রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপিতে চরম আকার ধারণ করেছে কোন্দল। ফলে ভাটা পড়েছে সাংগঠনিক কার্যক্রমে। এক বছরের বেশি সময় ধরে কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি। এ নিয়ে হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিরোধের সূত্রপাত ছাত্রদলের কমিটি নিয়ে। ২০১১ সালের ১০ মার্চ ছাত্রদলের রাঙামাটি জেলা কমিটি থেকে চিঠির মাধ্যমে মো. নজরুল ইসলামকে সভাপতি, মো. নূর আলমকে সাধারণ সম্পাদক ও মো. জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্রদলের উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অবশিষ্ট পদগুলো স্থানীয়ভাবে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় নতুন নেতাদের। এ নিয়ে শুরু হয় মতবিরোধ। পরে তা যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে, যা পরবর্তী সময়ে গড়ায় উপজেলা ও পৌর বিএনপির মধ্যে। একপর্যায়ে ২০১১ সালের ১৬ এপ্রিল চৌমুহনী এলাকায় পৌর ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। তার পর থেকে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া লেগেই থাকে। সর্বশেষ ২০১৩ সালের ৩ আগস্ট সন্ধ্যায় পৌর বিএনপির ইফতার পার্টিতে পৌর ও উপজেলা কমিটির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আট থেকে ১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হন। এরপর ২০১৩ সালের ৩১ আগস্ট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি চিঠিতে বাঘাইছড়ি উপজেলা দলীয় কর্মকাণ্ড স্থগিত করে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে সাংগঠনিক কার্যক্রম।
এদিকে, ইফতার পার্টিতে সংঘর্ষের ঘটনায় ওই বছরের ৮ সেপ্টেম্বর জেলা বিএনপির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি প্রতিবেদন জমা দিয়েছে ১৫ দিনের মধ্যেই।
ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. আবদুল মাবুদ বলেন, দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি পালন করতে না পারায় দলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। কোন্দল নিরসন করে দ্রুত নতুন কমিটি গঠন করে দলীয় কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হোক।
পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, জেলা বিএনপির নিষেধাজ্ঞার কারণে কোনো কর্মসূচি পালন করা যাচ্ছে না। কোন্দল নিরসনের জন্য জেলা বিএনপি একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই কমিটি প্রতিবেদনও জমা দিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। সেখান থেকে ফিরলে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে যেকোনো একটা কিছু করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন বলেন, ‘আমরা কর্মসূচি পালনের অপেক্ষায় আছি। অতীতে অনেক সংঘাত হয়েছে, সেসব সংঘাত ভুলে গিয়ে নতুনভাবে বিএনপির কর্মকাণ্ড চাঙা করতে নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে। তা ছাড়া দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড বন্ধ থাকায় নেতা-কর্মীরা ঝিমিয়ে পড়েছেন।’
উপজেলা কমিটির জ্যেষ্ঠ নেতা মো. শাহ জাহান বলেন, বিএনপির দুই পক্ষের সংঘাতে যাঁরা নেতৃত্ব দিয়েছেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে বিএনপি আবার চাঙা হবে।
তদন্ত কমিটির প্রধান ও জেলা বিএনপির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা প্রতিবেদন জমা দিয়েছি। এখন আরও কিছু দিন দেখব। এই মুহূর্তে যদি কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয় তাহলে আবার ঝামেলা হতে পারে।’