বাঘডাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই আমার বিভিন্ন শখ ছিল। তার মধ্যে একটি হলো কবুতর পালা। কবুতর আমার খুব প্রিয়। তাই ছোটবেলা যখন গ্রামে ছিলাম, তখন আমরা তিন-চারজন বন্ধু মিলে কবুতর পালতাম। আমাদের বাড়ি খুব বড় ছিল বলে বাড়ির পেছন দিকে বাগানের সঙ্গেই কবুতরের ঘর বানিয়েছিলাম। ভালোই যাচ্ছিল দিনগুলো। কিন্তু কিছুদিন যাওয়ার পর একটি একটি করে কবুতরগুলো উধাও হতে লাগল। আমাদের বুঝতে বাকি রইল না যে, এগুলো বাঘডাশের কাজ। তখন আমাদের গ্রামে প্রচুর বাঘডাশ ছিল। প্রতিদিন কারও না কারও মুরগি-হাঁস এগুলো খেয়ে ফেলত। এমনই একদিন আমাদের বাড়িতে বড় আপা ও দুলাভাই বেড়াতে এলেন। দুলাভাই আমাদের কবুতর দেখে মহাখুশি। তখন আমি বাঘডাশের কথা দুলাভাইকে জানালাম। দুলাভাই আমাদের এ ব্যাপারে দ্রুত একটা পদক্ষেপ নেওয়ার কথা বললেন। আমরা যেসব বন্ধু মিলে কবুতর পালতাম, সবাই মিলে একটা বুদ্ধি বের করলাম। বুদ্ধি অনুযায়ী এক রাতে বন্ধুরা সবাই জেগে রইলাম। সবার সঙ্গে ছিল শক্ত বাঁশ ও টর্চলাইট। তো, হঠা ৎ একসময় দেখি কবুতরের ঘরে কী যেন নড়ছে। সেখানে টর্চলাইটের আলো ধরতেই মনে হলো বাঘডাশ। সবাই মিলে ধাওয়া করতেই বাঘডাশ দিল দৌড় বাগানের ভেতর। বাগানে একটি ঝোপ ছিল। আমরা সেখানে যেতেই দেখি ঝোপের মধ্যে কী যেন নড়ছে। নিঃসন্দেহ হলাম—এ নিশ্চয়ই সেই পাজি বাঘডাশ। সবাই মিলে ঝোপের মধ্যে অন্ধকারে ইচ্ছেমতো পেটালাম ওটাকে। কতক্ষণ পেটানোর পর দেখি মানুষের কাতরানোর আওয়াজ। ঝোপে টর্চলাইট মারতেই দেখি দুলাভাই আধা মরা হয়ে পড়ে আছেন!আসলে রাতের বেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েই দুলাভাইয়ের এ রকম অবস্থা। সেবারের মতো দুলাভাইকে তিন দিন জ্বরে ভুগতে হয়েছিল। এরপর থেকে আর কখনো দুলাভাই বেড়াতে এলে রাতে বের হতেন না। মো. মামুন কবীর খানদনিয়া, ঢাকা