বাঘাইছড়িতে ভোটযুদ্ধ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার প্রথম নির্বাচন আজ। প্রচারণা শেষ করেছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। প্রচারণার প্রথম দিকে পরিবেশ শান্তিপূর্ণ থাকলেও শেষ মুহূর্তে এসে আচরণবিধি লঙ্ঘন ও টাকা ছড়ানোর অভিযোগ উঠেছে। এদিকে, নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন ভোটার ও প্রার্থীরা। প্রশাসন বলছে, সহিংসতা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।নির্বাচন কর্মকর্তা আবদুল কাদির প্রথম আলোকে বলেন, ‘গত এক মাসে প্রার্থীদের প্রচারণার কোনো অভিযোগ ছিল না। কিন্তু শেষ মুহূর্তে এসে আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের টাকার বিনিময়ে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে ভোট শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’ প্রশাসন সূত্র জানায়, এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে উসকানিমূলক প্রচারপত্র বিলি করার অভিযোগে ৪ জানুয়ারি গভীর রাতে মো. জহিরুল ইসলাম নামের এক যুবককে আটক করে প্রশাসনের লোকজন। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সাজেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাতজন আহত হন। এর মধ্যে তিনজনকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন—মো. আলী হোসেন, মো. আবদুল মান্নান ও মো. শাহ আলম। বাকিরা প্রাথমিক চিকির‌্যাসা নিয়েছেন বলে জানা গেছে। ৩ নম্বর ওয়ার্ডের ভোটার মোহাম্মদ সুমন বলেন, ‘শেষ দিকে এসে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। একে অপরকে হুমকি-ধমকি দিচ্ছেন। নির্বাচনের দিনও ভোটকেন্দ্রে মারামারির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি এখন সেদিকেই যাচ্ছে।’৬ নম্বর ওয়ার্ডের ভোটার আশু চাকমা বলেন, ‘শুনেছি, অনেক প্রার্থী টাকা ছড়াচ্ছেন। এ ছাড়া কিছু মেয়র ও কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে গোলযোগের মাধ্যমে সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার পাঁয়তারা করছেন। প্রশাসনকে এসব ব্যাপারে কঠোর হতে হবে।’নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মোট নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ভোটার সংখ্যা আট হাজার ৫১৫ জন। নির্বাচনের মেয়র পদপ্রার্থী চারজন—আওয়ামী লীগ-সমর্থিত জমির হোসেন (প্রতীক দেয়ালঘড়ি), বিএনপি-সমর্থিত মুন্সি মিয়া (প্রতীক জাহাজ), বাঙালি ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর কবির (দোয়াত কলম) ও স্বতন্ত্র আজিজুর রহমান (আনারস)। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে মেয়র পদপ্রার্থীরাও নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন। মেয়র পদপ্রার্থী জমির হোসেন বলেন, আয়নামতি ও মুসলিম ব্লক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার আশঙ্কা রয়েছে। এ ছাড়া ওই দুই কেন্দ্রে জাল ভোটও চলবে বেশি। মুুন্সি মিয়া অভিযোগ করেন, ‘দু-একটি ছাড়া বাকি সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আমার সমর্থকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং ভোটারদের মধ্যে ভীতি ছাড়ানো হচ্ছে। অন্য দুই প্রার্থী আলমগীর কবির ও আজিজুর রহমানও একই অভিযোগ করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, ‘নয়টির মধ্যে মুসলিম ব্লকের দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচনে যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সহিংসতা ও জাল ভোট এড়াতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য রাখা হবে।’