বাঘ কমে যাওয়ার কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* কিছুদিন আগে দেশে গবাদিপশুশুমারি হয়েছিল, তাতে দেখা গেছে অতীতের তুলনায় দেশে ছাগলের সংখ্যা অনেক বেড়েছে। ছাগল বাঘের খাদ্য। বাস্তুতন্ত্রের সূত্র অনুযায়ী খাদ্য এবং খাদকের মধ্যে খাদক কমলে খাদ্য বাড়বে! স্বাভাবিকভাবেই ছাগলের সংখ্যা যেহেতু বেড়েছে, তাই বাঘের সংখ্যা কমেছে।
* বাংলাদেশ ক্রিকেট দল গত বছরের তুলনায় তো বটেই, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে ভালো অবস্থানে আছে। দলে একের পর এক তরুণ বাঘদের (সাব্বির, সৌম্য, মুস্তাফিজ, লিটন...) সংখ্যা বাড়ছে। ক্রিকেট দলে বাঘের সংখ্যা বেড়ে যাওয়ায় সুন্দরবনের বাঘের সংখ্যা কমে থাকতে পারে।
* দেশে অবাধে চলছে ভারতীয় চ্যানেল এবং সেই সঙ্গে ভারতীয় সিরিয়াল। আর ভারতীয় সিরিয়ালের কারণে ঈদের বাজারে ‘কিরণমালা’ বা ‘পাখি’ নামধারী জামাগুলোর জনপ্রিয়তা বাড়ছে! অথচ রয়েল বেঙ্গল টাইগার নাম হওয়া সত্ত্বেও বাঘদের নামে বাজারে কোনো পোশাক নেই! তাই হয় তো এই অভিমানে নিজেদের সংখ্যা কমিয়ে ফেলেছে।
* তিস্তা চুক্তি হবে হবে করে আটকে আছে। এদিকে গ্রীষ্ম এলেই দেশের নদ-নদী আরও শুকিয়ে যাচ্ছে! এতে বাঘদের গোসল ও অন্যান্য কাজে পানির অভাব দেখা দিয়েছে। তাই বাধ্য হয়েই তিস্তা চুক্তির কতদূর কী হলো, তা জানার জন্য কিছু বাঘ ভারতে চলে গেছে। এ জন্যই অতীতের তুলনায় বাঘের সংখ্যা কম।
* বাংলাদেশে এখন মানুষের নিরাপত্তা কমে গিয়েছে। যত্রতত্র মানুষ খুন তো হচ্ছেই এমনকি গুলি খাচ্ছে গর্ভের শিশুও! দেশের মানুষের হাতে যদি মানুষেরই নিরাপত্তা না থাকে তাহলে বাঘের নিরাপত্তা কীভাবে থাকবে? মানুষের কাছ থেকে নিজেদের নিরাপদ রাখতেই কিছু বাঘ অভিবাসী হয়ে অন্যত্র চলে গিয়েছে।
* গত কয়েক মাস ধরে সুন্দরবনের নদীকে হালচাষের জমি ভেবে কেউ ফেলেছে সার, কেউ আবার অফিসের বড় কর্তা ভেবে কেউ দিয়েছে তেল! এমন মূল্যবান সব সার-তেল তো আর এমনি এমনি নষ্ট হতে দেওয়া যায় না। তাই বনের রাজা বাঘ ওসব সার-তেল নিয়ে আশপাশের দেশগুলোতে রপ্তানির ঠিকাদারি ব্যবসা শুরু করেছে। এ জন্য বাঘদের ইদানীং দেশ-বিদেশ করে বেড়াতে হচ্ছে। বাঘ কমে যাওয়ার এটাও বড় কারণ হতে পারে।