বাঙালি কাবুলিওয়ালা
>

সাংবাদিকতায় দীর্ঘ কয়েক দশকের অভিজ্ঞতা তাঁর। কাজ করেছেন কলকাতার আজকাল পত্রিকায়। বিবিসি ওয়ার্ল্ডের দক্ষিণ এশিয়া ব্যুরোর নির্বাহী সম্পাদক এবং আন্তর্জাতিক বিভাগের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন
সৈয়দ মুজতবা আলীর প্রেমে পড়েছেন তিনি। সেটা কেমন, একটা ঘটনা উল্লেখ করলেন বোঝানোর জন্য। একবার কায়রো গিয়েছেন বেড়াতে। মিসরীয় বন্ধুকে বললেন, সেখানকার একটা খাবারের কথা পড়েছেন মুজতবা আলীর লেখায়, সেই খাবারটা খেতে চান। কী খাবার সেটা বোঝাতে গিয়ে বললেন, শসায় কামড় দিতেই বেরিয়ে আসে মাংস...। বন্ধু লাফ দিয়ে উঠে বললেন, আরে এ তো ‘মাহশি কোসা’। আজই রান্না হয়েছে বাড়িতে।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের গণপাঠাগারে ১৪ বছর বয়সে মুজতবা আলীর পঞ্চতন্ত্র পড়ে নাজেস আফরোজের এই মুগ্ধতার শুরু। সেই মুগ্ধতার রেশ কাটেনি পরবর্তী জীবনেও। মুজতবার একনিষ্ঠ পাঠক নন কেবল, হয়ে উঠলেন অনুবাদকও। গত ২০১৫ সালে তাঁর করা দেশে বিদেশে–এর অনুবাদ ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম প্রকাশিত হওয়ার পর সারা বিশ্বের মানুষ নতুন করে চিনেছে মুজতবা আলীকে। সেই সঙ্গে অনুবাদক নাজেসকেও। মুজতবা অন্তপ্রাণ এই মানুষটির সঙ্গে আলাপ জমে ওঠে গত বৃহস্পতিবার, তাঁর বন্ধু শিল্পী ঢালী আল মামুনের চট্টেশ্বরী রোডের বাড়িতে।
বয়স ৬০ ছুঁই–ছুঁই হলেও দেখে মনে হয় পঞ্চাশেই আটকে আছেন। কথাবার্তায় তারুণ্যের ছাপ। দীর্ঘ কয়েক দশক সাংবাদিকতার অভিজ্ঞতা। কাজ করেছেন কলকাতার আজকাল পত্রিকায়। বিবিসি ওয়ার্ল্ডের দক্ষিণ এশিয়া ব্যুরোর নির্বাহী সম্পাদক এবং আন্তর্জাতিক বিভাগের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুজতবা আলীর মতোই ঘুরেছেন দেশে-বিদেশে। আলাপের শুরুতেই ওঠে সে প্রসঙ্গ। বললেন, এ পর্যন্ত ৩০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। এর মধ্যে লন্ডনেই ছিলেন ১৫ বছর। আফগানিস্তানে গিয়েছেন বহুবার। এটাও কী মুজতবা আলীর প্রভাব? নাজেস হেসে বললেন, ‘আসলে মুজতবা আলী খুব প্রিয় আমার। তিনি যেখানে যেখানে গিয়েছেন আমিও সেখানে যাওয়ার চেষ্টা করেছি। আর পেশাগত কারণে দক্ষিণ এশিয়ার নানা অঞ্চলে ঘোরা হয়েছে।’
জানতে চাই ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম বইটি কেমন সাড়া ফেলেছে? নাজেস বললেন, স্পিকিং টাইগার বুকস প্রকাশনা থেকে বইটি প্রকাশের পর এর মধ্যে প্রথম সংস্করণ শেষ হয়েছে। আন্তর্জাতিক পাঠকেরা মুজতবা আলীর নাম জানছে। সবচেয়ে বড় কথা, ১৯২৭ থেকে ১৯২৯ সাল পর্যন্ত বাদশাহ আমানুল্লাহর শাসনামলে আফগানিস্তানের একমাত্র সাহিত্যিক, প্রামাণ্য দলিল এটি। ওই সময় তিনি চেষ্টা করছিলেন আফগানিস্তানকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। তার বিবরণও ধরা আছে মুজতবা আলীর দেশে বিদেশে বইতে। তা ছাড়া এই বইতে পশতুভাষী পাঠানদের যেভাবে চিত্রিত করা হয়েছে তা এক কথায় অসাধারণ। মানুষগুলো আসলেই এমন সহজ-সরল আর দৃঢ়চেতা। মুজতবা আলীর সবচেয়ে বড় গুণ, একটা জনগোষ্ঠীকে হৃদয় দিয়ে দেখা। এমন মানবিক ও বহু সংস্কৃতির ধারক বাঙালি লেখক বিরল।
মুজতবা আলীর বই পড়ে মনে হয়, পাঠানরা সরল কিন্তু জেদি। ভাইয়ের খুনির বদলা নিতে তারা দ্বিধা করে না। এখনকার তালেবানের সহিংস আচরণে কি সেটারই প্রভাব আছে? নাজেস মাথা নাড়লেন, একেবারেই না। আসলে পাঠানরা ভাইয়ের খুনের বদলা নিতে রক্ত ঝরাতে পারে, এটা ঠিক। আবার ভাইয়ের খুনি যদি পরিচয় গোপন করে কোনো পাঠানের বাড়িতে আশ্রয় নেয়, তবে সেই খুনিকে জীবন দিয়েও রক্ষা করে সে। আসলে মানুষগুলো একদম সরল। তালেবানরা রাজনৈতিক ইসলাম আমদানি করেছে সেখানে। সে কারণে সহিংসতা অন্য মাত্রা পাচ্ছে।
আফগানিস্তান বিশেষজ্ঞ তিনি। দেশটির অনেক পরিবর্তন চোখের সামনে দেখেছেন। কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে দেশটির সামনে? নাজেসের উত্তর, ‘আফগানিস্তান একটি বৈচিত্র্যময় ও প্রাচীন সভ্যতার দেশ। দেশটির এমন দশা হওয়ার কথা ছিল না। ৭০-৮০ বছর ধরে দেশটি বারবার পশ্চিমা হস্তক্ষেপের শিকার হয়েছে। আমানুল্লাহ আধুনিক আফগানিস্তান গড়তে চেয়েছেন, উৎখাত হলেন অভ্যুত্থানে। আমি গবেষণা করে দেখেছি, সেই অভ্যুত্থানে ব্রিটিশ শাসকদের ইন্ধন ছিল। আর ৭০-৮০ এর দশকে আফগানিস্তান আবারও আধুনিক রাষ্ট্র হয়ে উঠছিল। কিন্তু সোভিয়েত অাগ্রাসনের পর মার্কিন মদদে সে দেশে বিদেশি জেহাদি প্রবেশ করতে থাকে। দেশটির এই দুর্দশার কারণ বারবার বিদেশিদের হস্তক্ষেপ। এই হস্তক্ষেপ বন্ধ হলে আবারও আফগানিস্তান উঠে দাঁড়াবে। সে দেশে গিয়ে আমি এর প্রমাণও পেয়েছি। বিদেশ থেকে প্রচুর মেধাবী আফগান দেশে ফিরছেন। তাঁরা নতুন কিছু করতে চাইছেন। দেশটির অর্থনীতিতেও পরিবর্তন আসছে। হেরাত বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেছি সেখানে প্রায় ৫০ ভাগ শিক্ষার্থী নারী।’
নাজেস ছবিও তোলেন। ‘কলকাতার কাবুলিওয়ালা’ শিরোনামে তাঁর আলোকচিত্রের একটি প্রদর্শনীও হয়েছে। তবে লেখালেখি করবেন বলেই চাকরি ছেড়েছেন। সে প্রসঙ্গে বললেন, ‘লেখালেখি করব। নানা দেশে ঘুরেছি, সেসব নিয়ে লেখার ইচ্ছে আছে। তবে দেখি কী হয়। এ ছাড়া মুজতবা আলীর জলে ডাঙায় বইটির অনুবাদে হাত দিয়েছি। তাঁর আরও কিছু বই অনুবাদের ইচ্ছে আছে।’
পেশাগত কারণে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। এখানকার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সম্পর্কে অনেক আশাবাদ তাঁর। তাঁর দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এখানকার সাধারণ মানুষ। বললেন, এখানকার কৃষকেরা অসামান্য। বায়ান্নর ভাষা আন্দোলন করেছে এই দেশের মানুষ। সত্তরের ঘূর্ণিঝড়ের এক বছর পরই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেনি। তো এমন দেশকে কে দমাতে পারে? কোনো মৌলবাদ, জঙ্গিবাদ এ দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।
চট্টগ্রামে এ নিয়ে এসেছেন চারবার। এবার এলেন বাতিঘরের আমন্ত্রণে নিজের অনুবাদ করা বই নিয়ে পাঠকের মুখোমুখি হতে। কেমন লাগল প্রশ্ন করতে বললেন, ‘আসলেই মুগ্ধ হয়েছি এখানকার মানুষজনকে দেখে। এই শহরের সাংস্কৃতিক পরিমণ্ডল খুব সমৃদ্ধ। সাংস্কৃতিক কর্মীরা সক্রিয়। বাতিঘরে প্রচুর পাঠক এসেছিলেন কথা শুনতে। এটা আমার অভিজ্ঞতায় সত্যি বিরল।’
চট্টগ্রামে এসেছেন, শুঁটকি খেয়েছেন কি? ‘ওহ, না। আমি মাছ খাই না’, হেসে উত্তর দিলেন নাজেস। তবে কি পাঠানদের দেশে যেতে যেতে পাঠানদের মতোই মাছ খাওয়া ছাড়লেন এই বাঙালি লেখক? কী বলা যায় তাঁকে, বাঙালি কাবুলিওয়ালা?