বাঘ নয় বাগডাশ!
চার পা বেঁধে একটি ভ্যানগাড়ির ওপর ফেলে রাখা হয়েছে। গলায় দড়ি দিয়ে প্রায় ফাঁস পরানো। মুখ দিয়ে ঝরছে লালা। ভ্যানগাড়ির চারপাশ ঘিরে দাঁড়িয়ে উৎসুক শিশু-কিশোরেরা। কেউ বলছে বন বিড়াল, কেউ বলছে মেছোবাঘ, আবার কেউ বলছে বাঘের বাচ্চা।গত রোববার বিকেলে নগরের সিআরবি এলাকায় রেলওয়ে কলোনি পুলিশ ফাঁড়ির সামনেই এই দৃশ্য দেখা যায়। বাঘের বাচ্চা ধরা হয়েছে শুনে রেলওয়ে কলোনি পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রাণীটিকে নিজেদের জিম্মায় নেন। পরে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এসে শনাক্ত করেন। তাঁরা জানান, এটি একটি পূর্ণবয়স্ক মাদি বাগডাশ।মাথাটা ছোট ত্রিকোণাকার। শরীর সাদা, কালো ও ছাই রঙা পশমে ঢাকা। গলায় নিচের অংশে যেন কালো রঙের বেল্ট পরানো। লেজের পুরোটাই সাদা-কালো ডোরাকাটা। থাবায় ধারালো নখ। ধরা পড়া মাদি বাগডাশটির উচ্চতা দেড় ফুট, প্রস্থে তিন ফুটের মতো। ওজন আনুমানিক চার কেজি। গত রোববার দুপুরে সিআরবি এলাকায় খেলাধুলা করছিল পার্শ্ববর্তী ব্রয়লার এভিনিউ ও জামতল বস্তির শিশুরা। বেলা আড়াইটার দিকে জেলা পুলিশ সুপারের বাংলোর উল্টোদিকের পাহাড় থেকে নেমে আসে মাদি বাগডাশটি। দৌড়ে ঢুকে পড়ে সড়কসংলগ্ন নালার ঢাকনার নিচে। এরপর শিশুরা নালার ওই অংশের দুই পাশ ঘিরে ফেলে। এক পাশে খড়কুটো দিয়ে আগুন জ্বেলে দেয়। অন্য পাশ থেকে খোঁচাতে থাকে লাঠি দিয়ে। রুবেল, সাগর, রাজীবসহ ১০ থেকে ১৫ জন শিশু উত্ত্যক্ত করতে করতে একপর্যায়ে কৌশলে ধরে ফেলে। স্থানীয় ব্রয়লার এভিনিউয়ের বাসিন্দা ভ্যানচালক মো. সুমন প্রথম আলোকে বলেন, ‘ছেলেরা ধোঁয়া দিয়ে নালার ভেতর বাগডাশটি আটকে রাখে। আমি বাঁশের মাথায় দড়ি দিয়ে ফাঁস বানিয়ে ওটার গলায় পরিয়ে দিই। তারপর নালা থেকে বের করে আনি।’ বাগডাশটিকে মারধর করার কথা অস্বীকার করে সুমন বলেন, ‘ধোঁয়ার কারণে এটি ক্লান্ত হয়ে আছে। এখন বাঁধন ছেড়ে দিলে দৌড়ে পালাবে।’স্থানীয় বাসিন্দা ও পুলিশ ফাঁড়ির সদস্যরা প্রথম আলোকে জানান, একই রকমের আরও দুটি ছোট আকারের প্রাণী নিয়মিত দেখা যায় পুলিশ সুপারের বাসভবনের পাহাড়ে।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা জগলুল হোসেন জানান, বাগডাশ বিড়াল প্রজাতির নিশাচর ও মাংসাশী প্রাণী। উচ্চতা সর্বোচ্চ দুই ফুট পর্যন্ত হয়। এরা সাধারণত মুরগি ও ছোট প্রজাতির প্রাণী খেয়ে থাকে। জঙ্গল ও খাবারের প্রাপ্যতা কমে যাওয়ায় এরা দিনের বেলায় লোকালয়ে বেরিয়ে আসে। আর লোকালয়ে এলেই অজ্ঞতাবশত লোকজন বাগডাশ মারতে উদ্যত হয়। এ কারণে বাগডাশের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার বলেন, ‘চিকিৎসার পর গত রোববার রাতে বাগডাশটি ষোলশহর বন গবেষণাগারের কাছে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।’