বাগানে চোখ জুড়ানো স্ট্রবেরি তবু ভালো নেই কৃষক

মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের করল্যাছড়ি এলাকার বিদ্যালয় শিক্ষক বিমল ব্রত চাকমার বাগানজুড়ে ফলেছে স্ট্রবেরি ফল। দুই একর সমতলভূমিতে সাড়ে ছয় হাজার গাছ নিয়ে তাঁর বাগান। বাগানের খড় বিছানো সারি সারি বেডের ওপর শোভা পাচ্ছে লাল টসটসে চোখ জুড়ানো স্ট্রবেরি। কিন্তু এমন ফলনের পরও হতাশ বিমল ব্রত।
কেন হতাশ? প্রশ্ন করতেই বিমল ব্রতের মুখে হতাশার কালো মেঘ জমে। বললেন, ‘বাগানের ফল তোলার চার থেকে পাঁচ দিনের মাথায় পচন ধরে। এত অল্প সময়ে কোথায় বাজারজাত করব? তা ছাড়া চারা ও চাষের উপকরণের পেছনে যত খরচ গেছে বিক্রি করে তেমন দাম উঠবে কি না তা নিয়ে সংশয় আছে।’
কেবল বিমল ব্রত নন, খাগড়াছড়ি এলাকায় তাঁর মতো বহু স্ট্রবেরিচাষির এখন একটাই দুশ্চিন্তা, কীভাবে বিক্রি করবেন খেতের ফসল? সংরক্ষণের ব্যবস্থা ও প্রক্রিয়াজাত কারখানা না থাকায় কম দামে ফল বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় দেখছেন না তাঁরা।
স্থানীয় স্ট্রবেরিচাষিরা জানান, খাগড়াছড়িতে স্ট্রবেরির ক্রেতা নেই। প্রতি কেজি স্ট্রবেরি ছয় থেকে সাত শ টাকা দামে বিক্রি হয় শহরের বাজারে। দুর্গম এলাকা হওয়ায় শহরে পৌঁছাতে সময় লেগে যায়। ফলে বাজারজাত করার আগেই সতেজতা হারায় ফলগুলো।
বিমল ব্রত চাকমা জানান, বাগানে প্রচুর ফল পাকলেও বিক্রি করা যাচ্ছে না। সরকারি বা বেসরকারি উদ্যোগে বিদেশে রপ্তানিরও সুযোগ নেই। এবার চাষ করতে খরচ হয়েছে আড়াই লাখ টাকার মতো। লাভ তো দূরের কথা সে টাকা উঠে আসবে কি না, এখন সেটাই ভাবছেন তিনি।
একই এলাকার স্ট্রবেরিচাষি ছোটন চাকমাও ফল বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছেন। তিনি বলেন, ফল তোলার চার থেকে পাঁচ দিন পর্যন্ত রাখা যায়, এর চেয়ে বেশি সময় রাখলে ফল পচে যায়। বাগানের অনেক ফল নষ্ট হয়েছে বলে তিনি জানান। তিনিও চাষের খরচ তুলতে পারবেন না বলে আশঙ্কা করছেন।

খাগড়াছড়ি খেজুরবাগান হর্টিকালচার সেন্টরের উদ্যানতত্ত্ববিদ অমর ফারুক বলেন, স্থানীয়ভাবে কম টাকায় চারা পাওয়া গেলে চাষিরা চাষ করার আগ্রহ পাবেন। এ বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ আছে। স্ট্রবেরি সংগ্রহের পর দ্রুত বাজারজাত করতে হয়। এখানে বাজারজাতের সমস্যা আছে। সরকারি বা বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীরা এগিয়ে এলে এ সমস্য সমাধান হবে।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস বলেন, জেলায় স্ট্রবেরি সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই এ অঞ্চলে ক্ষুদ্র পরিসরে হলেও সংরক্ষণাগার এবং ফল প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা জরুরি। তেমনটি হলে কৃষকেরা ফলনের দাম পেতেন আর স্ট্রবেরি চাষও বাড়ত।