বাঘাইছড়িতে বনের ঝরনা থেকে পানি সরবরাহের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পাবলাখালী বনে অসংখ্য ঝরনা থাকলেও বনের পাশে বসবাসকারী বাসিন্দারা সুপেয় পানি পায় না। তবে পানির এই কষ্ট থেকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে পাবলাখালীর বাসিন্দারা।
ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন এই সমস্যা দূর করতে। এশীয় উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় এ লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নও করা হবে। প্রকল্পের অধীনে বন সংরক্ষণ করার পাশাপাশি গ্রামবাসীর কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়া হবে। আর এই কাজে অংশ নেবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড মেনেজমেন্টের শিক্ষার্থীরা।
গত ২৭ জানুয়ারি পাবলাখালীর সংরক্ষিত বন পরিদর্শন শেষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভারনমেন্ট সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে শিক্ষক মো. জাকারিয়া এই উদ্যোগের কথা জানান। তিনি জানান, প্রাকৃতিক বন এখন দুর্লভ হয়ে পড়ছে। অথচ বনটি গ্রামবাসী নিজেদের উদ্যোগে সংরক্ষণ করেছে। বনের পাহাড়ি ছড়ায় (ঝরনা) সারা বছর পানি থাকে। এসব ছড়ার পানি ঠিকভাবে ব্যবহার করলে গ্রামবাসীর পানির সমস্যা থাকবে না। এশীয় উন্নয়ন ব্যাংক এ লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবেন।
সারোয়াতলী গ্রামের লোকজন জানান, ১৯৯৮ সালে বন রক্ষায় গঠন করা হয় বন রক্ষা কমিটি। কমিটির সদস্যরা নিয়মিত পাহারা দিয়ে এখনো বন সংরক্ষণ করছেন। তাঁরা আরও জানান, প্রাকৃতিক এই বনের ঝরনায় চৈত্র মাসেও পানির প্রবাহ থাকে। সমৃদ্ধ এই বনে বনছাগল, বন্য শূকর, হরিণ, বানর, নানা জাতের সাপ ও উভচর, বনমোরগ, টিয়া, ধনেশ, ময়না, হরিয়লসহ অসংখ্য পাখিও আছে।
সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যতীন রায় চাকমা বলেন, ‘ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এই বনে এসে ঘুরে গেছে। এখন শুনছি, তারা ঝরনার পানি সরবরাহ ও বন্য প্রাণী রক্ষায় কাজ করবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবে।’
মো. জাকারিয়া বলেন, প্রকল্পের অধীনে বন সংরক্ষণ ও এলাকাবাসীর কাছে বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গবেষণা করার সুযোগ পাবেন। শুরুতেই জরিপের মাধ্যমে বনের কয়টি ছড়া আছে, কী ধরনের প্রাণী ও গাছপালা আছে, সেসব গণনা করা হবে। পরে সেই অনুসারে কাজের ধরন ঠিক করা হবে।