বাঘাইছড়িতে অবাধে চলছে পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ি পৌরসভার আয়ুব টিলা এলাকায় পাহাড় কেটে ট্রাক্টরে তুলছেন শ্রমিকেরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বাঘাইছড়ি পৌরসভার আয়ুব টিলা এলাকায় পাহাড় কেটে ট্রাক্টরে তুলছেন শ্রমিকেরা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে তিনটি স্থানে অবাধে পাহাড় কাটা চলছে। পাহাড় কাটার এসব মাটি ব্যবহার হচ্ছে নিচু এলাকা ভরাটের কাজে। প্রতিদিন ট্রাক্টর বোঝাই করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর মডেল টাউন, মোস্তফা কলোনি ও আয়ুব টিলা এলাকায় ১৫ থেকে ২০ জনের শ্রমিক দিয়ে পাহাড় কাটা হচ্ছে। শ্রমিকেরা কোদাল ব্যবহার করে মাটি কেটে ভরছেন ট্রাক্টরে।

আয়ুব টিলা এলাকায় পাহাড় কাটার কাজে নিয়োজিত শ্রমিক মো. ইউসুফ বলেন, ‘দৈনিক ৩৫০ টাকা করে আমাদের মজুরি দেওয়া হয়। কিছু শ্রমিক পাহাড় কাটেন অন্যরা ট্রাক্টরে ওঠানো ও নামানোর কাজ করি। দেড় মাস ধরে কাজ করছি আমরা।’ তিনি আরও বলেন, ‘আমরা পাহাড় কাটার কাজ শুরুর আগে সেখানে (আয়ুব টিলা) অনেক গাছগাছালি ছিল। সেগুলো প্রথমে পরিষ্কার করতে হয়েছে।’ কার অধীনে কাজ করছেন জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

ট্রাক্টরচালক মো. সাইফুল বলেন, ‘গত দেড় মাস ধরে পাহাড় কেটে মাটি বিক্রি চলছে। মাটি পরিবহনের জন্য আমরা ট্রাক্টরপ্রতি ৬০০ টাকা করে নিই।’

স্থানীয় লোকজন বলেন, গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে উপজেলা সদরে তিন স্থানে পাহাড় কাটা শুরু হয়। শুরুর দিকে কয়েকজন শ্রমিক দিয়ে মাটি কাটা হলেও দিন দিন শ্রমিকের সংখ্যা বেড়েছে।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, মোস্তফা কলোনি ও আয়ুব টিলার পাহাড় ব্যক্তি এবং মডেল টাউন এলাকার পাহাড় বাঘাইছড়ির কাচালং বাজার ফান্ডের মালিকানাধীন।

এ ব্যাপারে জানতে জানতে চাইলে কাচালং বাজার কামটির সভাপতি মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘আমরা কাউকে পাহাড় কাটার অনুমতি দিইনি। কারা পাহাড় কাটছে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মোস্তফা কলোনি এলাকার পাহাড়ের মালিক মোহাম্মদ রশিদ বলেন, ২৫ হাজার টাকায় একটি টিলা বিক্রি করা হয়েছে। যাঁরা কিনেছেন, তাঁরা মাটি কেটে নিয়ে যাচ্ছেন।

বাঘাইছড়ি পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, বাঘাইছড়ি পৌর এলাকায় কয়েকটি স্থানে দীর্ঘদিন ধরে পাহাড় কাটা চলছে। কিন্তু এসব বন্ধে স্থানীয় প্রশাসনে বন্ধে কোনো ভূমিকা রাখছে না। পাহাড় কাটার কারণে বেশ কিছু বনজঙ্গল কাটা পড়েছে। ন্যাড়া হয়ে পড়েছে বিশাল এলাকা। এভাবে পাহাড় কাটা অব্যাহত থাকলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, পৌর এলাকায় বেশ কিছু এলাকায় পাহাড় কাটা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাহাড় কেটে নিচু এলাকা ভরাটের কাজ চলছে বিভিন্ন এলাকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সঙ্গে যোগাযোগ করে পাহাড় কাটা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, ‘পাহাড় কাটার বিষয়ে আমার জানা নেই। পাহাড় কাটা সম্পূর্ণ নিষেধ ও দণ্ডনীয় অপরাধ। কোথায় পাহাড় কাটা হচ্ছে খোঁজখবর নিয়ে অভিযান পরিচালনা করা হবে।’