বাঘাইছড়িতে পানির অভাবে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ বন্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের নয় কিলোমিটার এলাকায় পানির অভাবে একটি বিদ্যালয় ভবনের নির্মাণকাজ প্রায় চার মাস ধরে বন্ধ। এতে সময়মতো কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে জুম্মবি আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে একটি পরিত্যক্ত কাঁচাঘরে। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ এপ্রিল নয় কিলোমিটার এলাকায় বিদ্যালয় ভবন নির্মাণের টেন্ডার আহ্বান করা হয়। সবুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ ভবন নির্মাণের কাজ পায়। এতে ব্যয় ধরা হয় ৪৯ লাখ ৯৬ হাজার ৩৪০ টাকা। আগামী ১৪ জুনের মধ্যে কাজ বুঝিয়ে দেওয়ার কথা। গত ১ জুলাই বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। নভেম্বর মাস পর্যন্ত কাজ করে ছড়া শুকিয়ে যাওয়ায় পানিসংকট দেখা দেয়। পরে নয় কিলোমিটার দূরে কাঁচালং নদ থেকে পানি নিয়ে কোনো রকমে ছাদ ঢালাই দেওয়া হয়। তারপর ১০ ডিসেম্বর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে।এলাকাবাসী অভিযোগ করেন, ২০০৬ সালে এলাকাবাসীর সহযোগিতায় হিলেহিলি নামের একটি স্থানীয় উন্নয়ন সংস্থা জুম্মবি আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর একটি কাঁচাঘর নির্মাণ করা হয়। পাঁচ বছর পর ২০১১ সালে সেই কাঁচাঘর নড়বড়ে হয়ে পরিত্যক্ত হয়ে যায়। বর্ষাকালে ছাদ থেকে পানি পড়ে। পরবর্তী সময়ে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে এলজিইডি বিদ্যালয়টির ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়।এলাকার অধিবাসী শংকর চাকমা বলেন, চার মাস ধরে বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ। পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। বৃষ্টি না হলে নির্মাণকাজ শুরু করা যাবে না।ঠিকাদার মো. আবদুল মাবুদ বলেন, নির্মাণকাজ শুরু করার সময় ছড়ায় পানি ছিল। কিছুদিন পর দেখা গেছে, আশপাশের কোনো ছড়ায় পানি নেই। বাধ্য হয়ে কাজ বন্ধ রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে ট্যাংক সরবরাহ করা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে কাজ শুরু করার চেষ্টা চলছে। নয় কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করা হবে। এতে প্রায় দেড় লাখ টাকা অতিরিক্ত খরচ হবে বলে তিনি জানান।উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, কাজ শুরু করার জন্য ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। কাঁচালং নদ থেকে পানি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আট-নয় কিলোমিটারের মধ্যে পানি পাওয়া যাচ্ছে না।