বাঘাইছড়ির দুর্গম এলাকায় ডব্লিউএফপির খাদ্য সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী দুর্গম সাজেক ইউনিয়নের শতাধিক গ্রামে খাদ্য সরবরাহ শুরু করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ৭ জুন বাঘাইছড়ি ইউনিয়নের বটতলা গ্রামে চাল বিতরণ উদ্বোধন করা হয়। এতে প্রথম দিনে ২৫০ পরিবারকে চাল, তেল ও টাকা দেওয়া হয়। ডব্লিউএফপি ও উন্নয়ন সংস্থা আলো সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘ভূস্বর্গ সাজেকে অভাবের থাবা’ শীর্ষক সংবাদ প্রকাশের পর ডব্লিউএফপি সরেজমিনে তদন্ত করে এ উদ্যোগ নেয়। ছয় মাসের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রকল্পের মাধ্যমে সাজেকে মোট তিন হাজার ৫০০ পরিবারকে খাদ্য সরবরাহ করা হবে। জুমের বীজধান ক্রয়ের জন্য প্রতি পরিবারকে দুই হাজার টাকা, প্রতি মাসে ৫০ কেজি চাল, এক হাজার ২০০ টাকা, তিন লিটার সয়াবিন তেল ও গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য ছয় মাস পর্যন্ত পুষ্টিজাতীয় খাদ্য সরবরাহ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য উন্নয়ন সংস্থা আলোকে দায়িত্ব দেওয়া হয়। গত ১৮ মে পার্বত্য মন্ত্রণালয় থেকে সাজেকের ৩০টি পাড়ার ৭৪০ আদিবাসী পরিবারকে ২৫ কেজি করে মোট ১৬ মেট্রিক টন চাল দেওয়া হয়। এর আগে গত ২৯ ফেব্রুয়ারি আলোকিত চট্টগ্রামে একটি প্রতিবেদন প্রকাশের পর ৮ এপ্রিল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৪০০ আদিবাসী পরিবারকে ২৫ কেজি করে ১০ মেট্রিক টন চাল দেওয়া হয়।উন্নয়ন সংস্থা আলো সূত্রে জানা গেছে, ৭ জুন প্রথমে আড়াই শ পরিবারকে ৫০ কেজি চাল, তিন লিটার সয়াবিন তেল ও এক হাজার ২০০ টাকা করে দেওয়া হয়েছে। বাকি তিন হাজার ২৫০ পরিবারকে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। তারপর আগামী মাস থেকে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য ছয় মাস পর্যন্ত পুষ্টিজাতীয় খাদ্য সরবরাহ করা হবে। এর আগে তিন হাজার ৫০০ পরিবারকে জুমের বীজধান ক্রয়ের জন্য দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।আলোর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা প্রথম আলোকে বলেন, ‘আমরা ৭ জুন আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ শুরু করেছি। প্রথম দিনে আড়াই শ পরিবারকে চাল, তেল ও টাকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি পরিবারেও দেওয়া হবে। মোট তিন হাজার ৫০০ পরিবারকে দেওয়া হচ্ছে। এর আগে তিন হাজার ৫০০ পরিবারকে দুই হাজার করে ৭০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি আগামী ছয় মাস পর্যন্ত চলবে।’