বাগেরহাট বন্ধুসভার বিতর্ক প্রতিযোগিতা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথম আলো বাগেরহাট বন্ধুসভা আয়োজন করে আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা। ৬ জুন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে বাগেরহাট বন্ধুসভা দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দলনেতা নাফ্ফাতুল জিনান।
বাগেরহাট জেলা সদর ও ফকিরহাট উপজেলার আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক চৌধুরী আবদুর রব বলেন, ‘বিতর্ক জ্ঞান অর্জনের একটি সহায়ক শক্তি যা মানুষকে জ্ঞানী হওয়ার পাশাপাশি যুক্তিনির্ভর ও বিজ্ঞানমনষ্ক হতে সহযোগিতা করে। বিতর্ক মানুষকে ধৈর্যশীল করে।’
বিশেষ অতিথি হিসেবে বাগেরহাট বন্ধুসভার উপদেষ্টা ও সরকারি পিসি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক কমল কুমার ঘোষ বলেন, ‘প্রথম আলো সংবাদপত্রের গৎবাঁধা ধারা থেকে বেরিয়ে সমাজের জন্য কিছু করছে।’
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো বাগেরহাটের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বহুমুখী কলেজিয়েট স্কুল, রাংদিয়া কলেজিয়েট স্কুল, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক উচ্চবিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দশানী আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও ফকিরহাটের শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
বাগেরহাট বন্ধুসভা