বাঘাইছড়ির ৬০০ তামাকচুল্লিতে পুড়ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন জায়গায় ৬০০ তামাকচুল্লিতে কাঠ পুড়ছে। এর মধ্যে বেশির ভাগই বনের চারাগাছ। তামাকচুল্লির ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠছে উপজেলা সদরসহ পুরো বাঘাইছড়ির বাতাস। এর ফলে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে এলাকাবাসী।গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার প্রায় সব এলাকাতেই তামাকচুল্লি গড়ে উঠেছে। বাড়ির আঙিনা, বিদ্যালয়ের আশপাশ, ফসলি জমি, সবজিখেত, সংরক্ষিত বন ও পৌর এলাকায়ও গড়ে উঠেছে তামাকচুল্লি। এসব চুল্লিতে বয়স্ক শ্রমিকদের পাশাপাশি কাজ করছেন নারী ও শিশুরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে মাত্র ৬০০ একর জমিতে তামাক চাষ করা হয়। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় দুই হাজার একরে। এ বছর আড়াই হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে। প্রতি তিন একর জমির জন্য একটি তামাকচুল্লি প্রয়োজন হয়। আর একটি চুল্লিতে তামাক পাতা শুকাতে প্রয়োজন হয় দুই হাজার মণ কাঠ। সে হিসেবে শুধু এ বছরই ছয় শতাধিক তামাকচুল্লিতে ১২ লাখ মণ কাঠ পোড়ানো হচ্ছে। তামাকচুল্লিতে কাঠ পোড়ানোর ফলে বন উজাড় হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণী। তামাকচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাকচুল্লিগুলোতে প্রতিদিন কয়েক হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। অধিকাংশ কাঠই আসছে সংরক্ষিত বন থেকে। প্রতিটি চুল্লিতে গড়ে ৩০ জন শ্রমিক কাজ করেন। এ ছাড়া তামাকখেত থেকে পাতা ছেঁড়া ও সাজানোর কাজে নিয়োজিত রয়েছেন ৩০ হাজারের বেশি শ্রমিক। শ্রমিকসংকটের কারণে এখন নারী ও শিশুদের তামাকচুল্লিগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান চাষি মো. আব্দুল হালিম।উপজেলা প্রশাসন সূত্রে জানায়, প্রশাসনের নিষেধ সত্ত্বেও তামাকচুল্লিগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে। চুল্লির ধোঁয়ায় আশপাশের লোকজন শ্বাসকষ্ট ও বুকের ব্যথায় ভুগছেন। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। বাঘাইছড়ি স্বাস্থ্যকেন্দ্রের (কমপ্লেক্স) চিকিৎসা কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন বলেন, ‘তামাকখেত ও চুল্লিতে যাঁরা কাজ করেন তাঁদের শ্বাসকষ্ট, বুকে ব্যথা, হূদরোগ, ফুসফুসে ক্যানসার, দীর্ঘস্থায়ী কাশি ও বারজারস ডিজিজের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া তামাকচুল্লির আশপাশে বসবাসকারী লোকজনের এমন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।’তামাকচাষি মো. নজরুল হক বলেন, ‘তামাকচুল্লিতে ঢুকলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মুখে কাপড় বেঁধে কাজ করি। তারপরও অনেক কষ্ট হয়। তামাক পাতা থেকে একটা বিষাক্ত গন্ধ বের হয়। টাকা বেশি পাওয়ায় ক্ষতিকর জেনেও কাজ করছি।’উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমরা কৃষকদের সব সময় উৎসাহিত করে আসছি তামাক চাষ না করার জন্য। কয়েকটি সচেতনতামূলক সভাও করেছি। তামাক চাষের পরিবর্তে কৃষকদের আখ ও ভুট্টা চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’মারিশ্যা বন বিভাগের বিট কর্মকর্তা মো. শাহ নেওয়াজ বলেন, ‘তামাকচুল্লিগুলোতে ব্যাপক কাঠ পোড়ানো হচ্ছে। এ বিষয়ে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। মাসিক সমন্বয় সভায়ও বিষয়টি উত্থাপন করা হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘শিগগির তামাকচুল্লিগুলোতে অভিযান চালাব। তামাক চাষ না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে চাষিদের নিরুৎসাহিত করা হয়েছে।’