বাগান থেকে মহাকাশ-ছয়

(পূর্ব প্রকাশের পর)
পয়েনক্লেয়ার শুরুতে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন ত্রিদেহী গতিরেখার ছবি আঁকতে গিয়ে। সূর্যকে স্থির রেখেও চন্দ্র আর পৃথিবী মিলে অবিশ্বাস্য জটিলতা সৃষ্টি করে দেয়-ওদের গতিপথগুলো অসংখ্যবার পরস্পরকে ছেদ করে, যার ফলে ওদের গতির হদিস রাখা একেবারে সাধ্যাতীত হয়ে পড়ে। সে সময় যে কথাটি তাঁর মাথায় হয়তো পরিষ্কারভাবে ফুটে ওঠেনি তা হলো যে এই অসংখ্য ঠোকাঠুকির মধ্যেই লুকিয়ে ছিল কেয়সের পূর্বাভাস। পরে অবশ্য কেয়স শব্দটি স্পষ্ট করে খুলে না বললেও অন্যরা ওই সূত্র ধরে পুরো আইডিয়াটি সংজ্ঞাবদ্ধ করে ফেলতে সক্ষম হয়েছিলেন। আরও একটি ঘটনা ঘটে, কচিৎ-কদাচিৎ যদিও, সেটি হলো যে একটা আবদ্ধ গতিপথ তৈরি হয়ে যায়, অর্থাৎ সেখানে গতির পুনঃপৌনিকতা প্রতিষ্ঠিত হয়। মানবজাতির স্থিতিস্থাপকতার দিক থেকে ভাবতে গেলে এই পুনঃপৌনিকতাই আমাদের অস্তিত্বের শেষ ভরসা। সে কারণেই সূর্য-চন্দ্র-বিশ্ব এই ত্রিশক্তির মধ্যেও আমাদের জীবনে বছর ঘুরে বছর আসে, লিপ-ইয়ার হয় প্রায় ঘড়ির কাঁটা ধরে এবং বিজ্ঞানীরা দূর ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারেন। এই পুনঃপৌনিকতার সন্ধান, এই অধিবৃত্তিক গ্রহপথের সন্ধানই ছিল পয়েনক্লেয়ার সাহেবের ইউক্লিডের বাইরে নতুন জ্যামিতি সৃষ্টি করতে যাওয়ার প্রধান উদ্দেশ্য।
আমরা যত দিন পৃথিবীপৃষ্ঠে শান্তিপূর্ণ জীবনযাপন করেই সন্তুষ্ট ততক্ষণ অন্য কোনো বড় সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা তেমন নেই। কিন্তু মানুষ কখনোই এক জায়গায় স্থির থাকতে পারে না-অজানাকে জানার স্পৃহা আমাদের অন্তহীন। তাই মানুষ উড়োজাহাজ আবিষ্কার করেছে, বেলুনে করে আকাশভ্রমণ করতে চেয়েছে, শেষে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার চেষ্টা করেছে। সেই চেষ্টারই রূপায়ণ ঘটেছে চন্দ্রগ্রহের অভিযানে। প্রথমে চালকবিহীন, পরে চালকসহ-এক নয় একাধিক। প্রশ্ন হলো, ওই প্রথমবার যখন শূন্যযান পাঠানো হয় চাঁদের দিকে, তখন নাসার প্রকৌশলীরা কীভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যানটিকে কোন রাস্তা ধরে চালিত করবেন? এবং তাঁদের সেই সিদ্ধান্তগুলোর পেছনে কী সব যুক্তি তৈরি করা হয়েছিল? সাধারণ বুদ্ধিতে মনে হতে পারে, কেন, সোজা চাঁদ বরাবর ছুড়ে মারলেই তো হয়। না, ব্যাপারটি তত সহজ নয়। প্রথমত, ‘চাঁদ বরাবর সোজা দিক’ বলে কোনো দিক নেই। ভুলে গেলে চলবে না যে চাঁদ আমাদের চারপাশে ঘুরছে, সঙ্গে সঙ্গে আমরাও ঘুরছি পৃথিবীর চারপাশে। অতএব আমাদের সোজা দিকটিকে ঠিকমতো বাঁকাতে না পারলে কখনো ওটা গন্তব্যে গিয়ে পৌঁছাবে না। দ্বিতীয়ত, ভূপৃষ্ঠ থেকে চন্দ্রগ্রহের দূরত্ব ৩৫৮,০০০ কি.মি. (২,২১,৮০০ মাইল) থেকে ৪,০৮,৩০০ কি.মি. (২,৫২,৫০০ মাইল) পর্যন্ত ওঠানামা করে, আমাদের থেকে সূর্যের দূরত্ব যেমন গ্রীষ্মে কমে যায় আর শীতে বাড়ে। দুটোরই মূল কারণ হলো অধিবৃত্তাকার কক্ষপথ উভয়েরই। সুতরাং এতটা পথ মহাশূন্যের অচেনা পথে ভ্রমণ করার এমন একটা রাস্তা খুঁজতে হয় যাতে, এক. সবচেয়ে কম খরচে উদ্দেশ্য সাধন করা যেতে পারে; দুই. সময় বাঁচানো, বিশেষ করে যদি এক বা একাধিক চালক থাকে সঙ্গে (তাদের স্বাস্থে্যর কথা ভাবতে হবে, তাদের খাবারদাবার, তাদের নিরাপত্তা ইত্যাদি নানা বিষয় ওদের বিবেচনায় রাখতে হয়); তিন. যাতে ফেরার পথে অনায়াসে ফেরা যায় চাঁদের আকর্ষণের বলয় থেকে বের হয়ে, এবং যাতে ওজনহীন অবস্থায় কিছুক্ষণ ঝুলে থাকার পর বিনা ঝাঁকুনিতে পৃথিবীর আকর্ষণ ক্ষেত্রে প্রবেশ করা যায় নিশ্চিন্তে। এগুলো ছোটখাটো প্রশ্ন নয়-কমান্ড সেন্টারের বাঘা-বাঘা বিজ্ঞানী-প্রকৌশলী ও অন্যান্য বিশেষজ্ঞরা এগুলো আদ্যোপান্ত বিবেচনা না করে মানুষ চালিত যান আকাশে উড্ডীন হতে দেবেন না।
চাঁদে যেতে সোজা তাক করে যাত্রা শুরু করার বড় সমস্যা হলো প্রচণ্ড রকম জ্বালানি তেল খরচ হয় তাতে-গোটা মিশনটা তখন ব্যয়সাধ্যতার বাইরে চলে যায়। ভুলে গেলে চলবে না যে পৃথিবী থেকে চাঁদের পথে রওনা হতে প্রথম তার আকর্ষণ বলয় অতিক্রম করতে হয় এবং সেখানেই জ্বালানি শক্তি ব্যয় হয় সবচেয়ে বেশি। এই সমস্যাটির একটা ছোটখাটো সমাধান বের হয়েছে তথাকথিত হোম্যান অধিবৃত্ত বদল তত্ত্বের মধ্য দিয়ে। আইডিয়াটি এ রকম। পৃথিবী থেকে একটানে সোজা ওপরে চলার পরিবর্তে প্রথমে ঊর্ধ্বমুখী হতে হতে পাশে, বৃত্তাকারে পৃথিবীর চারপাশে একবার ঘুরে তারপর আস্তে আস্তে চাঁদের দিকে অগ্রসর হওয়া-সরলরেখায় নয়, একটি চিকন অধিবৃত্তের রেখা ধরে, এতে কম তেল খরচ হয়। তারপর একটা জায়গায় এসে পৃথিবীর মাধ্যাকর্ষণ দুর্বল হতে হতে যানটিকে ওজনহীন অবস্থাতে এনে দেয়। অর্থাৎ তখন পৃথিবী আর চন্দ্র দুইয়ের আকর্ষণ থেকেই অপেক্ষাকৃত মুক্ত আমাদের শূন্যযানটি-সেটা বেশ আরামের সময়ই তেল প্রায় একেবারেই খরচ হয় না। তারপর ওকে আস্তে আস্তে চাঁদের দিকে চলতে শুরু করতে হবে। তবে একবারে নয়। প্রথমে চাঁদের চারদিকে একবার চক্কর দেওয়া-ঠিক পৃথিবীর চারপাশে যেমন ঘোরা হয়েছিল একবার। সেটাও ওই একই উদ্দেশ্যে-জ্বালানির খরচ কমানো। শেষে ধীরে ধীরে কক্ষ বদল করে চাঁদের দিকে অগ্রসর হওয়া। ১৯৬০ আর ১৯৭০ সালের মাঝে যে কবার চাঁদে ভ্রমণ করা হয়েছিল, তার সবই এই নীতি পালন করেছে।
কিন্তু আধুনিক যুগের শূন্যযাত্রীদের জন্য চন্দ্রগ্রহ এখন প্রায় ডালভাত। বিজ্ঞান এবং প্রকৌশল দুটিই হু-হু করে এগিয়ে গেছে। এতটাই অগ্রসর এ যুগের প্রযুক্তি যে অতি সমপ্রতি নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে একটি অনুসন্ধানী (যন্ত্রচালিত স্বভাবতই) যান পাঠাতে সক্ষম হয়েছেন। সেখানে ব্যাপারটি তত সোজা নয়। প্রথমত, মঙ্গলগ্রহের দূরত্ব গড়ে প্রায় ২২৫ মিলিয়ন কি.মি. এবং গ্রহটির আকার এত বিশাল যে সেখানে একটি ৩৬৫ দিনবিশিষ্ট বছরের যে পৃথিবীতে আমরা বাস করি, তার তুলনায় ওটা ৬৮৭ দিন। সেখান থেকে আলোরশ্মি পৃথিবী পর্যন্ত পৌঁছাতে লাগে তিন মিনিট, যেতে লাগে আরও তিন মিনিট। সেখানে যেতে কেবল নিউটন সাহেবের দ্বিদেহী তত্ত্বের ওপর ভরসা করে যাওয়া যাবে না। কারণ, ওই দীর্ঘ পথে ভ্রমণ করতে গিয়ে পথিমধ্যে অনেক বাধাবিপত্তি অতিক্রম করতে হবে। সেখানে সাধারণ ইউক্লিডিয়ান জ্যামিতিও বড় একটা কাজে আসে না। তার চেয়ে পয়নক্লেয়ার সাহেবের নতুন তত্ত্ব ব্যবহার করা অনেক লাভজনক। যা-ই হোক আমাদের বর্তমান প্রসঙ্গের জন্য এসব জটিল প্রশ্ন যতই আকর্ষণীয় হোক, খুব একটা প্রাসঙ্গিক হবে বলে মনে হয় না। আমার মনে হয়, আগ্রহী পাঠকের তৃষ্ণা মেটানোর জন্য এ বিষয়ের সত্যিকার বিশেষজ্ঞ যাঁরা, তাঁদের প্রণীত গ্রন্থাদি খোঁজা উচিত-আজকাল বাজারে অনেক বই-ই বের হয়েছে এসব বিষয়ের ওপর। সহজবোধ্য পাঠের জন্য গ্রন্থসূত্রে যে দুটি বই (৪ ও ৫) আমি উল্লেখ করেছি, তার পৃষ্ঠাগুলো উল্টেপাল্টে দেখলেও হয়তো কিছুট ধারণা পাওয়া যেতে পারে।
এ লেখাটি আমি শেষ করে দেব ভবিষ্যতে যাঁরা শূন্যভ্রমণ করার ইচ্ছা পোষণ করেন, তাঁদের জন্যে কিছু টুকিটাকি খবর তুলে ধরে। মহাশূন্যে ভ্রমণ করতে গেলে এটা ধরেই নিতে হবে যে একটা জায়গায় গিয়ে যাত্রীদের কোনো ওজন বলে কিছু থাকবে না-ভর থাকবে কিন্তু ওজন কাটাকুটি হয়ে শূনে চলে যাবে। কিন্তু সে অবস্থাটি কতক্ষণ বজায় থাকবে সেটা নির্ভর করবে যানের গতি, অন্যান্য গ্রহ-উপগ্রহের নৈকট্য কত দূর এবং তাদের আকর্ষণ শক্তির জোর কতটা। শুধু তা-ই নয়, গ্রহ-উপগ্রহ কি একটি না একাধিক, এবং একাধিক হলে তার সংখ্যা কত। সাধারণত ঊর্ধ্বাকাশে বহুসংখ্যক গ্রহ-উপগ্রহ এমনকি উল্কা, ধূমকেতু এগুলোর সাক্ষাৎ পাওয়াও বিচিত্র কিছু নয়। কথা হলো সে অবস্থায় শূন্যযানের চালককে কী ধরনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হয়। মনে রাখতে হবে, তেল বাঁচানো একটা জরুরি বিষয়-কোনোক্রমে যদি তেল ফুরিয়ে যায় এক লাখ মাইল ওপরে, তাহলে আপনাকে সরাসরি বিধাতার দরবারে পৌঁছে যেতে হবে-স্ত্রী-পুত্র-কন্যাদের মুখ দেখার ভাগ্য হবে না আর। কিন্তু তেল বাঁচাতে কি করতে হয়? সে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন প্রকৌশলীরা, যাঁরা পাহাড়ি রাস্তায় রেলগাড়ি চালানোর জন্য পাহাড়ের গায়ে রেল না বসিয়ে পাহাড়ের ভেতরে গর্ত করে সুড়ং তৈরি করেন। উদ্দেশ্য একই, এতে খরচ বাঁচে অনেকগুণ। আধুনিক নগরজীবনে অনেকেই পাতালট্রেন ব্যবহার করেন। পাতালট্রেন তৈরি করা হলো কেন? কেবল যানবাহনের ভিড় লাঘব করার উদ্দেশ্যেই নয়, খরচ বাঁচানোর জন্যও অনেকখানি। অনুরূপভাবে শূন্যভ্রমণের বেলায়ও আজকাল ‘পাতালট্রেন’ বলে একটা অদ্ভুত আইডিয়া আলোচিত হচ্ছে। পাঠক নিশ্চয়ই সন্দিহান হয়ে উঠছেন ইতিমধ্যে, শূন্যে আবার পাতাল এল কী করে? ঠিকই ধরেছেন, জাগতিক অর্থে পাতাল নেইও সেখানে, কিন্তু এখানে ‘পাতাল’ শব্দটি ব্যবহার করা হচ্ছে ভাবার্থে। এর সত্যিকার কোনো অস্তিত্ব নেই, গাণিতিকের কল্পনায় মাত্র। শুধু তা-ই নয়, এর মাত্রাসংখ্যা তিনের চেয়ে বেশি, সাধারণত পাঁচ থেকে সাত পর্যন্ত যেতে পারে (মাত্রা বলতে আমি ইংরেজির ডাইমেনশনকে বোঝাচ্ছি)। আসল ব্যাপারটা হলো, শূন্যের ‘পাতালপথ’ মানে যেখানে জ্বালানি খুব কমই ব্যবহার করতে হয় অন্যান্য পথের তুলনায়, এবং যেখান থেকে এক গ্রহের কক্ষপথ বদল করে অন্য গ্রহের কক্ষপথে স্থানান্তরিত হওয়ার সুন্দর ব্যবস্থা আছে। অনেকটা টরন্টো-মন্ট্রিয়ল-নিউইয়র্কের পাতালট্রেনের এক লাইনে করে একটা স্টেশনে যাওয়ার পর সেখানে নেমে অন্য লাইনের ট্রেনে উঠে গন্তব্যে পৌঁছানোর মতো। এতে গোটা যাত্রাটি খুব অল্প সময় ও ব্যয়ে শেষ করা সম্ভব হয়। আমাদের শূন্যভ্রমণের জন্য ‘পাতালট্রেন’-এর ধারণাটিও অনেকটা সে রকম। কম ঝামেলা, কম খরচ।
অবশ্য এসবই এ মুহূর্তে কল্পকাহিনি ছাড়া কিছু নয়। কিন্তু আজকে যেটা কল্পনা, ১০-১৫ বছর পর যে সেটা বাস্তবে পরিণত হবে না কে বলবে সে কথা? অতীতের অনেক উদ্ভট কল্পকাহিনিই তো বাস্তবে রূপ পেয়ে গেল এ যুগের প্রযুক্তির কল্যাণে। ভবিষ্যতে আরও কত কী ঘটবে কে জানে! (শেষ)
তথ্যসূত্র: (1) The Best of All Possible Worlds, by Ivar Ekeland, University of Chicago Press, 2006; Paperback edition, 2007. (2) Chaos, by James Gleick, Penguin Books paperback edition, 1988. (3) In Pursuit of the Unknown, by Ian Stewart, Basic Books, 2012. (4) The Hitchhiker’s Guide to the Galaxy, by Douglas Adams, Published by Del Ray, 2005. (5) Across the Universe, by Beth Revis, Published by Razorbill, 2011. (6) Internet.
মীজান রহমান, গণিতবিদ
অটোয়া , কানাডা