বাঘাইছড়িতে ম্যালেরিয়া রোগীর সংখ্যা বাড়ছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত এক সপ্তাহে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন দুই শতাধিক রোগী। ওষুধসংকটের কারণে চিকিৎসাসেবায় সমস্যা হচ্ছে বলে জানা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউএনডিপি ও ব্র্যাক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, ব্র্যাক কার্যালয়ে ৩৬ ও ইউএনডিপি-হিল ফ্লাওয়ারে ক্লিনিকে ১৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। লক্ষ্মীছড়ি, হগড়া হেজিং, সাজেক খাগড়াছড়ি, থলছড়া, আমছড়ি, উজানছড়ি, ভুয়াছড়ি, বলপেয়েসহ অনেক পাহাড়ি এলাকার রোগীরা চিকিৎসা নিতে পারছেন না। এ ছাড়া আরও দুর্গম এলাকায় স্থানীয় বৈদ্য ও পাহাড়ি লতাপাতা দিয়ে অনেক ম্যালেরিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, উপজেলায় ক্রমেই ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত এক সপ্তাহে শিশুসহ দুই শতাধিক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অর্ধশতাধিক রোগী খাগড়াছড়ি ও রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর রোগীরা অধিকাংশই দুর্গম এলাকা থেকে আসছেন। ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য ব্র্যাক নানা কর্মসূচি নিয়েছে; তাতেও কোনো কাজ হচ্ছে না। সম্প্রতি তারা প্রতি পরিবারকে একটি মশারি বিতরণ করেছে। এ ছাড়া ম্যালেরিয়ার নিয়ন্ত্রণ কর্মসূচি হিসেবে বিভিন্ন গ্রামে সচেতনতামূলক নাটকও মঞ্চস্থ করা হয়।ম্যালেরিয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে। প্রতি পরিবারে একজন কিংবা দুজন করে ম্যালেরিয়া রোগী রয়েছেন বলে জানান সাজেকের শিয়ালদাইলুই মৌজার প্রধান জৌপুই থাং ত্রিপুরা। শিয়ালদাই গ্রামের ভুজন ত্রিপুরা জানান, ‘আমাদের গ্রামের প্রতি পরিবারে দুজন করে ম্যালেরিয়া রোগী সব সময় থাকে। কোনো ওষুধপত্র নেই। বৈদ্য ও বনের লতা-পাতা দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’স্থানীয় উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক অশোক চাকমা প্রথম আলোকে বলেন, ‘ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আমাদের মাচালং ক্লিনিকে গত জুন মাসে চার শতাধিক ম্যালেরিয়া রোগী চিকিৎসা দিয়েছি।’ব্র্যাকের বাঘাইছড়ি শাখার ব্যবস্থাপক মো. হযরত আলী বলেন, ‘এ বছর ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেশি। সম্প্রতি প্রতি পরিবারকে একটি করে মশারি বিতরণ করা হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা লামারী বলেন, ‘ইদানীং ম্যালেরিয়ার প্রকোপ বেড়ে যাচ্ছে। আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘এ বছর আশঙ্কাজনকভাবে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ব্র্যাককে আমি আরও মশারি বিতরণের জন্য অনুরোধ করেছি।’