বাঘাইছড়িতে সড়কের কাজ পাঁচ মাস ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের একটি রাস্তার নির্মাণকাজ বন্ধ রয়েছে পাঁচ মাস ধরে। ইউনিয়নের নারিকেল বাগান হতে উগলছড়ি পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নির্মাণকাজ বন্ধ থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উদ্যোগে এই সড়ক কার্পেটিং করার জন্য এক কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৯৭ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। পাশাপাশি সড়কে ৬০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ৬০ লাখ ২৮ হাজার ৬৪৭ টাকা। জানা গেছে, প্রকল্পের কাজ পান ঠিকাদার মো. শাহরিয়ার হোসেন। গত ২২ আগস্ট এই রাস্তার নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। এলাকাবাসীর অভিযোগ, এপ্রিল মাসের মাঝামাঝি থেকে কাজ বন্ধ আছে। এ ছাড়া সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নারিকেল বাগান হতে উগলছড়ি সড়ক পর্যন্ত কিছু অংশে ইট-সুরকির ঢালাই দেওয়া হয়েছে। কিছু অংশে শুধু ইট বিছানো হয়েছে। আবাসিক বিদ্যালয়সংলগ্ন বাঘাইছড়ি নদীতে সেতুর পিলার উঠানো হয়েছে। সেতুর কাজ সমাপ্ত না হওয়ায় লোকজন বাঁশের সেতু বানিয়ে পারাপার হচ্ছেন। অসম্পূর্ণ সড়কের অধিকাংশ স্থানে ভাঙনও সৃষ্টি হয়েছে। ফলে ওই এলাকার লোকজন যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বাঘাইছড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শান্তি বিকাশ চাকমা বলেন, ‘রাস্তাটা অসম্পূর্ণ করে ফেলে রাখা হয়েছে। সড়কটি গ্রামের মাঝখানে হওয়ায় যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছে। রাস্তা নির্মাণের শুরু থেকে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।’ বাঘাইছড়ি গ্রামের দানবীর চাকমা বলেন, ‘যে কাজটা হয়েছে খুব নিম্নমানের। নিম্নমানের কঙ্কর ও ইট ব্যবহার করা হয়েছে। সড়কের কাজ এখন অর্ধেকও হয়নি। ইতিমধ্যে নির্ধারিত সময় চলে গেছে। আগে আমরা সদরে ভালোভাবে যাতায়াত করতে পারতাম। এখন এ রাস্তা দিয়ে চলাচলও করা যায় না।’ এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মো. শাহরিয়ার হোসেন কাজ বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, ‘এলাকায় চাঁদা দিতে হয়। এ ছাড়া এলজিইডি বিল ছাড় দিচ্ছে না। আমি নিজের টাকা দিয়ে অনেক কাজ করেছি। বিভিন্ন কারণে এখানে ভালোভাবে কাজ করা যায় না।’ উপজেলা প্রকৌশলী বিনোদ কুমার চাকমা বলেন, ‘সড়কটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিল ছাড় দেওয়া হয়েছে কি না আমি জানি না। শিগগিরই নির্মাণকাজ শুরু হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘আমি নতুন এসেছি, কোথায় কী আছে, এখনো ভালোভাবে জানি না। প্রকৌশলীকে ডেকে জানতে চাইব, কেন কাজ বন্ধ রয়েছে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘সড়ক নির্মাণের বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। এলাকাবাসীর অভিযোগ, এলজিইডি ঠিকমতো তদারক করে না বলেই রাস্তার এই অবস্থা।’