বাঘাইছড়িতে নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে তামাক চাষ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নতুন এলাকায় তামাক চাষ ছড়িয়ে পড়ছে। ফসলি ও পরিত্যক্ত জমি, সংরক্ষিত বন—সবখানেই চলছে তামাক চাষ। কৃষি সম্প্রসারণ বিভাগের তামাক চাষ নিরুৎসাহিত করার প্রচার-প্রচারণা কাজেই আসেনি।
সরেজমিনে দেখা গেছে, লাল্যাঘোনা উগলছড়ি বিল, নলবনিয়া, শিজকমুখ এবং সংরক্ষিত বনের কচুছড়ি ও শিলছড়ি এলাকায় এবার তামাক চাষ বেড়েছে। এ ছাড়া পূর্ব লাল্যাঘোনা, মাস্টারপাড়া ও পুরান মারিশ্যা এলাকাও নতুন এলাকায় তামাক চাষ শুরু হয়েছে। অন্যদিকে বোরো ও সবজি আবাদের জমি কাচালং ও শিজক নদীর দুই পার তামাকে ছেয়ে গেছে। এসব এলাকায় আগে সবজি ও বোরো চাষ করা হতো।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলা চাষাবাদযোগ্য জমি রয়েছে ১০ হাজার ১৪৫ একর। এর মধ্যে কাচালং ও শিজক নদীর পারে ১ হাজার ৫০০ একর সবজি আবাদের জমি রয়েছে।
তামাকচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর ২ হাজার ৪৩০ একর জমিতে তামাক চাষ হয়। এ বছর তা বেড়ে হয়েছে ২ হাজার ৮১০ একরে। অথচ ২০১৫ সালে তামাক চাষ হতো ১ হাজার ৬৩০ একর জমিতে। সেই হিসাবে গত দুই বছরে ১ হাজার ১৮০ একর তামাক চাষ বেড়েছে। তামাক চাষ বেড়ে যাওয়া প্রতিবছর বোরো আবাদ কমে যাচ্ছে।
পরিবেশবাদীদের অভিযোগ, বাঘাইছড়ি উপজেলায় অব্যাহতভাবে তামাক চাষ বেড়ে যাওয়ায় বিপন্ন হয়ে পড়েছে পরিবেশ। গাছশূন্য হয়ে পড়ছে সংরক্ষিত বনের শিজক ও বাঘাইহাট রেঞ্জের বিশাল একটি অংশ। তামাকচুল্লিতে পোড়ানোর জন্য সামাজিক বনায়ন ও বিভিন্ন ফলদ বাগান ধ্বংস করা হচ্ছে। মোটা অঙ্কের টাকার প্রলোভনে পড়ে এসব বাগানের মালিকেরা অপরিপক্ব গাছ বিক্রি করে দিচ্ছেন।
বাঘাইছড়ি পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, তামাক চাষ বেড়ে যাওয়ায় সংরক্ষিত বন ও সামাজিক বনায়ন ধ্বংস হয়ে পড়ছে। প্রতিবছর তামাকচুল্লিতে পোড়ানো হচ্ছে লাখ লাখ মণ কাঠ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘প্রচারপত্র ও কৃষক সমাবেশের মাধ্যমে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু তামাক চাষ লাভজনক হওয়া আমাদের কোনো কথা রাখছেন না চাষিরা। ফলে বিভিন্ন এলাকায় প্রতিবছর তামাক চাষ বাড়ছে।’ তিনি আর বলেন, আলু সংরক্ষণের জন্য হিমাগার না থাকা ও অন্যান্য সবজির দাম না পাওয়ায় কৃষকেরা তামাক চাষে ঝুঁকছেন।