বাঘাইছড়িতে গতবারের চেয়ে ফল খারাপ
রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার কাচালং ডিগ্রি কলেজে গতবারের চেয়ে এবারে এইচএসসির ফল খারাপ হয়েছে। কলেজ সূত্র জানায়, গত বছর এ কলেজে পাসের হার ছিল ৮১ দশমিক ২৩। এ বছর ৫৭ দশমিক ৪২। এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯৯ জন। এর মধ্যে পাস করেছেন ৫৮ জন। মানবিক বিভাগে ৫৮ জনে ৩৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ জনে ১৯ জন ও বিজ্ঞান বিভাগ থেকে ১০ জনে মাত্র একজন পাস করেছেন। কেউ জিপিএ-৫ পাননি। এ গ্রেড পেয়েছেন তিনজন—শতরুপা চাকমা, সুবেশ চাকমা ও মাহমুদা আক্তার।তবে শিক্ষকেরা দাবি করছেন, শহরের কলেজগুলোর তুলনায় ফলাফল তেমন খারাপ নয়। নানা প্রতিকূলতার মধ্যে এ ফলাফলে শিক্ষকেরা অত্যন্ত খুশি। কারণ কলেজের অধিকাংশ শিক্ষার্থীকে দূরদূরান্ত থেকে ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে আসতে হয় কলেজে। অনেক শিক্ষার্থী দরিদ্রতার কারণে ঠিকমতো লেখাপড়া করতে পারেন না। দুর্গম গ্রামের শিক্ষার্থী এবং অভিভাবকেরা সচেতনও নন। এত কিছু পরও ফলাফল ভালো বলে জানান শিক্ষকেরা। বাংলা বিভাগের প্রভাষক মীর কামাল হোসেন বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। অধিকাংশ শিক্ষার্থী গরিব ও নিরীহ। ঠিকমতো পড়ালেখা করতে পারে না। গত বছরের চেয়ে ফলাফল একটু খারাপ হয়েছে।’ অধ্যক্ষ স্বপন কুমার দে প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ফলাফল নিয়ে খুশি। কারণ আমরা সুযোগ-সুবিধার দিক থেকে শহরের কলেজগুলোর তুলনায় অনেক পিছিয়ে। অনুন্নত যোগাযোগের কারণে অনেক শিক্ষার্থী বছরে চার মাস অনুপস্থিত থাকে। ভালো ছাত্ররা শহরে চলে যায়। সেই দিক দিয়ে আমরা ফলাফল ভালো করেছি।’