বাঘাইছড়িতে ঘরে ফিরছেন আদিবাসী ও বাঙালিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটে রক্তক্ষয়ী সংঘর্ষের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অনেকে ঘরে ফিরে আসছেন। তবে আদিবাসী-বাঙালি উভয় সম্প্রদায়ের অনেকের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। ফলে সংশ্লিষ্টরা গভীর জঙ্গলে অবস্থান করছেন। এদিকে আদিবাসী-বাঙালিদের মধ্যে সৃষ্ট সন্দেহ-অবিশ্বাস দূর করার লক্ষ্যে গঠিত কমিটিগুলো সম্প্রীতি সভার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি পার্বত্য প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংসদীয় কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি ভূমি বিরোধের জের ধরে বাঘাইহাটের এমএসএফপাড়া, পূর্বপাড়া, সীমানাছড়া, চামিনিছড়া, ডানে ভাইবাছড়া, হাজাছড়া, ডিপুপাড়া, গুচ্ছগ্রাম, গঙ্গারামমুখ, বামে ভাইবাছড়া ও রেতকাবাছড়ায় অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয়জন আদিবাসী নিহত ও কমপক্ষে চারজন নিখোঁজ রয়েছেন দাবি করা হলেও এ পর্যন্ত দুজন আদিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উভয় সম্প্রদায়ের ৪২৮টি ঘর পুড়ে গেছে। জানা যায়, আদিবাসীরা মূলত পার্বত্য চট্টগ্রামের সহিংস পরিস্থিতির শিকার হয়ে শরণার্থী কিংবা অভ্যন্তরীণ উদ্বাস্তুতে পরিণত হয়েছিলেন। বাঘাইহাট ইউনিয়নের সদস্য নয়নরঞ্জন চাকমা জানান, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির মধ্যে সই করা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি অনুযায়ী উদ্বাস্তুদের নিজস্ব বাড়ি ও জায়গা ফেরত পাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘদিনেও তা না পেয়ে ১৯৯৮-৯৯ সালে সংশ্লিষ্টরা বাঘাইহাট এলাকায় বসতি স্থাপন করেন। ২০০৬-৭ সালে এ এলাকায় গঙ্গারাম মুখের ১২টি বাঙালি পরিবারকে বসতি স্থাপনের জন্য পাঠানো হয়। তখন থেকে সেখানে ভূমি ব্যবহার নিয়ে সমস্যা দেখা দেয়। আদিবাসীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সহিংস ঘটনায় বাঘাইছড়ি থানায় পাল্টাপাল্টি মামলা হলেও চার আদিবাসীকে আটক করা হয় অথচ কোনো বাঙালিকে আটক করা হয়নি। গত ২৩ ফেব্রুয়ারি নিহত বুদ্ধপদি চাকমার স্বামী উত্তম কুমার চাকমা বাদী হয়ে হত্যা ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডা. নাজিম উদ্দিন, আব্দুল হাই ও শাহ আলমসহ ২৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আদিবাসী-বাঙালিদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব-সন্দেহ দূর করার লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন এলাকায় কমিটি গঠন করা হয়েছে। ১ মার্চ সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে আদিবাসী-বাঙালিদের এক সম্প্রীতি সভায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণে যাতে কোনো অনিয়ম না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এ ছাড়া, কোনো সমস্যা হলে তা কমিটির মাধ্যমে তাত্ক্ষণিকভাবে সমাধানের সিদ্ধান্ত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তি মান চাকমাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আদিবাসী-বাঙালি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, দোষী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে। গত ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বাঘাইহাট পরিদর্শনকালে আদিবাসী-বাঙালিদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। তিনি তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ৬ মার্চ সংসদীয় কমিটি বাঘাইহাটে আদিবাসী-বাঙালিদের সঙ্গে মতবিনিময় করেন। কমিটির সদস্যরা সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ জানিয়ে বলেন, ‘পার্বত্য এলাকায় শান্তি বিনষ্টের জন্য ষড়যন্ত্র চলছে। আমরা চাই এখানে আদিবাসী-বাঙালি বিভেদ না হোক। কিছু উচ্ছৃঙ্খল লোকের কারণে সহিংস ঘটনা ঘটছে।’ এ সময় উভয় সম্প্রদায়ের লোকজন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন। সংসদীয় কমিটির সদস্য মো. শাহ আলম, গিয়াস উদ্দিন আহাম্মেদ, এতিম রাখাইন, এবিএম ফজলে করিম চৌধুরী ও যতীন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও অন্যদের মধ্যে রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, পুলিশ সুপার মাসুদ উল হাসান, উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনউদ্দিন ও ছাত্রলীগের সভাপতি জমির উদ্দিন উপস্থিত ছিলেন। এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে। প্রত্যেক পরিবারকে নগদ টাকা, চাল, টিন, হাঁড়িপাতিল, কাপড়, ডাল ও আলু দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘বাঘাইহাটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। আমরা ইতিমধ্যে কিছু সাহায্য-সহযোগিতা দিয়েছি। ভবিষ্যতে আরও সাহায্য দেওয়া হবে।’