বাঘাইছড়িতে তামাক চাষ বাড়ছেই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিবছর বাড়ছে তামাক চাষ। চাষিরা তামাক চাষে ঝুঁকে পড়ায় কমছে কৃষিজমি ও ফসলের উৎপাদন। এদিকে এই মৌসুমের তামাক পোড়ানোর জন্য তৈরি হচ্ছে পাঁচ শতাধিক চুল্লি। এসব চুল্লিতে পোড়ানো হয় বনের গাছ। এ কারণে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি পরিবেশদূষণের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা লাল্যাঘোনা, শিজকমুখ, শিজক খাগড়াছড়ি, কচুছড়ি, তুলাবান, মাস্টারপাড়া, পুরান মারিশ্যা, বটতলী, উলুছড়ি ও দূরছড়ি এলাকার বিস্তীর্ণ জমিতে তামাক চাষ হয়েছে। এসব খেতে পোকা দমনে ছিটানো হচ্ছে কীটনাশক। এসব এলাকায় খেতের পাশেই লোকালয়ে তৈরি হচ্ছে তামাক পোড়ানোর চুল্লি। কিছু চুল্লির পাশে ইতিমধ্যেই মজুত করা অপরিপক্ব সেগুন, গামারিসহ বিভিন্ন প্রজাতির গাছ।
লাল্যাঘোনা এলাকার মো. আবদুুর সাত্তার ও পুরান মারিশ্যা এলাকার মো. নাছের আহম্মদ জানান, এখানকার জমিতে এখন আর আগের মতো ধান ও সবজি চাষ হয় না। গত বছর ধান ও সবজি চাষ করে শত শত কৃষককে লোকসান গুনতে হয়েছে। তাই তামাক চাষের দিকে ঝুঁকছেন কৃষকেরা। এক একর জমিতে তামাক চাষ করে দেড় লাখ টাকা আয় হচ্ছে। কিন্তু এই পরিমাণ জমিতে ধান ও সবজি চাষ করলে ৩০ হাজারের বেশি আয় হয় না।
বন বিভাগের কর্মকর্তা ও চাষিরা জানান, এ বছর উপজেলায় প্রায় তিন হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে। এর মধ্যে এক হাজার একর সরকারি খাসজমি ও সংরক্ষিত বন। বাকি প্রায় দুই হাজার একর বোরো ও সবজিখেতের জমি।
কৃষি কার্যালয় ও তামাক কোম্পানি সূত্রে জানা গেছে, উপজেলায় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে তামাক চাষ শুরু হয়। খেদারমারা, সারোয়াতলী, বাঘাইছড়ি, মারিশ্যা, রূপকারী ইউনিয়ন ও পৌরসভায় দুই হাজার ৭০০ একর জমিতে তামাক চাষ করা হয়েছে। অথচ ২০১৩ সালে এর পরিমাণ ছিল দেড় হাজার ও গত বছরে দুই হাজার একর।
এদিকে উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ৭ হাজার ১৭০ একর। আর গত বছর বোরো ধান চাষ করা হয় ৮ হাজার ৬৪৫ একরে। এ বছর সবজি চাষ করা হয় ১ হাজার ১৮৫ একর জমিতে। গত বছর করা হয় ১ হাজার ৪৮২ একর জমিতে। প্রতিবছর তামাক চাষের কারণে কমছে বোরো ধান ও সবজির আবাদ।
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, ‘তামাক চাষের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রতিবছর হাজার হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে চুল্লিগুলোয়। তা ছাড়া তামাকখেতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে প্রাণিকূল হুমকির মুখে পড়েছে। আমরা অর্ধশতাধিক কর্মী দিয়ে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সভা করেও কোনো কাজ হচ্ছে না।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম বলেন, ‘তামাক চাষ নিষিদ্ধ না করায় আমরা কৃষকদের চাপ দিতে পারি না। কিন্তু মাঠে ও বিভিন্ন সভায় তামাক চাষ না করতে তাঁদের নিরুৎসাহিত করা হচ্ছে।’
বন বিভাগের শিজক রেঞ্জ কর্মকর্তা মো. ফখরুল আহম্মেদ বলেন, ‘তামাকের চুল্লি নির্মাণ ও পাতা শুকাতে প্রতিবছর ব্যাপক কাঠ নষ্ট হচ্ছে। এই কাঠের বেশির ভাগ সংরক্ষিত বন থেকে আনা হয়। পাহাড়ে সংরক্ষিত বন থাকলেও এতে আমাদের নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে জনবল ও অস্ত্র প্রয়োজন হয়, তা আমাদের নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, তামাক চাষ বেড়ে যাওয়া ও কাঠ পোড়ানোর বিষয় বিভিন্ন সভায় উত্থাপন করা হয়। তামাকপাতা শুকানো শুরু হলে এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।