বাঘের শহর চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের পাহাড় থেকে জনারণ্যে ছুটে এসেছে বিশালদেহী জলজ্যান্ত এক বাঘ। চোখমুখে স্বভাবসুলভ তেজোদীপ্ততা। সবার সামনে বীরদর্পে দাঁড়িয়ে আছে। চারপাশে উৎসুক জনতার ভিড়। কেউ অবাক হয়ে দেখছেন, কেউ সেই দুর্লভ সময়কে ক্যামেরার ফ্রেমে ধরে রাখছেন। এর মধ্যেই ছুটে চলেছে কর্মব্যস্ত শহরের মানুষ আর ছোট-বড় যানবাহন।চট্টগ্রামের টাইগারপাস মোড়ের সড়কদ্বীপে পাকাপোক্ত অবস্থান নিয়েছে এই ‘বাংলার বাঘ’। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সিটি করপোরেশন কর্তৃপক্ষ বনের বাঘকে তুলে এনেছে জনপদে। রং-রূপ, আকার-আকৃতিতে অবিকল বাঘেরই প্রতিচ্ছবি। তিনটি বাঘের ভাস্কর্য রয়েছে টাইগারপাস এলাকায়। অপর দুটি বসানো হয়েছে লালখান বাজারমুখী সড়কের দুই পাশের পাহাড়ে। সেখানেও কৌতূহলী মানুষের ভিড়।‘কথিত আছে, একসময় পাহাড় আর বনজঙ্গলঘেরা চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বাঘের আনাগোনা ছিল। সেই থেকে এলাকার নাম টাইগারপাস। আমাদের সে ঐতিহ্যকেই তুলে আনা হয়েছে এখানে।’ বললেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিক দেওয়ান। তাঁর কথা শেষ না হতেই সঙ্গী উদয় হাসান বলে উঠলেন, ‘আমার মনে হয়, আমাদের ক্রিকেটের টাইগার নোবেল, নান্নু, আকরাম, নাফিস (ইকবাল), তামিমের এ শহরকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে।’বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এই ক্রিকেট-নগরকে সাজানো হয়েছে এক অন্য রকম সাজে। নানা আয়োজন, সাজসজ্জায় শহরের চেহারায় ফুটে উঠেছে এক অদ্ভুত সৌন্দর্য!নিমতলা মোড়ে বসেছে ‘প্রত্যয়’ নামে বাংলাদেশ জাতীয় দলের ১৫ ক্রিকেটারের ভাস্কর্য। বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রসিং ও জামালখান মোড়ে বসানো হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যের স্মারক ‘সাম্পান’। এখানেই শেষ নয়, ওয়াসা, জিইসি, বিমানবন্দর সড়ক ও টাইগারপাস মোড়ে চারটি ফোয়ারা গড়ে উঠেছে করপোরেশনের তত্ত্বাবধানে। নগরের প্রায় এক হাজার ২০০ বৈদ্যুতিক খুঁটির গায়ে লাল-সবুজ রঙের প্রলেপ পড়েছে। এর বাইরে বৈদ্যুতিক খুঁটিগুলোতে সেই রঙের পরশ বুলিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।‘নিজের চোখকেই যেন বিশ্বাস হতে চায় না। এটা আমাদের জন্য গর্বের নিঃসন্দেহে। তা ছাড়া প্রকৃতি তো আগে থেকেই এ শহরকে সাজিয়ে রেখেছে। সব মিলিয়ে চমৎকার! বিদেশি ও পর্যটকেরা বন্দরনগর চট্টগ্রামের রূপে মুগ্ধ না হয়েই পারেন না।’ চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী সুমনা আফরোজা অকপটেই বলে গেলেন এসব কথা। বললেন, ‘এতটুকু বাড়িয়ে বলছি না। যে কেউ তা স্বীকার করতে বাধ্য। আর আমরা (চট্টগ্রাম) যে রূপে-গুণে অনন্য, বিশ্বকাপের খেলায়ও তার প্রমাণ দেব।’ নগরের লালখান বাজার আমিন সেন্টারে শপিং করতে আসা সুমনার বন্ধুরাও যোগ দিলেন একই প্রসঙ্গে। নাহিদা আকতার জোরগলায় বললেন, ‘আমাদের ক্রিকেটের গৌরবই তো চট্টগ্রাম। কাজেই চট্টগ্রামের মাটিতে আমাদের জয় অবধারিত বলতে পারেন।’ গৌরব কেন? জবাবে অপর বন্ধু নাদিয়া হাফেজ জানালেন, ‘কেন নয়, আমাদের জাতীয় দলের সেরা ও জনপ্রিয় খেলোয়াড়ের তালিকায় বরাবরই উঠে এসেছেন চট্টগ্রামের আকরাম, নান্নু, নোবেল, নাফিস, তামিমের মতো খেলোয়াড়।’ক্রিকেট নিয়ে নগরের সর্বত্রই এখন চলছে আলোচনার ঝড়। হোটেল-রেস্তোরাঁ, অফিসপাড়া, বন্ধুদের আড্ডা—সবখানেই কমবেশি উঠে আসছে বিষয়টি, বিশেষ করে চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দলের জয় নিয়ে এক ধাপ এগিয়ে আছে তরুণেরা।নগরের জিইসি মোড়ের আড্ডায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল তরুণ নিজেদের অনুভূতির কথা মেলে ধরেন নানাভাবে। ‘আলো ঝলমল রাতের চট্টগ্রামের সৌন্দর্য চোখে না দেখলে বোঝা যাবে না। বিমানবন্দর সড়ক, টাইগারপাস, জিইসি মোড় থেকে ষোলশহরের আশপাশের সড়কে দেখা যায় রংবেরঙের আলোর খেলা।’ বলছিলেন রাশেদ শাহরিয়ার। ‘এবারের বিশ্বকাপে চট্টগ্রামের ঐতিহ্য ভালোভাবেই ফুটে উঠবে বিশ্ববাসীর কাছে।’ শুধুই নগরের সাজসজ্জায়? ‘তা কেন হবে। সূর্যসেন, প্রীতিলতার চট্টগ্রাম তো পরাজয় মানে না। তেমনই পরাজয় মেনে নেবে না চট্টগ্রামের তামিম বাহিনীও।’ বললেন তারেক মাহমুদ। একই কথার প্রতিধ্বনি শোনা গেল হাবিব আহসানের কণ্ঠে। ‘আমরা জয় ছিনিয়ে আনব, দেখবেন।’নগরের হালিশহর কে-ব্লকের সামনে ডিজাইন হাউস পিট এ পোর্টার বসিয়েছে বিশাল ক্রিকেট ব্যাট। ব্যাটের গায়ে মন্তব্য লেখা হয়েছে অনেক। মনোযোগ দিয়ে লেখালেখিতে ব্যস্ত আরও কয়েকজন তরুণ। দেখা গেছে, এতে আমাদের ক্রিকেট তারকাদের জন্য শুভকামনা আর উদ্দীপনা জাগানো ভাষাই বেশি। সেখানে কথা হলো মুন্না রায়হান, শফিক মেহেদী, জাহিদ সরকারের সঙ্গে। সবাই একই সুরে বললেন, ‘এবারের বিশ্বকাপ আমাদেরই হবে। আর সেই জয়ের নিশান উড়বে চট্টগ্রাম থেকেই এবং তামিমের শহর থেকেই। আমাদের জয় ঠেকিয়ে রাখা যাবে না।’