বাঘাইহাট বাজার বন্ধ সাত মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটে সহিংস ঘটনার সাত মাস পেরিয়ে গেলেও আদিবাসী-বাঙালিদের মধ্যে সম্পর্কের তেমন উন্নতি দেখা যাচ্ছে না। ঘটনার পর থেকেই উপজেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র বাঘাইহাট বাজার বন্ধ রয়েছে। বাজারে লোকজনের আনাগোনা না থাকা এবং পরস্পরের বিরুদ্ধে প্রচারণা চালানোর ফলে উভয়পক্ষের মধ্যে দূরত্ব ও অবিশ্বাস না কমে বরং বাড়ছে। মূলত বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আদিবাসীরা বাজারটি এখনো বয়কট করছেন বলে জানা গেছে।জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি আদিবাসী-বাঙালিদের মধ্যে সংঘটিত সহিংস ঘটনার পর থেকে বাঘাইহাট বাজারটি কার্যত অচল হয়ে পড়ে। বাজারের তিন শতাধিক দোকান বন্ধ থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বেচাকেনা করতে পারছেন না উৎপাদক ও ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী কালা কচু চাকমা জানান, বাজারটি বন্ধ থাকায় এলাকায় উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে বাজারের বাইরে পানির দামে পণ্য বিক্রি করে দিচ্ছেন। তিনি জানান, ব্যবসা না থাকায় অনেকে আর্থিক সংকটে পড়েছেন। এ ছাড়া ভোগান্তির শিকার হচ্ছেন উভয় সম্প্রদায়ের লোকজন। জানা গেছে, বাজারটি চালু করার ব্যাপারে উপজেলা প্রশাসনের উদ্যোগে আদিবাসী-বাঙালিদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু ২০ ফেব্রুয়ারি ক্ষতিগ্রস্তদের নানা দাবির মুখে সব বৈঠক ব্যর্থ হয়ে যায়। আদিবাসীরা অভিযোগ করেন, সরকার এ পর্যন্ত তাঁদের মাত্র এক বান্ডিল টিন, ছয় হাজার ২০০ টাকা ও তিন মণ চাল দিয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা সাজেক নারীসমাজ, সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক ভূমি রক্ষা যুব কমিটির ব্যানারে বাজার বয়কটের ডাক দিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে—অনুপ্রবেশকারী বাঙালিদের সম্মানজনক পুনর্বাসনের মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়া, সাজেক থেকে সেনাবাহিনী প্রত্যাহার, ১৯ ও ২০ ফেব্রুয়ারির সহিংস ঘটনায় জড়িতদের বিচার, আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দির, গির্জা, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান পুনর্নির্মাণ, গাড়িতে তল্লাশির নামে যাত্রী হয়রানি বন্ধ, বাঙালি ছাত্রপরিষদের চাঁদাবাজি বন্ধ, আদিবাসী শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান ইত্যাদি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাজার বয়কট চলবে বলে তাঁরা জানান। সূত্র জানায়, বাঘাইহাট বাজার বন্ধের ব্যাপারে আদিবাসীদের দোষারোপ করে সাজেক নাগরিক সমাজসহ নামে-বেনামে বাঘাইহাট ও আশপাশের এলাকায় প্রচারপত্র (লিফলেট) বিলি করা হয়েছে। জুনের প্রথম দিকে ছাড়া এ প্রচারপত্র নিয়ে আদিবাসীরা ক্ষুব্ধ। তাঁদের দাবি এটা উসকানিমূলকভাবে বিলি করেছেন বাঙালিরা। প্রতিবাদে আদিবাসীরা গত ১৫ জুন বাঙালিদের দোষারোপ করে আরেকটি প্রচারপত্র বিলি করেন। সর্বশেষ গত ১৫ জুলাই বাঘাইহাটের সহিংস ঘটনা ও বাঘাইহাট বাজারের অচলাবস্থার জন্য উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও ইউপিডিএফকে দায়ী করে জুম্ম জনগণের নামে প্রচারপত্র বিলি করা হয়। এ অবস্থায় আদিবাসী-বাঙালিদের মধ্যে নতুন করে দূরত্ব বাড়ছে বলে স্থানীয় লোকজন মনে করছেন। বাঘাইহাট বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দিন বলেন, বাঘাইহাট বাজারটি সাত মাস ধরে বন্ধ। আদিবাসীরা বাজারের পাশ দিয়ে যাতায়াত করলেও কোনো জিনিসপত্র কিনছেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে একাধিকবার আদিবাসী-বাঙালিদের নিয়ে বৈঠক করা হয়েছে। তাঁরা যেসব দাবি তুলছেন তা পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’ উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘আমি বাঘাইহাটের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বাজারটি চালু করার বিষয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলছি। তাঁরা আগের চেয়ে অনেক নমনীয় হয়েছেন। আশা করি কিছুদিনের মধ্যে বাজার চালু করা সম্ভব হবে।’ ষড়ন্ত্রমূলকভাবে বিশেষ একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।