বাঘাইছড়িতে কঠিন চীবর দান অনুষ্ঠানে মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ভাবনাকেন্দ্রে গত শুক্রবার কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছিল হাজারো মানুষ। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই বিহারে আসা শুরু করে পূণ্যার্থীরা। অনুষ্ঠানে যোগাসিদ্ধি মহাস্থবির ধর্মীয় দেশনা দেন।

এর আগে বৃহস্পতিবার আদিবাসীদের কোমরতাঁতে কাপড় বোনার মাধ্যমে কঠিন চীবরদান উৎসব শুরু হয়। সারা রাত চলে কাপড় বোনার কাজ। এতে ১২০টি দল অংশ নেয়।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাবনাকেন্দ্রের ফটক থেকে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত মানুষের ঢল। সামনের মাঠও ছিল কানায় কানায় পূর্ণ।

ভাবনাকেন্দ্র সূত্রে জানা গেছে, কঠিন চীরবদান অনুষ্ঠানে চীবরদান ছাড়াও কল্পতরু শোভাযাত্রা, পঞ্চশীল গ্রহণ, অষ্টপরিষ্কারদান, সংঘদান ও যোগাসিদ্ধি মহাস্থবিরের ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় খেদারমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বিল্টু চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কঠিন চীবরদান উদ্যাপন কমিটির সভাপতি কালিদাস চাকমা। এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু চাকমা ও সারোয়াতলী ইউপির চেয়ারম্যান যোতিন রায় চাকমা।

সাজেক থেকে আসা সুপন চাকমা ও দয়ারঞ্জন চাকমা বলেন, ‘কঠিন চীবরদানে এত মানুষ কখনো দেখেননি। তাঁদের ধারণা, এ বছর অন্তত অর্ধলক্ষ মানুষের সমাগম ঘটেছে। বনভান্তের উত্তরসূরি হিসেবে এখন যোগাসিদ্ধি ভান্তেকে দেখা যাচ্ছে। বনভান্তের মতো তাঁকেও শ্রদ্ধা করে সবাই।

কঠিন চীবরদান উদ্যাপন কমিটির সভাপতি বলেন, এ অনুষ্ঠান সুন্দর করার জন্য এক মাস ধরে শত শত মানুষ শ্রম দিয়েছে।