বাঘাইছড়ি বিএনপিতে কোন্দল কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা ও পৌর বিএনপির সংঘর্ষের জের ধরে দুই পক্ষের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে জেলা বিএনপি। গত ২৬ আগস্ট রাঙামাটির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাঙামাটি জেলা বিএনপির নেতারা জানান, গত ২৬ আগস্ট জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, উপদেষ্টা ফজলুর রহমান, সহসভাপতি মো. জহির আহম্মদ, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুর ইসলামসহ জেলা কমিটির নেতারা বৈঠকে মিলিত হয়ে এই সিদ্ধান্ত নেন। বৈঠকে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রম স্থগিতের পাশাপাশি কোন্দল ও সংঘর্ষের ঘটনার তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা। তদন্ত কমিটির সদস্যরা হলেন লংগদু উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন, বিএনপি নেতা রবীন্দ্র দে, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক দীপু তালুকদার ও বাবর আলী।

বাঘাইছড়ি বিএনপির সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপি ও পৌর বিএনপি দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। বিবদমান দুটি পক্ষের একটির নেতৃত্ব দিচ্ছেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বাহারী। গত ৩১ জুলাই ইফতার মাহফিলের উপলক্ষে পৌর বিএনপির প্রচারণার সময় উপজেলা বিএনপির কর্মীরা মাইক ভাংচুর করলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এরপর কয়েকদিনের সংঘর্ষে আহত হন পৌর যুবদলের সহসভাপতি মো. সেলিম, পৌর বিএনপির সদস্য মো. কাজী মোস্তফা ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আতাউর রহমান ও সদস্য মো. জসিম।

গ্রেপ্তার হন উপজেলা বিএনপির সাধারণ সম্পদক মো. সেলিম বাহারীসহ চারজন নেতা-কর্মী। বর্তমানে চারজনই জামিনে মুক্তি পেয়েছেন। থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর পৌর যুবদলের সহসভাপতি মো. সেলিম জাবেদের বড় ভাই মো. আবদুল রশিদ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে উপজেলা বিএনপির পক্ষে পাল্টা মামলা করেন মো. মানিক। এতে ১৪ জনের নাম উল্লেখ করে ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। এ ছাড়া রাঙামাটির একটি আদালতে আরও দুটি পাল্টাপাল্টি মামলা হয়েছে। এতে একটি মামলায় ৫৪ জন ও আরেকটি মামলায় ২৬ জনকে আসামি করা হয়।

জামিনে বেরিয়ে আসা মো. সেলিম বাহারী বলেন, জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক বাঘাইছড়ি উপজেলা বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে জেলা বিএনপি থেকে একটি তদন্ত কমিটি আসবে। তদন্ত কমিটির ওপর নির্ভর করবে বাঘাইছড়ি বিএনপির কার্যক্রম।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, ‘আদালত থেকে সবাই জামিন পেলেও পৌর বিএনপির তিনজন নেতা-কর্মী এখনো জামিন পাননি। আমাদের অভ্যন্তরীণ কোন্দল চরম পর্যায়ে পৌঁছেছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই কোন্দল শেষ হবে না।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, বাঘাইছড়ি বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংঘর্ষ এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া কোন্দল ও সংর্ঘষের ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার জন্যও তদন্ত কমিটি কাজ করবে।