বাঘাইছড়িতে ভূমিধস সড়কযোগাযোগ বিচ্ছিন্ন
টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজার এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও মারিশ্যা-উলুছড়ি সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল নয়টার দিকে কাচালং বাজার এলাকায় প্রথমে সড়কের পাশে ফাটল দেখা দেয়। কিছুক্ষণ পরে বিকট শব্দ হলে পুরো সড়ক ভেঙে যায়। এতে পার্শ্ববর্তী একটি পুকুর ও টিলাসহ বিশাল পাহাড় ধসে পড়ে। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা-জোন অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া ঘটনার পর থেকে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে বলে জানা গেছে।সরেজমিনে দেখা গেছে, ভূমিধসের ঘটনার পর থেকে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। ঘটনাস্থলে উপস্থিত প্রদীপ দাশ বলেন, বাঘাইছড়িতে এ ধরনের ভূমিধসের ঘটনা আগে হয়নি। বাঘাইছড়ি থানা উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান বলেন, কাচালং বাজার এলাকায় ভূমিধসের কারণে মারিশ্যা-উলুছড়ি সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঘাইছড়ি পৌরসভার কাউন্সিলর আব্দুল শুক্কুর মিয়া বলেন, ‘ভূমিধসের বিষয়ে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেছি।’ ঘটনার পর থেকে পাহাড়ের ওপর থাকা লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে তিনি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ভূমিধসে একটি সড়ক পুরো বিলীন হয়ে গেছে। পাহাড়ধসের বিষয়ে আমি জেলা প্রশাসককে জানিয়েছি। সামনে মাসিক সভায় বিষয়টি উত্থাপন করব।’