
বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছা অনেক দিন ধরে। সময় হচ্ছিল না। এরা চিড়িয়াখানা দেখেনি। ঢাকা শহরের বাচ্চারা অনেক কিছুই দেখেনি। তারা শুধু শুনেছে। এই শোনার মধ্যে আবার কিছু অতিরঞ্জিত বিষয় আছে। যেমন সিংহ গর্জন করলে আকাশে বজ্রপাত হয়, বাঘের খাঁচার সামনে গিয়ে বাদাম দিলে বাঘ সেটা ছিলে ছিলে খেয়ে ফেলে। বাংলাদেশে থাকার কারণে বাদাম খাওয়ার অভ্যাস হয়তো হয়ে গেছে বাঘের। তা ছাড়া প্রতিদিন মাছ-মাংস খেতে ভালোও লাগার কথা নয়।
কিছু বাচ্চাকাচ্চা নিয়ে একদিন রওনা হলাম মিরপুর চিড়িয়াখানায়। বাচ্চারা মহা আগ্রহে বাঘ-সিংহ দেখার জন্য অপেক্ষা করছে। একজন আরেকজনকে ‘হালুম’ বলে ভয় দেখাচ্ছে। কেউ ভয় পাচ্ছে না, সবাই হাসছে। আমি নিজেও সিংহ দেখার জন্য মুখিয়ে আছি। বনের রাজা সিংহ না দেখলে জীবনই বৃথা।
চিড়িয়াখানায় গিয়ে মোটামুটিভাবে নিরাশ হলাম। দুর্গন্ধে ভরা। কিছু খাঁচা খালি পড়ে আছে। বাংলার বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার মুখ বেজার করে বিরক্ত ভঙ্গিতে বসে আছে। বাচ্চারা খাঁচার সামনে গিয়ে দাঁড়াল। খাঁচার সামনে গেলে বাঘ ভেতর থেকে হাত ধরে টান দেয় বলে শুনেছিলাম। বাস্তবে তেমন কিছু দেখলাম না।
আমি গভীর আগ্রহে সিংহের খাঁচা খুঁজতে লাগলাম। সিংহ দেখে যদি হতাশা কিছুটা কমে। তা ছাড়া সিংহ গর্জন করলে আকাশে বজ্রপাত হয় বলে শুনেছি—জিনিসটির সত্যতা যাচাই করা দরকার।
অনেক খুঁজে সিংহের খাঁচা বের করলাম। মনোযোগ দিয়ে সিংহ দেখলাম। দেখে নিজেই ‘থান্ডার’ হয়ে গেলাম। সিংহটি আমরণ অনশনে আছে বলে মন হলো। গায়ের প্রতিটি হাড্ডি গোনা যাচ্ছে। তবে বাচ্চারা দারুণ খুশি হলো। তারা জিজ্ঞেস করল, বাঘ মামা আর সিংহ আঙ্কেলের মধ্যে লড়াই লাগলে কে জিতবে?
আমি বললাম, ড্র হবে। বাচ্চারা এই উত্তরে সন্তুষ্ট না। তারা হার-জিত চায়। ওদের খুশি করার জন্য বললাম, এখন লড়াই হলে বাঘমামা জিতবে। কারণ সিংহ আঙ্কেল অনশনে আছে।
বানরের খাঁচার সামনে বাচ্চারা সবচেয়ে বেশি উপভোগ করল। বানরকে ভেংচি কাটলে তারাও ভেংচি কাটে। খাঁচার ভেতরে বাদাম ছুড়ে দিলে আগ্রহ করে খায়। বাচ্চারা বাদাম দিতে লাগল। কিচিরমিচির শব্দে উৎসবমুখর হয়ে উঠল বানরগুলো। বানর জাতির ভাষা কিছুটা তামিল ভাষার সঙ্গে মিল মনে হলো।
চিড়িয়াখানার কুমির দুটি মোট। একটি মিঠা পানির, আরেকটি নোনা পানির। সেখানে তেমন ভিড় নেই। চৌকা সাইজের এই প্রাণী দেখতে সম্ভবত কেউ আগ্রহী না। শকুনের খাঁচার সামনে ভিড় দেখা গেল। বাচ্চাদের নিয়ে সেখানে গেলাম। দানবীয় সাইজের এই পাখি দেখে বাচ্চারা একই সঙ্গে ভয় ও আনন্দ পেল। আমি নিজেও কিছুটা ভয় পেলাম। শকুনের চেহারায় ভয়ংকর হিংস্রতার ছাপ। তাকালেই মনে হয় খুন করতে আসছে। তবে বাচ্চাদের সামনে চেপে গেলাম ভয়টা। হাসিমুখে বললাম, এটা তো সামান্য কাকজাতীয় পাখি। ভয়ের কিছুই নেই।
চিড়িয়াখানা থেকে বের হলাম বিকেল পাঁচটার দিকে। আমি বিশেষ কোনো আনন্দ পেলাম না। প্রতিটি প্রাণীকে নির্জীব মনে হলো। নিজের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে খাঁচায় থাকতে থাকতে এরা হয়তো ভুলে গেছে কে কোন প্রাণী। আমার কেন জানি মন খারাপ হলো এদের জন্য। কোনো কোনো প্রাণীকে আনা হয়েছে অন্য দেশ থেকে। এদের পরিবার-পরিজন নিশ্চয়ই সেই দেশেই রয়ে গেছে।
বাচ্চারা মহাখুশি। তারা হইহুল্লোড় করছে। তবে কিছুটা দুঃখও আছে। বাঘমামার সঙ্গে ছবি তুলতে না পারার দুঃখ। আমি ওদের বললাম, আরেক দিন এসে বাঘমামার সঙ্গে ছবি তুলে যাব সবাই মিলে। আজ বাঘমামার মন খারাপ। তার পরিবারের সবাই রয়েছে বনে। সে একা এখানে বন্দী।
বাচ্চারা আমার কথা বুঝল না। আমাকে ‘হালুম’ বলে ভয় দেখানোর চেষ্টা করল। আমি ভয় পাওয়ার ভঙ্গি করে ওদের জড়িয়ে ধরলাম।
জন রাসেল
ঢাকা