কেন্দ্রের সতর্ক বার্তা, দল থেকে বহিষ্কারের খড়্গ—কোনো কিছু আটকাতে পারেনি তাঁদের। ঠিকই দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে নেমেছেন বিদ্রোহীরা। এই চিত্র কক্সবাজারের উখিয়া ও চট্টগ্রামের আনোয়ারার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। শেষ পর্যন্ত বিদ্রোহী বাগে আনতে না পারায় বিপাকে রয়েছে আওয়ামী লীগ-বিএনপি দুই দলই।
কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচটি ইউপির তিনটি—হলদিয়াপালং, জালিয়াপালং ও পালংখালীতে আওয়ামী লীগের চার বিদ্রোহী লড়ছেন। অন্যদিকে পালংখালী ও রত্নাপালংয়ে রয়েছেন বিএনপির তিন বিদ্রোহী প্রার্থী। এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারায় আট ইউনিয়নে আওয়ামী লীগের ও তিন ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
৪ জুন উখিয়ার পাঁচটি ও আনোয়ারায় ১১ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উখিয়া: আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, হলদিয়াপালংয়ে দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম। কিন্তু দলের সিদ্ধান্ত মানেননি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী। তাঁরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন। এ ছাড়া জালিয়াপালংয়ে দলীয় প্রার্থী ইউনিয়ন শাখার সভাপতি এস এম ছৈয়দ আলমের বিপক্ষে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও পালংখালীতে দলীয় প্রার্থী জেলা যুবলীগের দপ্তর সম্পাদক শাহাদত হোসেনের বিপক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে রাজাপালং ও রত্নাপালংয়ে বিদ্রোহী প্রার্থী নেই। এতে রাজাপালংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী ও রত্নাপালংয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা দলীয় প্রার্থী হিসেবে লড়ছেন।
আওয়ামী লীগ–সমর্থিত কয়েকজন ভোটার জানান, বিদ্রোহী প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগের কারণে আওয়ামী লীগের দলীয় মনোনীত একক প্রার্থীরা বিপাকে পড়েছেন। দলের একটি অংশ বিদ্রোহী প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন।
জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা প্রথম আলোকে বলেন, নৌকার বিপক্ষে কোনো আওয়ামী লীগ পরিবারের লোকজন প্রার্থী হতে পারে না। তাই সময় থাকতে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হবে।
এদিকে বিএনপির নেতা-কর্মীরা জানান, রাজাপালং ইউনিয়নে জেলা বিএনপি সভাপতির মেজো ছেলে তারেক মাহমুদ চৌধুরী, হলদিয়াপালংয়ে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শামশুল হক, জালিয়াপালংয়ে ইউনিয়ন বিএনপির দক্ষিণ শাখার সভাপতি নুরুল আমিন চৌধুরী, পালংখালীতে দলীয় প্রার্থী ইউনিয়ন শাখার সভাপতি হেলাল উদ্দিন ও রত্নাপালংয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কবির চৌধুরী বিএনপির মনোনীত প্রার্থী। কিন্তু দলের বাইরে গিয়ে পালংখালীতে নাগরিক পরিষদের ব্যানারে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম গফুর উদ্দিন চৌধুরী এবং রত্নাপালংয়ে জেলা বিএনপির সদস্য খাইরুল আলম চৌধুরী ও ইউনিয়ন সভাপতি আব্বাস উদ্দিন প্রার্থী হয়েছেন।
এ প্রসঙ্গে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের দলে বিদ্রোহী প্রার্থী নেই। পাঁচটি ইউনিয়নে দল মনোনীত প্রার্থীর বাইরে কেবল পালংখালীতে বর্তমান ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী ও রত্নাপালংয়ে জেলা বিএনপির সদস্য খাইরুল আলম চৌধুরী কৌশলগত কারণে মনোনয়নপত্র দাখিল করেছেন।’
তবে এম গফুর উদ্দিন চৌধুরী ও খাইরুল আলম চৌধুরী জেলা বিএনপির সভাপতির বক্তব্যের প্রতিবাদ করে বলেন, তাঁরা কৌশলগত প্রার্থী নন। শেষ পর্যন্ত ভোটের যুদ্ধে থাকবেন।
আনোয়ারা: আনোয়ারা উপজেলার ১১ ইউপির মধ্যে আটটিতে আওয়ামী লীগের ও তিনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে আছেন। এতে করে বেকায়দায় আছেন দুই দলেরই দলীয় প্রার্থী।
উপজেলার বৈরাগ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নোয়াব আলীর পাশাপাশি বিমান শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ সোলায়মান নির্বাচন করছেন। ওই ইউনিয়নে দলীয় মনোনয়নের জন্য স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী মোহাম্মদ সোলায়মানের নাম পাঠালেও কেন্দ্র থেকে নোয়াব আলীকে প্রার্থী করা হয়। অপরদিকে বিএনপির মো. নাছির উদ্দিন ছাড়াও নির্বাচন করছেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল লতিফ ফারুকী।
বারশত ইউনিয়নে আওয়ামী লীগের আবদুল কাইয়ুম শাহর পাশাপাশি মাঠে আছেন দলের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগের সমর্থক আবদুল লতিফ। বটতলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী দলীয় মনোনয়ন পেলেও স্বতন্ত্র িহসেবে নির্বাচন করছেন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিন।
বরুমচড়া ইউনিয়নে বড় দুই দলেই বিদ্রোহীরা মাঠ ছাড়েননি। আওয়ামী লীগের প্রার্থী শাহাদাত হোসেন চৌধুরীর পাশাপাশি মাঠে আছেন বিদ্রোহী প্রার্থী যুবলীগের নেতা খোরশেদ আলম। একই অবস্থা বিএনপিতেও। সমানে প্রচারণা চালাচ্ছেন দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুছ।
বারখাইন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য এস এম আলমগীর চৌধুরী ও আবদুল গাফফার চৌধুরী নির্বাচন করছেন। আনোয়ারা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের অসীম কুমার দেব ‘এক ঝাঁক’ বিদ্রোহী নিয়ে বিপাকে পড়েছেন। এ ইউনিয়নে স্বতন্ত্র হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ, দিদারুল আলম, অনুপম চক্রবর্তী, ফারুক উদ্দিন আহমদ ও যিশু মিত্র। তাঁরা সবাই আওয়ামী লীগের সমর্থক। এ ছাড়া বিএনপির নূর আলীর পাশাপাশি বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল ধর।
চাতরী ইউনিয়নে বিএনপিতে রয়েছে একক প্রার্থী জাকির আহমদ। আর আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিনকে মোকবিলা করতে হচ্ছে দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ চৌধুরীকেও।
জুঁইদণ্ডী ইউনিয়নে আওয়ামী লীগের মাহফুজুর রহমান ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিচ ও রাশেদুল ইসলাম নির্বাচন করছেন। ওই ইউনিয়নে বিএনপির প্রার্থী নেই।