বাঙালি পাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী অপর্ণা ঘোষ উৎসব পার্বণে রান্না করতে পছন্দ করেন। ছবি: খালেদ সরকার
অভিনেত্রী অপর্ণা ঘোষ উৎসব পার্বণে রান্না করতে পছন্দ করেন। ছবি: খালেদ সরকার

এমনিতেই রান্না করতে খুব পছন্দ করেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। যদিও সময়ের অভাবে সব সময় রাঁধতে পারেন না। তবে উৎসব পার্বণে হেঁশেলে ঢুকে মায়ের সঙ্গে রান্নায় হাত লাগান। মা আর দিদার কাছ থেকেই রান্না শেখা। বড় মাসির কাছ থেকেও অনেক রান্না শিখেছেন তিনি। নিরামিষ পদগুলো অপর্ণা নাকি খুব ভালো রাঁধেন। আর ভালো করেন যেকোনো মিষ্টি খাবার। বললেন, ‘আমার বাবা আমার হাতের পাঁচন জাতীয় পদ খেতে খুব ভালোবাসেন।’

তাঁর বাড়িতে বৈশাখের আয়োজনে যেসব পদ রান্না হয় সেগুলো রেঁধেছেন নকশার পাঠকদের জন্য। চট্টগ্রামের মেয়ে অপর্ণা। পাহাড়ি এলাকায় পাওয়া যায় এমন কিছু শাক, ডাঁটা ছাড়াও রান্নায় ব্যবহার করেছেন শিউলি পাতা ও বট ফলের মতো অপ্রচলিত উপকরণ।

কলার মোচার কোপ্তা
কলার মোচার কোপ্তা

কলার মোচার কোপ্তা
উপকরণ: কলার মোচা ১টি, বুটের ডাল ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, তেল পরিমাণমতো, কালিজিরা সামান্য পরিমাণ, তেজপাতা ৩টি, আদা বাটা, সরিষা বাটা ১ চা-চামচ, টমেটো পিওরি ১ টেবিল চামচ।
প্রণালি: বুটের ডাল আগের রাতে পানিতে ভিজিয়ে রাখতে হবে। কলার মোচা খুলে ভেতর থেকে কালো রঙের শাঁস বের করে আনতে হবে। এরপর সেই শাঁস কুচি কুচি করে কেটে নিতে হবে। তা ভাপে সেদ্ধ করে নিতে হবে। এরপর কলার মোচা আর বুটের ডাল বেটে তার সঙ্গে হলুদ গুঁড়া মিশিয়ে গোল গোল করে নিন।

ঝোল তৈরির প্রণালি: আরেকটি কড়াইতে একটু তেল, কালিজিরা, তেজপাতা, হলুদ গুঁড়া, আদা বাটা, সরিষা বাটা ও এক কাপ পানি দিয়ে ঝোল তৈরি করে নিন। চাইলে কেউ টমেটো পিওরি এতে ব্যবহার করতে পারেন। ঝোল রান্না হয়ে গেলে কোপ্তা ও কয়েকটা কাঁচা মরিচ ছেড়ে দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিন। এরপর নামিয়ে ফেলুন।

তিলের আলু
তিলের আলু

তিলের আলু
উপকরণ: খোসা ছাড়ানো আলু ৬/৭টি, তিল এক চা-চামচ, চিনি এক চিমটি, তেল ১ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: একটি পাত্রে লবণপানিতে আলুগুলো আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর তুলে ফেলুন। চুলায় একটি পাত্রে তেল দিন। তেল হালকা গরম হলে এতে তিল আর আলু একসঙ্গে ছেড়ে দিন। সামান্য পরিমাণ লবণ দিতে পারেন যেহেতু আগেই আলু লবণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। আলু ​সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে এক চিমটি চিনি মিশিয়ে নিন।

আমের চাটনি
আমের চাটনি

আমের চাটনি
উপকরণ: কাঁচা আম ৪টি, পাঁচফোড়ন সামান্য, তেল ১ চামচ, শুকনো মরিচ ৩টি, কাঁচা মরিচ ৩টি, জিরার গুঁড়া সামান্য পরিমাণ, লবণ ও চিনি পরিমাণমতো।
প্রণালি: প্রথমে আম ফালি ফালি করে কেটে ধুয়ে নিতে হবে। এরপর সেই আম সেদ্ধ করতে হবে। আরেক পাত্রে তেল, পাঁচফোড়ন, শুকনো মরিচ, জিরার গুঁড়া, চিনি ও লবণ সব একসঙ্গে সেদ্ধ আমের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকুন। আম গলে গেলে পুরো মিশ্রণ থকথকে হয়ে আসবে। এরপর নামিয়ে ফেলুন।

শজনে দিয়ে মুগের ডাল
শজনে দিয়ে মুগের ডাল

শজনে দিয়ে মুগের ডাল
উপকরণ: মুগ ডাল ২ কাপ, শজনে ডাঁটা ৫/৬টি, আদা বাটা ১ চা-চামচ, তেজপাতা ২টা, কালিজিরা সামান্য পরিমাণ, তেল ১ চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি: একটি পাত্রে অল্প তেল দিয়ে মুগ ডাল কিছুক্ষণ টেলে নিন। এরপর পরিমাণমতো পানি আর লবণ দিয়ে ডাল সেদ্ধ করে নিন। ডাল ফুটে এলে এতে ধুয়ে রাখা শজনে ডাঁটা ছেড়ে দিন। এ সময় বাগারের জন্য অন্য আরেকটি পাত্রে তেল, কালিজিরা ও তেজপাতা দিয়ে তা ডাল ঘন হয়ে এলে ছেড়ে দিন।

শসা সুক্তো
শসা সুক্তো

শসা সুক্তো
উপকরণ: খোসা ছাড়ানো শসা ১টা (ফালি করে নিতে হবে), আদা বাটা ১ চা-চামচ, নারকেল বাটা ২ চা-চামচ, দুধ আধা চামচ, তেজপাতা ২টি, সরষে দানা ১ চামচ, হলুদ গুঁড়া ১ চিমটি, ঘি অর্ধেক চা-চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি: প্রথমে একটি পাত্রে অল্প তেল ঢেলে তেজপাতা ও সরষে দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে। এরপর এতে ফালি করে কাটা শসা ঢেলে দিন। শসা নরম হয়ে এলে এতে আদা বাটা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। কিছুক্ষণ পর শসা আরও একটু নরম হয়ে এলে এর মধ্যে নারকেল বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। এই পদে পানি দেওয়ার প্রয়োজন নেই। শসা থেকেই পানি ছাড়বে। নামানোর আগে একটু দুধ ও হলুদ দিয়ে নিতে হবে। একদম শেষে একটু ঘি দিয়ে নাড়িয়ে নামিয়ে ফেলুন।

ভাজা রুই
ভাজা রুই

ভাজা রুই
উপকরণ: রুই মাছের টুকরা ৫–৬টা, হলুদ বাটা ১ চা-চামচ, মরিচ বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, লবণ ও তেল পরিমাণমতো।
প্রণালি: রুই মাছ সব মসলা ও লবণ দিয়ে মাখিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর তা ডুবো তেলে মচমচে করে ভেজে নামিয়ে ফেলুন।

শিউলি পাতার বড়া
শিউলি পাতার বড়া

শিউলি পাতার বড়া
উপকরণ: শিউলি পাতা পরিমাণমতো, বেসন আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, আদা বাটা আধা চা-চামচ, পানি পরিমাণমতো, জিরা বাটা আধা চা-চামচ, হলুদ সামান্য পরিমাণ, কালিজিরা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি: বেসন এবং চালের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে তার সঙ্গে অন্য সব উপকরণ মিশিয়ে নিন। শিউলি পাতার ওপর খসখসে আবরণ তুলে ফেলে তা ধুয়ে বেসনের মিশ্রণে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এরপর ডুবো তেলে পাতাগুলো ভেজে নিন।

পাচন
পাচন

পাচন
উপকরণ: পটল, আলু, মিষ্টি কুমড়া, শসা, কাঁচা কাঁঠাল, করলা, বটের ফল, কাঁকরোল, ধুন্দুল, ফুলকপি, বাঁধাকপি, ঢেঁকিশাক, তারা ডাঁটা, আদা গুনগুনি শাক, লাউ, বেগুন, চাল কুমড়া ও পেঁপে পরিমাণমতো। পাঁচফোড়ন ১ চা-চামচ, শুকনা মরিচ ৩টি, কাঁচা মরিচ ৩টি, আদা বাটা ১ চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ ও সরষে বাটা ১ চা-চামচ।
প্রণালি: পরিমাণমতো লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সবজি ভাপে বসাতে হবে। এরপর অন্য একটি পাত্রে তেল, পাঁচফোড়ন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আদা বাটা, জিরা বাটা ও সরষে বাটা দিয়ে সবজিগুলো কষিয়ে নিন। বেশিক্ষণ রাখার দরকার নেই। তরকারি নামানোর আগে অল্প চিনি দিয়ে নিতে পারেন।

অভিনেত্রী অপর্ণা ঘোষ উৎসব পার্বণে রান্না করতে পছন্দ করেন। ছবি: খালেদ সরকার
অভিনেত্রী অপর্ণা ঘোষ উৎসব পার্বণে রান্না করতে পছন্দ করেন। ছবি: খালেদ সরকার