বাগান থেকে মহাকাশ-তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেখক মীজান রহমান
লেখক মীজান রহমান

(পূর্ব প্রকাশের পর)
নিউটনের মাধ্যাকর্ষণ তত্ত্বের আরেকটি সীমাবদ্ধতা হলো এই যে এতে কেবল দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণের কথা বলা হয়েছে। যতক্ষণ আমরা দুই বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকি, ততক্ষণ নিউটন অপরাজেয়। তাঁর বিপরীত বর্গনীতি আর গতিসূত্র—দুয়ে মিলে উভয় বস্তুর গতিপথ নিখুঁতভাবে বের করে দেবে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দুই বস্তুর মধ্যে সীমিত থাকা ঘটনা কত আর দেখা যায়। বিশেষ করে গ্রহ-নক্ষত্রের বেলায় এটা জলের মতো পরিষ্কার যে একটা গ্রহ বা উপগ্রহ একাধিক বিশাল ভরবিশিষ্ট বস্তুর নৈকট্য দ্বারা প্রভাবিত। যেমন ধরুন, আমাদের নিকটতম প্রতিবেশী চন্দ্রগ্রহ—বেচারা আমাদের উপগ্রহের উপাধি পেয়েছে। কারণ, তার কপালটিই এ রকম যে ক্ষুদ্র হওয়ার অপরাধে তাকে সূর্যের চারদিকে নয়, পৃথিবীরই চারদিকে প্রদক্ষিণ করতে হচ্ছে অনন্তকাল ধরে।
কিন্তু তাতে বিষয়টা সরল হয়ে যায় না, বরং নতুন এক জটিলতার মাত্রা যোগ হয়। এখন একই পাড়ায় দুটি নয়, তিনটে নায়ক দাঁড়িয়ে যাচ্ছে—একদিকে সর্বাধিনায়কের আসনে নিজ গাম্ভীর্যময় আলোকসত্তা নিয়ে বসে আছেন সূর্যদেব। আরেক দিকে তাঁরই অমোঘ আকর্ষণের বলয়ে আবদ্ধ হয়ে আছেন আমাদের পৃথিবী, অপর দিকে রয়েছেন ক্ষুদ্রতর চন্দ্রগ্রহ, যাঁর আকার ছোট হলেও তাঁরও আকর্ষণ নেহাত তুচ্ছতাচ্ছিল্য করার মতো নয়। সুতরাং মহাকাশের একই পরিবেশের মধ্রে দুটি নয়, তিনটি খেলোয়াড় দাঁড়িয়ে যাচ্ছে। প্রশ্ন হলো নিউটনের তত্ত্ব যদি দুই বস্তুর সীমানায় আবদ্ধ হয়ে থাকে তাহলে তার অর্থ কি এই দাঁড়ায় যে তাঁর মাধ্যাকর্ষণ শক্তিও অকেজো হয়ে যায় এই ত্রিদেহী জটের মধ্যে? না, সৌভাগ্যবশত তা হয় না, এখানেও দ্বিদেহী ক্রিয়ার মতো মাধ্যাকর্ষণ শক্তিসহ নিউটনের বলবিদ্যার সমীকরণসমূহ সমভাবে প্রযোজ্য। সমস্যা যেটা দাঁড়ায়, সেটা হলো যে দ্বিদেহী তত্ত্বের মতো বস্তুগুলোর গতিপথ চট করে বেরিয়ে আসে না দু-চারটে অঙ্ক কষার পর। আসলে চট করে দূরে থাক, আদৌ বের হয় কি না সন্দেহ। প্রথম দিকে নবীন-প্রবীণ সব রকম গবেষকদের ধারণা ছিল এটা কোনো সমস্যা হলো? নিউটনের গতিবিষয়ক সমীকরণগুলো থাকতে চিন্তা কিসের। কিন্তু কাজের বেলায় দেখা গেল ব্যাপারটা অত সহজ নয়। যুগে যুগে বহু জ্ঞানী-গুণী মানুষ মাথা ঘামিয়েছেন ত্রিদেহী সমস্যার সমাধান পেতে। ইংরেজিতে একে বলা হয় থ্রি-বডি প্রবলেম, যা নিউটনের সময়কার টু-বডি প্রবলেম থেকে সম্পূর্ণ ভিন্ন এবং যার জটিলতার মাত্রা একবারে সীমা ছাড়ানো। বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষক এ সমস্যার বিশেষ বিশেষ সমাধান বের করেছেন সীমিত শর্তাদি ব্যবহার করে এবং অনেক ক্ষেত্রে সেগুলো কাজেও লেগেছে। কিন্তু কোনো রকম শর্ত আরোপ না করে পূর্ণ প্রয়োগযোগ্যতাশীল সমাধান বের করতে, অন্তত নিউটনের কলনশাস্ত্র ব্যবহার করে, আজ পর্যন্ত কেউই সক্ষম হননি।
তর্কের খাতিরে প্রশ্ন তোলা যায়, আচ্ছা, আমরা থাকি এই মহাবিশ্বে, মাধ্যাকর্ষণ বলয়ের বাইরে কোনো দিনই আমাদের যাওয়ার সম্ভাবনা নেই, অতএব আমাদের সাধারণ জীবনধারণের জন্য একাধিক গ্রহের পারস্পরিক ঠোকাঠুকি নিয়ে মাথা ঘামানোর দরকারই বা কী! অনর্থক একটা কাল্পনিক বিষয় নিয়ে অজস্র টাকা খরচ করে কি লাভ হবে আমাদের। এ প্রশ্নের অন্তত দুটি উত্তর, যা মানবকুলের সবার জন্যই প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। প্রথমটি হলো আমাদের জ্ঞানের সীমানা কোথায়, সেটা তন্নতন্ন করে খুঁজে নেওয়ার অন্তহীন প্রচেষ্টা আমাদের মনুষ্যত্বকে একটা ভিন্ন মাত্রা দান করে। এই যে প্রতিদিন রাতের আকাশে এত এত গ্রহ-নক্ষত্রের সমাবেশ, যা কবি আর বিজ্ঞানীকে সমভাবে অনুপ্রাণিত করে গেছে অনাদিকাল থেকে, তাদের সঙ্গে আমাদের এই ভূখণ্ডটির আসল সম্পর্কটা কী? এটা যদি জানতে পারি তাহলে আমাদের আদি ইতিহাস—আমাদের অস্তিত্বের আগাগোড়া পরিক্রমা—কোথায় আমাদের যাত্রা শুরু, কোথায়ই বা শেষ, তার কিছুটা হদিস হয়তো পাওয়া যেতে পারে।
তবে দ্বিতীয় একটি মাত্রা আছে, যা আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক ও জরুরি—শূন্যভ্রমণ। বলবেন, শূন্যেই বা যেতে হবে ভ্রমণের জন্য কে বলল? লোকে ফ্লোরিডা যায়, মেক্সিকো যায়, বড়জোর ইউরোপে। শূন্যে যাবে কোন পাগল? হ্যাঁ, পাগল বটে। বড় বড় বিজ্ঞানী, গবেষকেরা আসলেই পাগল। পাগল না হলে কি জীবনের সবকিছু বিসর্জন দিয়ে দিনরাত ল্যাবের ঘিঞ্জি ঘরের ভেতর যন্ত্রপাতি নিয়ে সময় কাটান? কি জানেন? তাঁরা কাটায় বলেই আমাদের জীবন আজকে এত আরাম-আয়েশময় বিলাস দ্রব্য দ্বারা পরিপূর্ণ হতে পেরেছে। এত সব ইলেকট্রনিক গ্যাজেটের মহাপ্লাবনে ভেসে যাচ্ছে আমাদের জীবন, সেই পাগলগুলোর কারণেই। তা ছাড়া আমরা সবাই জানি, ১৯৬৯ সালে মানুষ সশরীরে চন্দ্রগ্রহে গেছে মহাকাশের শূন্যযানে করে। অদূর ভবিষ্যতে হয়তো মঙ্গলগ্রহেও যাওয়া হয়ে যাবে। এই যে শূন্যভ্রমণের ব্যাপারটি, এখানেই অনিবার্যভাবে দাঁড়িয়ে যায় বহু-দেহী আকর্ষণ তত্ত্বের প্রয়োজনীয়তা। আমরা দূরদর্শনেই দেখেছি, ঊর্ধ্বলোকের একটা উচ্চতায় পৌঁছানোর পর যাত্রীরা কার্যত ‘ওজনহীন’ অবস্থায় দাঁড়িয়ে যায়—যানের অভ্যন্তরে তারা ভাসতে শুরু করে নদীর মাছের মতো। এর পর যতই ওপরে উঠতে থাকে, ততই নতুন গ্রহ-উপগ্রহদের পরিপাশে চলে আসে একসময়। তখন আবার নতুন করে ভিন্ন রকম মাধ্যাকর্ষণ শক্তির বলয়ের মধ্যে নিজেদের অবস্থিতি উপলব্ধি হতে শুরু করে। হয়তো একটি নয়, একাধিক বিপুলদেহী বস্তুর টানে তারা এক প্রকার দিশেহারা হয়ে যায়—সে টানে এদিকে, ও টানে ওদিকে। অর্থাত্ একটি অতিবাস্তব বহুদেহী পরিস্থিতি। এর মাঝে নিউটনের বিপরীত বর্গনীতি অকেজো হয়ে যায় তা নয়, কিন্তু শূন্যযানের যাত্রাপথের মানচিত্রটি চট করে অঙ্ক কষে বের করে ফেলা একরকম দুঃসাধ্য হয়ে পড়ে। অথচ মহাশূন্যে যান প্রেরণের আগেই তার যাত্রাপথ সঠিকভাবে নিরূপণ করার প্রয়োজনীয়তা অপরিসীম, সেটা বলার অপেক্ষা রাখে না। তার মনে যে করেই হোক একটা নিখুঁত বা প্রায় নিখুঁত মানচিত্র দাঁড় করাতেই হবে, সেটাই হলো যাননিয়ন্ত্রণ কেন্দ্রের জ্ঞানী-গুণী বিজ্ঞানীদের অন্যতম প্রধান দায়িত্ব।
কিন্তু তার উপায় কী? নিউটনের মতো সোজা অঙ্ক কষে যদি সেটা জানা সম্ভব না হয় তাহলে বিকল্প আর কী পন্থা আছে?
সেসব কারণে ত্রিদেহী এবং বহুদেহী তত্ত্বের প্রতি গাণিতিকদের মনোযোগ একটা জরুরি পর্যায়ে পৌঁছে যায় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। তাঁরা উঠে পড়ে লেগে যান প্রথম তিন বস্তু, পরে বহু বস্তু সংবলিত সমাবেশে তাদের গতিপথের প্রকৃতি কী হবে, তা গণিতের মাধ্যমেই উদ্ধার করা। রীতিমতো একটা থমথমে অচলাবস্থা সৃষ্টি হয়ে যায় বলবিদ্যাবিষয়ক গণিতের গবেষণায়। ঠিক এই সময় ঘটে এক অভিনব ঘটনা।
তিন.
১৮৮৭ খ্রিষ্টাব্দে তত্কালীন যুক্তরাষ্ট্র, সুইডেন আর নরওয়ের রাজা তৃতীয় অস্কার তাঁর ষষ্ঠ ১০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটা এককালীন পুরস্কার ঘোষণা করার সিদ্ধান্ত নেন। ব্যক্তিগতভাবে রাজা অস্কার ছিলেন জ্ঞান-বিজ্ঞনের প্রতি দারুণ আকৃষ্ট। বিশেষ করে গণিতের প্রতি। বর্তমান যুগের রাজা-বাদশাদের দিকে তাকিয়ে আশ্চর্যজনক মনে হলেও এটা সত্য যে সে যুগে জ্ঞানের প্রতি প্রচণ্ড একটা আকর্ষণ ছিল অনেক নৃপতিরই। সে সুবাদেই তাঁর ঘনিষ্ঠতম বন্ধুদের মধ্যে অন্যতম ছিলেন সে সময়কার সুইডেন, তথা সারা ইউরোপের সেরা গাণিতিকদের মধ্যে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব মিটাগ-লেফ্লার (১৮৪৬-১৯২৭)। নামটা একটু অদ্ভুত মনে হচ্ছে হয়তো। মিটাগ তাঁর প্রথম নাম আর লেফ্লার পারিবারিক, নাকি উল্টোটা? আসলে কোনোটাই না। লোকটা সত্যি সত্যি একটু ভিন্ন প্রকৃতির পুরুষ ছিলেন। ঠিক নারীবাদী না হলেও নারীর সমান অধিকার এবং সামাজিক সম্মানের প্রতি ছিলেন দারুণ সহানুভূতিশীল এবং সে সময়কার চিন্তাধারার পরিপ্রেক্ষিতে ভীষণ মুক্তমনা। তাঁর বাবার নাম ছিল মিটাগ আর মায়ের অবিবাহিত নামটি ছিল লেফ্লার। জন্মকালে মিটাগ হলেও পরে তাঁর সঙ্গে মায়ের নামটি নিজেই যুক্ত করে নিলেন—হয়ে গেলেন মিটাগ-লেফ্লার। গণিতজগতের অত্যন্ত সম্মানিত একটি নাম। সুইডেনের অধিবাসীদের কাছে তিনি একজন জাতীয় হিরো।
মিটাগ-লেফ্লার সেকালের সর্বাধুনিক অমীমাংসিত গাণিতিক সমস্যাগুলো সম্বন্ধে পুরোপুরি ওয়াকিফহাল ছিলেন। জানতেন যে দাঁত-বসানো-শক্ত এমন সব সমস্যার মধ্যে একেবারে চূড়ায় বসে আছে ভরযুক্ত বস্তুর ত্রিদেহী, তথা বহুদেহী সমস্যা। তাই এটিই হোক রাজার জন্মদিনের নির্বাচিত সমস্যা, মনে মনে ঠিক করে ফেললেন তিনি। রাজা অস্কারের কাছে প্রস্তাব নিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি সানন্দে রাজি হয়ে গেলেন এবং সে অনুযায়ী গণিত জগতে বিস্তারিতভাবে সিদ্ধান্তটি প্রচার হয়ে গেল।
প্রতিভার স্বভাবটাই এমন যে সমস্যা যত কঠিন হবে তার প্রতি আকর্ষণটাও তেমন প্রবল হবে। তারা চ্যালেঞ্জ পছন্দ করে। সেকালের চ্যালেঞ্জ সৃষ্টিকর গাণিতিক সমস্যাগুলোর মধ্যে ত্রি-দেহী সমস্যা ছিল একেবারে প্রথম সারিতে। অতএব ঘোষণার সঙ্গে সঙ্গে দেশ-বিদেশের মেধাবী গবেষকদের মধ্যে সাড়া পড়ে গেল। একে তো সমস্যাটি এমনিতেই আকর্ষণীয়, তার ওপর পুরস্কার। সে তো আরও উত্তেজনার ব্যাপার। প্রতিযোগিতা শুরু হয়ে গেল তুমুল বিক্রমে।
এই প্রতিযোগীদের মধ্যে একজন ছিলেন ফ্রান্সের তত্কালীন তরুণ গাণিতিকদের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব আনরি পয়েনক্লেয়ার (১৮৫৪-১৯১২)। তিনি ছিলেন মূলত বলবিদ্যাবিশারদ—নিউটন থেকে শুরু করে, অয়লার, লাগ্রাঞ্জ, হ্যামিলটন, জ্যাকবি, এঁদের মতো শীর্ষস্থানীয় গবেষকদের যাবতীয় মৌলিক কাজের সঙ্গে সুপরিচিত। তিনি ত্রিদেহী সমস্যা নিয়ে আগেও অনেক ভাবনাচিন্তা করেছিলেন। পুরস্কার ঘোষণার পর সেটা মনোযোগের চরম পর্যায়ে পৌঁছে গেল। কিছুদিন একনিষ্ঠ গবেষণা করে তাঁর মনে হলো উত্তর পেয়ে গেছেন—এত দিনের দাঁত-বসানো-শক্ত সমস্যাটির পূর্ণ সমাধান তাঁর কাছে ধরা দিয়েছে! কাজটি একটু গোছগাছ করে সাজিয়ে মিটাগ-লেফ্লারের কাছে পাঠিয়ে দিলেন। মিটাগ-লেফ্লার বেশ মনোযোগ দিয়েই পড়লেন পেপারটি। কোনো রকম ফাঁকফোকর কোথাও আছে বলে মনে হলো না। তা ছাড়া গাণিতিক হিসেবে পয়েনক্লেয়ারের সুনাম সম্বন্ধে আগে থেকেই সচেতন ছিলেন তিনি—এ লোক কোনো কাঁচা কাজ করবে না সে বিশ্বাস তাঁর যথেষ্টই ছিল। দুরূহ সমস্যার সাবলীল সমাধান পেয়ে মিটাগ-লেফ্লার মহাখুশি। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, পুরস্কারের সুযোগ্য প্রাপক আনরি পয়েনক্লেয়ার। এই মর্মে ঘোষণা প্রচার হয়ে গেল গণিতজগতে। সাড়া পড়ে গেল চতুর্দিকে। বিজ্ঞানজগতের উত্তেজনা রাজনৈতিক উত্তেজনার চেয়ে কোনো অংশেই কম নয়। নিশ্চয়ই কালজয়ী প্রতিভা হবে লোকটা—পয়েনক্লেয়ারের সুনাম আরও শতগুণে ছড়িয়ে পড়ল গণিতের ঊর্ধ্বমহলে। রাজপ্রাসাদে যথাযথ আড়ম্বরের সাথে পুরস্কার প্রদান পর্ব সমাপ্ত হবার পর পেপারটি মিটাগ-লেফ্লার সাহেব ছাপার জন্য পাঠিয়ে দেন তাঁর নিজেরই প্রতিষ্ঠিত সে সময়কার এক শীর্ষস্থানীয় গাণিতিক জার্নালে। সেটার ভুলভ্রান্তি কিছু পেলে সেগুলো শুধরে প্রুফ দেখার ভার দেওয়া হলো অ্যাডভ্যান ফ্র্যাগমেনের কাছে (এই ভদ্রলোক বয়সে তখন খুব তরুণ হলেও ভবিষ্যতের বিরাট সম্ভাবনার ইঙ্গিত দিয়ে মিটাগ-লেফ্লারের আস্থাভাজন হয়ে উঠেছিলেন)। ফ্র্যাগমেন প্রুফ দেখাকালে পয়েনক্লেয়ারের থেওরেমের প্রমাণটিতে যৌক্তিক স্খলন দেখতে পেলেন কিছুটা এবং সে মর্মে মঁসিয়ে পয়েনক্লেয়ারের কাছে একটি পত্র পাঠিয়ে দিলেন, যদিও পেপার প্রকাশের ব্যাপারে কোনো সমস্যা আছে এমন কোনো দুর্বিনীত ইঙ্গিত ছিল না তাঁর প্রুফ দেখাতে। যথাসময়ে পেপার ছাপা হয়ে গেল এবং অত্যন্ত তীক্ষ্ন দৃষ্টিতে না দেখলে তাতে কারোরই কোনো ফাঁকফোকর চোখে পড়ার কথা নয়, যেমন পড়েনি স্বয়ং মিটাগ-লেফ্লারের চোখে। কিন্তু ফ্র্যাগমেনের চিঠি পড়ার পর পয়েনক্লেয়ার যখন দ্বিতীয়বার তাঁর কাজটি নেড়ে চেড়ে দেখলেন, তখন তাঁর মাথা ঘুরে গেল—সর্বনাশ, এ তো ডাহা ভুল। গোটা ব্যাপারটাই, প্রমাণের যুক্তিই কেবল নয়, প্রমাণিতব্য সিদ্ধান্তটিও। মানে নিউটনের কলনশাস্ত্র আর প্রথাগত কলাকৌশলগুলো ব্যবহার করে যে ফলাফল তিনি পেয়েছিলেন তা আপাতদৃষ্টিতে যুক্তিসংগত মনে হলেও আসলে তা নয়। সে কী লজ্জা পয়েনক্লেয়ার সাহেবের—পত্রিকা বের হয়ে গেছে ইতিমধ্যে। সবাই জেনে গেছে ত্রিদেহী সমস্যার চূড়ান্ত মীমাংসা হয়ে গেছে। তিনি তখন তাড়াহুড়ো করে সম্পাদক মিটাগ-লেফ্লারের কাছে খবর পাঠালেন যে প্রকাশিত পেপারটি তিনি প্রত্যাহার করছেন এবং সংশোধিত কাজ শেষ হয়ে গেলে তার পুনঃপ্রকাশের সম্পূর্ণ ব্যয়ভার তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে বহন করবেন। মিটাগ-লেফ্লার আগ্রহ সহকারেই রাজি হয়ে গেলেন তাঁর প্রস্তাবে। (ক্রমশ:)

মীজান রহমান, গণিতবিদ
অটোয়া, কানাডা