বাঘাইছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের উপজেলা শাখার তৃতীয় সম্মেলন ও ছাত্র সমাবেশ গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। রুপকারী ইউনিয়নের রূপালী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে উপজেলা কমিটি গঠন করা হয়। 
সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সোহেল চাকমা। বক্তব্য দেন ইউপিডিএফের সাজেক ইউনিট–প্রধান মিঠুন চাকমা, রুপকারী মৌজার হেডম্যান বিশ্বজিৎ চাকমা, রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারদর্শী চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বিপুল চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অংকন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার অর্থ সম্পাদক মিনাকী চাকমা, পার্বত্য নারী সংঘের সভাপতি মুক্তা সোনা চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার আদিবাসীদের দমন ও নিপীড়ন করার জন্য রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। আমরা এই মুহূর্তে পাহাড়ে কোনো বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ চাই না।
পরে সোহেল চাকমাকে সভাপতি, আসেন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও শুভাশীষ চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়।