বাঘদের পত্রিকার কাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রপত্রিকার আলোড়ন সৃষ্টিকারী খবর হলো, শ্যামলী থেকে তিনটি বাঘের বাচ্চা উদ্ধার। আমাদের মিডিয়ার কথা আমরা জানি। কিন্তু বাঘদের মিডিয়াতে ঘটনাটা কেমন আলোচিত হয়েছে, কিংবা বাঘসমাজ কী ভাবছে, তা আমরা জানি না। তাই পাঠকদের সুবিধার্থে বাঘদের পত্রিকাগুলোর কিছু দুষ্প্রাপ্য কাটিং ছাপা হলো রস+আলোতে। ব্যাঘ্রভাষা থেকে খবর ও বিজ্ঞাপনগুলো অনুবাদ করেছেন বিশিষ্ট বাঘপ্রেমী আদনান মুকিত আঁকা: জুনায়েদদৈনিক বাঘের ডাক১৭ মে ২০১২বাচ্চারা, তোমরা ফিরে এসোপ্রিয় সন্তানেরা, তোমাদের আর বকা দেওয়া হবে না। হরিণের শিং নিয়ে নাড়াচাড়া করলে ‘চোখে গুঁতা লাগবে!’ বলে কেউ ঝাড়ি দেবে না। গুহার বাইরে যেতে চাইলে যেতে দেওয়া হবে। তোমরা যা খেতে চাইবে, তা-ই খেতে দেওয়া হবে। রাতে চিৎকার করলে তোমাদের মা আর কখনো থাবা দিয়ে থামিয়ে দেবে না। প্লিজ, তোমরা ফিরে এসো। তোমাদের না দেখতে পেয়ে তোমাদের মা আজ শয্যাশায়ী। সারা দিন শুধু তোমাদের কথা ভেবে হালুম হালুম করে। প্লিজ, তোমরা যেখানেই থাকো আমাদের কোলে ফিরে এসো। জঙ্গলের বাইরে অনেক আজেবাজে জানোয়ার আছে। আর একবার যদি মানুষের হাতে পড়ো, তাহলে তো আর আমাদের দেখতে পাবে না। তাই আর দেরি না করে তোমরা ফিরে এসো। তোমাদের জন্য গুহার দরজা ২৪ ঘণ্টা খোলা আছে। ইতিতোমাদের আব্বু১১ জুন ২০১২সন্ধান চাইপাচার হতে যাওয়া তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। অসহায় শিশুরা আজ ঢাকায় বন্দী! ঢাকার অস্বাস্থ্যকর পরিবেশে এই শিশু তিনটি বাঘেতর জীবন যাপন করছে। শিশুগুলোর বয়স মাত্র তিন মাস। প্রত্যেকের গায়েই ডোরাকাটা দাগ। তারা মা, বাবা, গোত্র, ঠিকানা—এসব কিছুই বলতে পারে না। শুধু মিউ মিউ করে। সিসাযুক্ত বাতাস ও খাঁচার বদ্ধ পরিবেশে শিশুগুলো আজ শয্যাশায়ী। এ অবস্থায় কোনো বাবা মা-ই চুপচাপ বসে থাকতে পারে না। তাই অবিলম্বে প্রকৃত বাঘ ও বাঘিনীকে উপযুক্ত প্রমাণসহ (বার্থ সার্টিফিকেট, কমিশনারের দেওয়া সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ইত্যাদি) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় আমাদের অ্যাকশনে যেতে হবে। জাতীয় বাঘাধিকার অধিদপ্তরহিরণ পয়েন্ট, সুন্দরবন। দৈনিক প্রথম হালুম১১ জুন ২০১২পাচার হওয়া তিন শিশু ঢাকায় উদ্ধারখাঁচায় বন্দী, বাঘমনে তীব্র ক্ষোভ নিজস্ব প্রতিবেদকজঙ্গলের তিন মাস বয়সী তিন শিশুকে ঢাকায় পাচার করা হয়েছে। পাচারকারীদের থাবা থেকে শিশুগুলোকে উদ্ধার করেছে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তারা শিশুদের জঙ্গলে না পাঠিয়ে একটা চিড়িয়াখানায় পাঠিয়েছে। এ নিয়ে বাঘমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।বন থেকে শিশুপাচারের ঘটনা নতুন কিছু নয়। তবে বেশ কদিন ধরেই সাধারণ বাঘদের ফেসবুক স্ট্যাটাস ও টুইটার আপডেটের মাধ্যমে তিন শিশু নিখোঁজ হওয়ার খবর রটেছিল। জানা গেছে, শহরের একটি বাড়ি থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা একটি চিড়িয়াখানায় বাঘেতর জীবন যাপন করছে। ঘটনাটি সেখানকার মিডিয়াতে বেশ আলোড়ন সৃষ্টি করায় দূর-দূরান্ত থেকে মানুষ এসে শিশুদের ছবি তুলে বিরক্ত করছে। এ বিষয়ে মানুষগুলোর সাধারণ জ্ঞান নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেছেন বিশেষজ্ঞ বাঘেরা। অবশ্য যারা নিজেদের শিশুদের ঠিকমতো বড় করতে পারে না তাদের কাছে খুব বেশি কিছু আশাও করেননি বিশেষজ্ঞরা। এদিকে পাচার হওয়া তিন শিশুর বাবা-মা ও পরিবারের সদস্যরা দুঃখভারাক্রান্ত মন নিয়ে জঙ্গলে ঘুরছেন। কেউ কোনো কথা বলতে রাজি না হলেও বাঘ পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাঁরা নাওয়া-খাওয়া ছেড়েই দিয়েছেন। এমনকি সামনে দিয়ে হরিণ হেঁটে গেলেও তাঁরা ফিরে তাকাননি। অবিলম্বে গুহার শিশু গুহায় ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তাঁরা। বন্দী শিশুদের জঙ্গলে ফিরিয়ে আনার ব্যাপারে বাঘ সরকারের বিভিন্ন ক্ষেত্র থেকে ব্যাপক চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ‘উনারা কেউই ফোন ধরছেন না। মেইলেরও রিপ্লাই দেননি!’ বলেছেন মন্ত্রী। তবে খুব শিগগির তিন শিশুকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন তিনি। ডোরাকাটা১১ জুন ২০১২৪৮ ঘণ্টার মধ্যেই তিন শিশুকে জঙ্গলে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীনিজস্ব প্রতিবেদকবর্তমান বাঘ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মি বাঘারা বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যেই পাচার হওয়া তিন শিশুকে জঙ্গলে ফিরিয়ে আনা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠকে এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, কীভাবে, কোন পয়েন্ট দিয়ে শিশু পাচার হয় তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানান এবং পাচারসংক্রান্ত কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেন। মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের আমলে সবচেয়ে কম শিশু পাচার হয়েছে।’ পাচারের সঙ্গে বিরোধী দলের জড়িত থাকার অভিযোগও করেন তিনি। শহর থেকে শিশুদের জঙ্গলে ফিরিয়ে আনার ব্যাপারে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দৈনিক বাঘের ডাক১২ জুন ২০১২বিরোধী দল শিশু পাচারে ইন্ধন জোগাচ্ছে: প্রধানমন্ত্রীজঙ্গলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে শিশু পাচারে ইন্ধন জোগাচ্ছে বিরোধী দল—গতকাল বাঘলীগের এক সমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘শিশুরা জঙ্গলের ভবিষ্যৎ। শিশুদের নিয়ে রাজনীতি করবেন না। এর ফল ভালো হবে না।’ প্রধানমন্ত্রী জানান, বর্তমান বাঘসরকার শিশুদের জন্য একটি সুন্দর চারণক্ষেত্র তৈরির লক্ষ্যে দিনরাত কাজ করে চলেছে। অন্যান্য সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলেই শিশুরা সবচেয়ে নিরাপদ ছিল বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গলের আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো হয়েছে। বিরোধী দলের অসহযোগিতা ও জঙ্গলবিরোধী চক্রান্তের কারণে বিচ্ছিন্ন দু-একটা ঘটনা ঘটছে, কিন্তু তা কঠোর হস্তে দমন করা হবে।’ সমাবেশে শিশু পাচারের অভিযোগে বিরোধী দলকে অভিযুক্ত করে তাদের নৈরাজ্য ও পাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। দৈনিক বাঘের খবর১৩ জুন ২০১২ব্যর্থতা নিয়ে ক্ষমতায় থাকা যায় না। অবিলম্বে পদত্যাগ করুন: বিরোধীদলীয় নেতাজঙ্গল থেকে তিন শিশু পাচারের ঘটনায় বর্তমান বাঘসরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলের নেতা। গতকাল জাতীয়তাবাদী বাঘদলের এক সমাবেশে তিনি বলেন, ‘এই সরকার জঙ্গলের শিশুদের নিরপাত্তা দিতে পারে না, তাদের খাদ্যের ব্যবস্থা করতে পারে না। তারা কী পারে? তারা পারে পাচারকারীদের হাতে জঙ্গলের শিশুদের তুলে দিতে। যারা শিশুদের নিরাপত্তা দিতে পারে না তারা ক্ষমতায়ও থাকতে পারে না। ব্যর্থতা নিয়ে ক্ষমতায় থাকা যায় না। অবিলম্বে পদত্যাগ করুন।’ পাচার হওয়া শিশুদের ফিরিয়ে আনতে টালবাহানা করলে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানান বিরোধীদলীয় নেতা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও শিশু পাচার ঘটনার প্রতিবাদে আগামীকাল জঙ্গলব্যাপী বাঘবন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিরোধী দল।বাঘজমিন১৩ জুন ২০১২থ্রি মাস্কেটিয়ার্সনিজস্ব প্রতিবেদকবার্তা সংস্থা বাসস (বাঘ সংবাদ সংস্থা) জানায়, কদিন আগে শ্যামলী নামক একটি এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন শিশুকে উদ্ধার করে ব্ল্যাক পোশাকধারী বাহিনী। এদের ব্যাব বলা হয়। বৈজ্ঞানিক নাম ব্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। সাধারণত ব্যাব কারও গতিরোধ করলে তারা আক্রমণ করে। তখন ব্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে মারা যায় আক্রমণকারীরা। তারপর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেশি-বিদেশি অস্ত্র। কিন্তু এই প্রথম এমন কিছু ঘটেনি। ব্যাব অভিযান চালিয়ে সন্ধান পায় তিন শিশুর। কিন্তু ব্যাব ক্রসফায়ারের ধারেকাছেও যায়নি। শুধু তা-ই নয়, হয়নি কোনো গোলাগুলিও। তিন মাস্কেটিয়ারের সাহস দেখে ব্যাব অস্ত্র ফেলে দিয়ে শিশুগুলোকে দুধ খাইয়ে আপ্যায়ন করেছে। যা ইতিহাসে বিরল। বাসস জানায়, জঙ্গলে ফিরিয়ে আনার পর অসীম সাহসিকতার জন্য এই তিন শিশুকে পুরস্কৃত করা হবে। এদিকে ব্যাবের ক্রসফায়ার থেকে বেঁচে যাওয়ায় জঙ্গলের সাধারণ বাঘেরা আনন্দ মিছিল ও হরিণের মাংস বিতরণ করেছে বলে জানা গেছে। ১৪ জুন ২০১২শহরে বন্দী তিন শিশু বিশেষজ্ঞ বাঘদের উদ্বেগ প্রকাশ নিজস্ব প্রতিবেদকস্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা শেষ হয়েছে অনেক আগেই। প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও এখনো ফিরিয়ে আনা যায়নি তিন শিশুকে। এদিকে শহরে বন্দী তিন শিশুর জীবনযাপনের প্রক্রিয়া দেখে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞ বাঘেরা। খাঁচায় বন্দী শিশুরা শহরের বিষাক্ত পরিবেশে নানা ধরনের শারীরিক ও বাঘিক সমস্যায় পড়বে বলে মনে করছেন তাঁরা। শিশুবিশেষজ্ঞ মলুহা বলেন, ‘ওই শিশুদের পানি মেশানো দুধ খাওয়ানো হচ্ছে। দুধ খাওয়ানো হচ্ছে প্লাস্টিকের ফিডারে, যা একটি বাঘশাবকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’ অধ্যাপক মলুহা বলেন, ‘শিশুদের রাখা হয়েছে হাতিরপুল নামক জায়গার একটি চিড়িয়াখানায়। একজন বাঘ হয়ে হাতিরপুলে বন্দী থাকাটা তিন মাস বয়সী শিশুগুলোর মেধা বিকাশকে ক্ষতিগ্রস্ত করবে।’ অতিদ্রুত শিশুদের জঙ্গলে ফিরিয়ে এনে পর্যাপ্ত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন অধ্যাপক মলুহা। নইলে জঙ্গলের অন্য শিশুরাও নিরাপত্তাহীনতায় ভুগবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।