বাগ্মী ও খামারি কাস্ত্রো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উব্রা ব্লাঙ্কা নামের গাভিটা দেখতে গিয়েছিলেন কাস্ত্রো
উব্রা ব্লাঙ্কা নামের গাভিটা দেখতে গিয়েছিলেন কাস্ত্রো

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো নানা কারণে মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবেন। মহান এই বিপ্লবীকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস মনে রেখেছে দুটো বিষয়ের সঙ্গী করে। প্রথমটি হচ্ছে তাঁর বাগ্মিতার কীর্তি, অন্যটি তাঁর বিস্ময়কর গাভি উব্রা ব্লাঙ্কার জন্য।

প্রথম ঘটনাটি ১৯৬০ সালের ২৯ সেপ্টেম্বরের। সেদিন জাতিসংঘের অধিবেশনে কিউবার প্রতিনিধি হিসেবে ৪ ঘণ্টা ২৯ মিনিটের দীর্ঘ বক্তব্য দেন ফিদেল কাস্ত্রো। যা এখন পর্যন্ত জাতিসংঘে দেওয়া দীর্ঘ বক্তব্যের তালিকায় প্রথমে রেখেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। শুধু এটাই নয়, তাঁর বাগ্মিতার আরেকটি ঘটনা রয়েছে। তিনি ১৯৮৬ সালে হাভানায় কমিউনিস্ট পার্টির তৃতীয় সম্মেলনে বক্তব্য রেখেছিলেন টানা ৭ ঘণ্টা ১০ মিনিট। তবে ফিদেল কাস্ত্রোর দীর্ঘ বক্তব্য যাঁদের উদ্দেশে, সেই অনুসারীরা কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন।

এবার জানা যাক বিস্ময় গাভি উব্রা ব্লাঙ্কার রেকর্ড সৃষ্টির কথা। ১৯৮০ সালে সমাজতান্ত্রিক কিউবাতে কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য নানা ধরনের সমন্বিত প্রকল্প নেওয়া হয়েছিল। তার অংশ হিসেবে ছিল কয়েকটি গরু পালন প্রকল্প। যার একটিতে ছিল কাস্ত্রোর পছন্দের উব্রা ব্লাঙ্কা নামের একটি গাভি। পছন্দ করবেনই না কেন, গাভিটা যে দৈনিক প্রায় ১১০ লিটার দুধ দিত! সে সময় উব্রা ব্লাঙ্কা যে পরিমাণ দুধ দিত তা ছিল অন্যান্য গাভির চেয়ে চার গুণ বেশি। অল্প দিনেই কিউবার সমৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়ায় উব্রা ব্লাঙ্কা। তখনই বেশি পরিমাণে দুধ দেওয়া গাভি হিসেবে উব্রা ব্লাঙ্কা জায়গা করে নেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইয়ে। শুধু রেকর্ডই নয়, কিউবায় একটি ডাকটিকিটের প্রচলনও করা হয়েছিল উব্রা ব্লাঙ্কার ‘সম্মানে’! গাভির পাশে দাঁড়িয়ে তোলা ফিদেল কাস্ত্রোর ছবিটি আজও মনে করিয়ে দেয় সেই স্মৃতি।

সূত্র: ইনডিপেনডেন্ট