বাঘাইছড়িতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে। সম্প্রতি বাঘাইছড়ির মারিশ্যার এগত্তর পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম এই বৃত্তি প্রদান করেন। একই দিন এলাকার হত দরিদ্র লোকজনকে আর্থিক অনুদান, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপসহ শিক্ষাসামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল কে এম ফেরদাউসুল সাহাব, মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, ৩৯ বিজিবির চিকিৎসক ক্যাপ্টেন মো. মোস্তফা কামাল ও উপজেলা ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা।
বিজিবি সূত্রে জানা গেছে, ১০ জন মেধাবী ছাত্রছাত্রীর মধ্যে মেধাবৃত্তি, ২০ জন হতদরিদ্রকে আর্থিক সাহায্য প্রদান, নয়জন মহিলাকে সেলাই মেশিন, তিনটি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য দেওয়া হয়।