বাঘাইছড়িতে আট ইউপির সাতটিতেই বিএনপির প্রার্থী নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে সাতটিতেই চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। এসব ইউপিতে নির্বাচনে কেউ আগ্রহী না হওয়ায় প্রার্থী দিতে পারেননি বলে জানান বিএনপির নেতারা। ৪ জুন বাঘাইছড়িতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ আলী বলেন, ‘আমাদের সব ইউনিয়নে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা ছিল। কিন্তু দলে নির্বাচনে আগ্রহী কোনো প্রার্থী পাওয়া যায়নি।’
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেতারা প্রথম থেকে প্রতিটি ইউনিয়নে প্রার্থীর জন্য খোঁজ করেছিলেন। কিন্তু আগ্রহী কোনো প্রার্থী পাননি। এখন শুধু আমতলী ইউপিতে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হুমায়ুন কবির নির্বাচনে লড়ছেন। তবে তাঁকেও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ ২৭ মে বিকেল পাঁচটায় আমতলী বাজার এলাকা প্রচারণার সময় আওয়ামী লীগের প্রার্থী মো. রাসেল চৌধুরীর হাতে লাঞ্ছিত হন বলে হুমায়ুন কবির অভিযোগ করেন।
হুমায়ুন কবির বলেন, ‘প্রচারণার সময় আমতলী বাজার এলাকায় আমাকে মারধর করা হয়।’
এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী মো. রাসেল চৌধুরী বলেন, ‘আমি কোনো প্রার্থীকে মারধর করিনি। বিএনপির প্রার্থী নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’
এই ইউনিয়নে নৌকা ও ধানের শীষ ছাড়া আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. শহীদ মিয়া ও যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ইউনিয়ন কমিটির সভাপতি মো. আলী হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে চেয়ারম্যান পদে ছয় ইউপিতে আওয়ামী লীগ, চার ইউপিতে জনসংহতি সমিতি (সন্তু লারমা), এক ইউপিতে ইউপিডিএফ ও এক ইউপিতে জনসংহতি সমিতি (এমএন লারমা) প্রার্থী দিয়েছে।