বাঘাইছড়িতে স্বেচ্ছাশ্রমের বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ির উগলছড়ি বিলে গ্রামবাসীর চেষ্টায় সেচের অভাবে মৃতপ্রায় ৬০০ একর বোরো খেত প্রাণ ফিরে পেয়েছে। শিজক নদীতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মাণ করায় এসব জমি সেচের আওতায় এসেছে। গ্রামবাসীর অভিযোগ, সরকারিভাবে সেচসুবিধা পাওয়ার জন্য রাঙামাটি জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য চাওয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসেনি। পরে প্রায় দেড় শ আদিবাসী-বাঙালি পরিবার মিলে জরুরি সভা আহ্বান করে। সভায় শিজক নদীতে বাঁধ দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রত্যেক পরিবারের কাছ থেকে চাঁদা তুলে বাঁধ দেওয়ার জন্য বাঁশ, গাছ, বস্তা ও পলিথিন কাপড় সংগ্রহ করা হয়। ১৬ মার্চ প্রায় দুই শতাধিক লোকজন মিলেমিশে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করেন।খোঁজ নিয়ে জানা গেছে, গত বর্ষায় কাচালং নদীর লাল্যাঘোনা এলাকায় ভাঙন দেখা দিয়েছিল। ভাঙনের ফলে উগলছড়ি বিলে পানি ঢুকে পড়ে। এতে পলিমাটি জমে বিলটি ভরাট হয়ে যায়। নদী ভরাট হয়ে যাওয়ার ফলে দ্রুত পানি শুকিয়ে যায়। এতে ৬০০ একর জমিতে সেচ দেওয়া দুরূহ হয়ে পড়ে চাষিদের পক্ষে। পানির অভাবে বিকল হয়ে পড়ে প্রায় ২০টি পানির পাম্প। বাঁধ দেওয়ার পর সেই ২০টি পানির পাম্প চালু হয়েছে বলে জানান কৃষক জ্ঞান লাল চাকমা। কৃষক সুনীল বিহারী বলেন, ‘জেলা পরিষদ থেকে মাত্র দুটি পানির পাম্প দেওয়া হয়েছে। সরকারিভাবে কোনো সাহায্য-সহযোগিতা পাওয়া যায়নি। আমরা আদিবাসী-বাঙালিরা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁধ নির্মাণ করেছি।’ বটতলা গ্রামের প্রভাশংকর চাকমা জানান, ‘নিজেরা এই উদ্যোগ না নিলে উগলছড়ি বিলে ৬০০ একর জমির বোরো ফসল সেচের অভাবে নষ্ট হয়ে যেত।’ উপসহকারী কৃষি কর্মকর্তা শাক্য চাকমা প্রথম আলোকে বলেন, ‘কাচালং নদীর ভাঙনের ফলে উগলছড়ি বিল ভরাট হয়ে যায়। সেজন্য দ্রুত পানি শুকিয়ে যায়।’ শিকজ নদীতে বাঁধ দেওয়ায় কৃষকেরা সেচসুবিধা পাচ্ছেন বলে তিনি জানান। বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিরণ বিকাশ চাকমা বলেন, ‘গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে শিজক নদীতে বাঁধ নির্মাণ করেছে। প্রথম দুবার বাঁধ ভেঙে যায়। এখন বাঁধ থেকে পানি পাওয়া যাচ্ছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভুঁইয়া বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কেউ আসেনি। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের ফলে কৃষকেরা উপকৃত হচ্ছেন বলে শুনেছি।’