বাঘাইছড়িতে পরিবার পরিকল্পনা কার্যালয় ও মসজিদের দেয়ালঘেঁষে পশুর হাট
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার পরিবার পরিকল্পনা কার্যালয় ও কাচালং মডেল টাউন জামে মসজিদের দেয়ালঘেঁষে বসছে পশুর হাট। প্রতি বুধবার বসে এ হাট। হাটের হট্টগোলে পরিকল্পনা কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও মডেল টাউন জামে মসজিদের দেয়ালঘেঁষে পশু বেচাকেনা চলছে। হাটের হট্টগোলে মসজিদে আসা ধর্মপ্রাণ লোকজনের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে। তেমনি পরিবার পরিকল্পনা কার্যালয়ে চিকিৎসা নিতে আসা অনেক প্রসূতি নারীদের চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। গরু বিক্রেতা সমর জ্যোতি চাকমা বলেন, ‘আমাদের পৌরসভা ও বাজার ফান্ড হাট বসানোর কোনো জায়গা দিতে পারেনি। আমরা ইচ্ছেমতো পশুর হাট বসাই।’ কাচালং মডেল টাউন জামে মসজিদ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মো. কামাল বলেন, ‘প্রতি হাটে মসজিদের সামনে গরু-ছাগলের পায়খানা-প্রস্রাব পরিষ্কার করতে হয়।’ তাঁর প্রশ্ন, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে পশুর হাট কী করে হয়? সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমা বলেন, ‘আমাদের কার্যালয়ের দেয়ালঘেঁষে গরু-ছাগল বিক্রি হচ্ছে। পশুর হাটের হট্টগোলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।’