ঠিক একই কোণের অন্যত্র। আরম্ভের কোণটা যদি ৩৬০ ডিগ্রির একটি ভগ্নাংশের গুণক হয়, তাহলে একসময় সেই প্রথম বিন্দুটিতে প্রত্যাবর্তন করে আবার নতুন পথে চলতে শুরু করবে। ছবিটা একটি গোলাকার (কাল্পনিক যদিও) পিং পং টেবিলের ওপর বলটির অন্তহীন লাফালাফি করার মতো। তবে গোড়ার কোণের পরিমাণটি যদি ৩৬০ ডিগ্রির ভগ্নাংশ (rational number) না হয়, তাহলে কিন্তু বলটা তার অন্তহীন চলার পথে কখনোই আর আগের বিন্দুটিতে ফিরে আসবে না। তথাপি একটা সত্য থেকে যায়, একটি কোণ কেবল একটা পথই (সরলরেখা, যদি তার চিত্র আঁকা হতো) নির্দেশ করে। পাত্রের আধার গোলাকার না হয়ে যদি অধিবৃত্তের আকারে হতো, তাহলেও গতি-প্রকৃতি মূলত একই থাকত, কেবল চিত্র, মানে গ্রাফ আঁকতে গেলে সেটা সরলরেখা না হয়ে বাঁকা হয়ে যেত।
এই উদাহরণ দুটির মধ্যে মৌলিক মিল যেখানে সেটা হলো, কার্যকারণ সম্পর্ক। অর্থাৎ হেতুবাদ অক্ষুণ্ন থাকছে দুটিতেই। মূল সংখ্যাটি যা হবে, পরবর্তী সংখ্যাগুলো সে অনুসারেই তৈরি হবে। অর্থাৎ কারণ যে রকম, ফলটাও সে রকম। নিউটনতত্ত্বের সঙ্গে বেশ খাপ খেয়ে যাচ্ছে।
কিন্তু এই সরলচিত্রটি একেবারেই ওলটপালট হয়ে যায় যখন সেই আধারটির জ্যামিতিক প্রকৃতি আগাগোড়া বদলে যায়। ওটা যত জটিল হবে, বলটির গতি-প্রকৃতিও ঠিক সেই পরিমাণে জটিল হতে শুরু করবে। তখন এমন হয় যে বলসংখ্যা মাত্র একটি হলেও তার গতিপথের যে ছবিটা উঠে আসে তা আর একটি সরলরেখা বা বক্ররেখা না হয়ে একটা হযবরল ধরনের জগাখিচুড়ি বা কুজ্ঝটিকা-জাতীয় অস্পষ্ট জিনিস বের হয়ে আসে। যেন একটা মেঘের দলা। অর্থাৎ একটা পুরোদস্তুর কেয়স। বিষয়টি আমার এই চিত্রবিহীন সংক্ষিপ্ত বর্ণনায় ভালো করে হয়তো ফুটে উঠল না। তাই কৌতূহলী পাঠকদের আমি উৎসাহ দিচ্ছি যেন ইভার একল্যান্ড-প্রণীত গ্রন্থ: The Best of All Worlds (১), বা জেমস গ্লাইকের লেখা কেয়সবিষয়ক পূর্ণাঙ্গ বই Chaos (২)-এর পাতা উল্টিয়ে দেখার চেষ্টা করেন। এটি বর্তমান যুগের বিজ্ঞানজগতে একটি অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়। এতে একাধারে উঁচুমানের গণিত, পদার্থবিজ্ঞান, দর্শন সব একসঙ্গে মিলে একটা রহস্যময় জগৎ তৈরি হয়ে গেছে।
এবার আমাদের পুরোনো প্রশ্নে ফিরে আসা যাক—বহুদেহী বস্তুর সমাবেশে প্রকৃতির নিয়মকানুন কোথায় দাঁড়ায়। আগেই বলেছি, এই কঠিন প্রশ্নটিতে কীভাবে বারবার ব্যাহত হয়েছেন উনবিংশ শতাব্দীর বাঘা-বাঘা প্রতিভারা। এবং স্বয়ং পয়েনক্লেয়ার সাহেবও (যিনি ওই শতাব্দীর, অনেকের মতে, সর্বকালের, অন্যতম শ্রেষ্ঠ গাণিতিক হিসেবে পরিচিত) চরম বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন এই দুরূহ সমস্যার সমাধান খুঁজতে গিয়ে-পেপার ছাপা হওয়ার পর তাতে সম্পূর্ণ ভুল উপপাদ্যের ‘প্রমাণ’ আবিষ্কার করা যে কী লজ্জা, সেটা আমি কিছুটা বুঝি। ভাগ্য ভালো যে সময় থাকতে ফ্রাগম্যানের মতো একজন শ্যেনদৃষ্টিসম্পন্ন তুখোড় এবং তরুণ গাণিতিকের হাতে গিয়ে পড়েছিল তাঁর পেপারটি, নইলে হয়তো সেই ভুল অবস্থাতেই পয়েনক্লেয়ারের পেপার বলে পরিচিত একটি অসত্য ‘উপপাদ্য’ গণিতশাস্ত্রের এক কলঙ্কিত ইতিহাস হয়ে থাকত।
যা-ই হোক, অবশেষে ওই পেপারটির শেষ রক্ষাই হয়নি কেবল, পয়েনক্লেয়ারের অসাধারণ গাণিতিক চিন্তাচেতনার এক সুবর্ণ দলিল হিসেবে তাঁর পরিবর্তিত পেপারটি অমরত্ব লাভ করেছে। এতে তিনি যুক্তি-প্রমাণ দিয়ে অতি সহজবোধ্যভাবে দেখিয়ে দিয়েছেন যে নিউটন সাহেবের তত্ত্বাবলি অক্ষুণ² থাকা সত্ত্বেও তাঁরই সৃষ্ট কলনপদ্ধতি দিয়ে ঊর্ধ্বাকাশের গ্রহ-নক্ষত্রাদির চালচলন বুঝে ওঠা সম্ভব নয়, সেখানে সব সময় সরল বুদ্ধি কার্যকারণ সম্পর্ক কাজ করে না। বরং ইউক্লিড-বহির্ভূত একপ্রকার অদ্ভুত জ্যামিতিই যেন সেখানকার প্রচলিত ভাষা। এই অভিনব ভাষারই প্রাথমিক আভাস উঁকি দিয়েছিল পয়েনক্লেয়ারের পরিমার্জিত পেপারে, যা পরবর্তীকালে টপলজিতে পল্লবিত হয়। তারও কিঞ্চিৎ আভাস আমি দিয়েছি এ রচনার গোড়ার দিকেই। এ বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন বিজ্ঞান ও গণিতের এক প্রসিদ্ধ লেখক ইয়ান স্টুয়ার্ট। আমি এ নিবন্ধে প্রধানত তাঁর বিবরণই (৩) অনুসরণ করেছি, অধিকাংশ সময় আমার বক্তব্য পেশ করার জন্য। (ক্রমশ:)