বাঙলা কলেজে একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেই বুঝি বলে জ্যৈষ্ঠের কাঠফাটা গরম। সরকারি বাঙলা কলেজের ক্যাম্পাসে ঢুকতেই উত্তাল উত্তাপ। তারুণ্যের উচ্ছ্বাসে জ্যৈষ্ঠের তাপও যেন হার মেনেছে। রাজধানী ঢাকার মিরপুর-১-এ প্রায় ১৬ একর জমির ওপর কোলাহলমুক্ত এক নৈসর্গিক পরিবেশে সরকারি বাঙলা কলেজ অবস্থিত। ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের সদর্প উপস্থিতি। ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়বে শিক্ষার্থীদের ছোট ছোট দল মাঠে বসে আড্ডা দিচ্ছে। তাদের আড্ডায় উঠে আসে নিজেদের স্বপ্ন, পরিকল্পনা থেকে রাজনীতি-অর্থনীতি—সবকিছু। এ ছাড়া আড্ডায় গান, কৌতুক, আবৃত্তি করতেও বাদ দেয় না ওরা। এমনি এক দলে গিয়ে বসলাম। তাদের কাছে জানতে চাইলাম, ‘এতসব কলেজ থাকতে বাঙলা কলেজেই কেন তোমরা পড়ছ?’ বাঙলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সালমা বললেন, ‘সত্যি কথা বলতে কি এই কলেজের সুনাম, ঐতিহাসিক পটভূমি, সর্বোপরি এই কলেজের ক্যাম্পাস আমাকে আকৃষ্ট করে। আর তা ছাড়া আমার বাসা থেকেও এটি কাছে। বন্ধুকে সঙ্গ দিতে ভোলেনি ওয়াসিম। ও বলল, তা ছাড়া এখানের নিরাপত্তাব্যবস্থা খুব ভালো। তুলনামূলক এ ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব কম। এখানের ছাত্র-শিক্ষকের সম্পর্ক বন্ধুসুলভ। এ কলেজের আরেক শিক্ষার্থী সুমন বলে, ‘আমাদের ক্যাম্পাসে সুবিশাল লাইব্রেরি আছে, সেখানে আন্তর্জাতিক মানেরও বই পাওয়া যায়। আমাদের এখানে ১৫টি অনুষদ আছে, প্রতিটির আলাদা সেমিনার আছে।’ বন্ধু রবিন বলল, ‘আমাদের সেমিনারে আমি বেশির ভাগ সময় কাটাই, ক্লাস করি আর না-ই বা করি।’ সুমন বলল, ‘ক্যাম্পাসকে আমি এতই ভালোবাসি, আমাদের ক্লাস না থাকলেও সময় করে একা হলেও ক্যাম্পাসে ঘুরে যাই। বাঙলা কলেজের ক্যাম্পাস যেন আমার জীবনের একটি অংশ।’ রবিন বলল, ‘ক্যাম্পাসের মধ্যে আমাদের পুকুরপাড়টা আমার বেশি ভালো লাগে। তবে ওটা পরিষ্কার রাখলে পরিবেশটা আরও সুন্দর হতো।’ রুবিনা বলল, ‘আমাদের এই সরকারি বাঙলা কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা ২৩ হাজার অথচ এখানে ছেলেদের আবাসিক হোস্টেল আছে মাত্র একটি কিন্তু মেয়েদের কোনো আবাসিক হোস্টেল নেই। ঢাকার বাইরে থেকে অনেক মেয়ে এখানে পড়তে আসে, থাকার জন্য তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই মহিলা হোস্টেল থাকলে তারা উপকৃত হতো।’ রুবিনার মুখের কথা কেড়ে নিয়ে রাসেল বলে, ‘আমাদের কলেজের সুবর্ণজয়ন্তীতে পত্রিকার মাধ্যমে কলেজের কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, ‘কলেজের নিজস্ব পরিবহনব্যবস্থা চালু এবং একটি ক্যানটিন স্থাপন করা হোক।’ওদের কাছে প্রশ্ন রাখলাম, তোমাদের কলেজের বিশেষত্ব কী? শাকিল বলল, ‘এর বিশেষত্ব হলো ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান সৃষ্টির পর যখন এখানে বাংলায় শিক্ষাব্যবস্থার প্রচলন ছিল না তখন অধ্যাপক আবুল কাশেম, ড. মুহম্মদ শহীদুল্লাহ, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ বাংলা বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। সেই পরিপ্রেক্ষিতে প্রাথমিক কাজ হিসেবে আমাদের এই বাঙলা কলেজ প্রতিষ্ঠা হয় এবং এর প্রথম অধ্যক্ষ ছিলেন অধ্যাপক আবুল কাশেম।’ কাওসার বলে, ‘আমাদের কলেজে রোভার স্কাউট, বিএনসিসি, যুব থিয়েটারের কথা বলতে ভুলে যাচ্ছিস কেন?’‘আমি ব্যবস্থাপনা বিভাগে পড়ছি। আমার স্বপ্ন আমি কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগে উচ্চপদে চাকরি করব। শুধু আমি কেন, আমরা সবাই আমাদের নিজস্ব স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছি, যা বাস্তবায়নে আমাদের যোগ্য করে তোলার জন্য আমাদের শিক্ষকেরা অকৃত্রিম সহযোগিতা করছেন’, কলেজ সম্পর্কে এ বক্তব্য দেয় কোহিনূর।সরকারি বাঙলা কলেজের ছাত্রছাত্রীদের বক্তব্য থেকে জানা গেল, তাদের এই স্বনামধন্য ও ঐতিহাসিক কলেজ ঘিরে তাদের অনেক স্বপ্ন। তবে কলেজের ক্যানটিনব্যবস্থা, পরিবহনব্যবস্থা ও মহিলা হোস্টেল থাকলে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ আরও মসৃণ হতো।