বাঘাইছড়িতে শতাধিক বৃদ্ধ বয়স্কভাতা পান না
আজ থেকে ৩৫ বছর আগে স্বামীর মৃত্যু হয়। এখন বয়স ৮৫ বছর। বয়সের ভারে চলাফেরা করতে পারেন না। কিন্তু এর পরও বয়স্কভাতা মিলছে না রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের খাচ্ছেপাড়া গ্রামের মহিনী ত্রিপুরার। শুধু মহিনী ত্রিপুরা নয়, বাঘাইছড়ি উপজেলার অরুণপাড়া গ্রামের আরতি ত্রিপুরা, পুষ্পমা ত্রিপুরা, ওবামা ত্রিপুরা, মইয়িমা ত্রিপুরা, লক্ষ্মীবালা চাকমা, সোনা রঞ্জন চাকমা, নয়নতারা চাকমাসহ শতাধিক প্রবীণ ব্যক্তি বয়স্কভাতা পান না। এসব প্রবীণ ব্যক্তির বয়স ৭০ থেকে ৯০ বছর। এসব এলাকার লোকজন অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সদস্যরা এলাকার প্রবীণ ব্যক্তিদের খোঁজখবর নেন না। দুর্গম গ্রামগুলোতে কোনো জনপ্রতিনিধি যান না। উপজেলার ২২টি গ্রামে শতাধিক বৃদ্ধ থাকলেও বয়স্কভাতার তালিকায় তাঁদের নাম ওঠেনি।মহিনী ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘আমার বয়স যখন ৫০ বছর তখন স্বামী অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে ছয় সন্তান নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছি। জঙ্গলে বাঁশ ও ঝাড়ুফুল বিক্রি করে সংসার চালিয়েছি। এখন বয়সের ভারে কোনো কিছু করতে পারছি না।’ অরুণপাড়ার মইয়িমা ত্রিপুরা বলেন, ‘শুনেছি সরকার বৃদ্ধদের ভাতা দেয়। আমরা কখন ভাতা পাব? আমার বয়স এখন ৮০ বছর। কীভাবে বয়স্কভাতা পাওয়া যায় তা-ও জানি না।’উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদাই মৌজার কারবারি চিরন ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘এই গ্রামে অর্ধশতাধিক বৃদ্ধ রয়েছেন। এঁদের গড় বয়স ৮০ বছর। কিন্তু কেউই বয়স্কভাতা পান না। কোনো ইউপি সদস্য এই বৃদ্ধদের দেখেন না।’ সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলার চাকমা প্রথম আলোকে বলেন, ‘মূলত সমাজসেবা কার্যালয় থেকে বয়স্কভাতা দেওয়া হয়। আমার ইউনিয়নের অনেক প্রবীণ ব্যক্তি বয়স্কভাতা থেকে বঞ্চিত। শিগগিরই প্রকৃত বৃদ্ধদের তালিকা করে সমাজসেবা কার্যালয়ে জমা দেওয়া হবে।’বাঘাইছড়ি উপজেলার সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘ইউপি সদস্যরা আমাদের কাছে প্রবীণ ব্যক্তিদের তালিকা জমা দেন। এরপর সরেজমিনে গিয়ে যাচাই-বাছাইয়ের পর বয়স্কভাতা দেওয়া হয়। ইউপি সদস্যরা যদি তালিকা করতে স্বজনপ্রীতি করেন, তাহলে আমাদের করার কিছুই নেই।’