বাঘাইছড়ি উপজেলায় ১১ কর্মকর্তার পদ শূন্য
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রথম শ্রেণীর কর্মকর্তার ১১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। এসব বিভাগে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে চলছে কার্যক্রম। প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের ১১টি পদ কয়েক বছর ধরে শূন্য রয়েছে। এগুলো হচ্ছে: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, পল্লি উন্নয়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা। সরেজমিনে দেখা গেছে, প্রাণিসম্পদ, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী, সমাজসেবা ও পল্লি উন্নয়ন কার্যালয়ে বিভিন্ন কাজে আসা লোকজন নানা দুর্ভোগ পোহাচ্ছেন। জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে কথা হয় সুমন চাকমার সঙ্গে। তিনি বলেন, ‘আমি এসেছি বঙ্গলতলী থেকে। রিংওয়েলের বিষয়ে কথা বলার জন্য। কিন্তু স্যারকে পেলাম না।’ হিসাবরক্ষণ কার্যালয়ের নিরীক্ষক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘এখানে কর্মকর্তাসহ পাঁচটি পদ রয়েছে। এর মধ্যে শুধু আমি একা। স্যার খাগড়াছড়ি মহালছড়ি থেকে মাঝেমধ্যে এসে কাজ করে চলে যান।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১১টি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এসব শূন্য পদ পূরণের জন্য একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। খোঁজখবর নিয়ে শূন্য পদ পূরণে ব্যবস্থা নেওয়া হবে।’