বাঘাইছড়ি পৌরসভার প্রথম মেয়র আলমগীর কবির
মাত্র ৩৭ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে হারিয়ে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন মো. আলমগীর কবির। তিনি বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি।আলমগীর কবির পেয়েছেন দুই হাজার ৪৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. জমির হোসেন পেয়েছেন দুই হাজার ৪০২ ভোট।গত রোববার পৌরসভা গঠিত হওয়ার সাত বছর পর প্রথম নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তৎপর।পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের পৌরসভা গঠিত হলেও এই প্রথম নির্বাচন হলো। তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত পৌরসভার আয়তন ২১ বর্গকিলোমিটার। সীমানা জটিলতার কারণে ২০১০ সালে নির্বাচন করা সম্ভব হয়নি। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর গতকাল পৌরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।রোববার রাত সাড়ে আটটায় রিটার্নিং কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আলমগীর কবিরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে ভোট গ্রহণের পর প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষে ফলাফল আনতে থাকেন। সেখানে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পরাজিত প্রার্থী জমির হোসেন বিভিন্ন ভোটকেন্দ্রে কারচুপির অভিযোগ এনেছেন। তিনি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। ফলাফল স্থগিত ও পুনরায় গণনার দাবি জানান তিনি। ফল ঘোষণার পর আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ‘এই জয় আমার নয়, জনগণের। আমি পৌরবাসীকে ধন্যবাদ জানাই। আমি সব সমপ্রদায়ের লোক নিয়ে কাজ করার সুযোগ পেলাম। আদিবাসী-বাঙালিদের সামপ্রদায়িক সমপ্রীতি স্থাপন করব।’ নির্বাচনী নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, আলমগীর কবির পেয়েছেন দুই হাজার ৪৩৯ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের-সমর্থিত প্রার্থী পেয়েছেন দুই হাজার ৪০২ ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী মুন্সি মিয়া পেয়েছেন এক হাজার ৩৭৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৪৭৩ ভোট। পৌরসভার নয়টি ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল আট হাজার ৫১৫। এর মধ্যে ভোট দিয়েছেন ছয় হাজার ৬৮৯ জন। ভোট নষ্ট হয়েছে ১৭৮টি। ভোটকেন্দ্র পরিদর্শনে আসা রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বলেন, ‘এলাকাবাসী, নির্বাচন কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পেরেছি।’